লক্ষ্য মেডিকেল কলেজ
১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ২০১৩ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম আনিকা তাহসিন

১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা। তারিখ প্রতিদিনই এক দিন করে এগিয়ে আসছে। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বলব, সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলো। আত্মবিশ্বাস নিয়ে তৈরি হয়ে যাও ভর্তি পরীক্ষার জন্য।
মেডিকেল কলেজে সুযোগ পেতে কত নম্বর প্রয়োজন? এই প্রশ্নটা আমাকে বারবার শুনতে হয়। আসলে কি, সুযোগ পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো নম্বর নেই। একেকবার একেক রকম হয়ে থাকে। এটা অনেকটা প্রশ্নপত্রের ওপর নির্ভরশীল। প্রশ্ন কিছুটা সহজ হলে হয়তো ৮০টা প্রশ্ন দাগিয়ে এলেও চান্স পাওয়া যাবে কি না নিশ্চয়তা থাকবে না। অন্যদিকে কিছুটা কঠিন প্রশ্ন হলে হয়তো-বা ৬০টা দাগিয়ে এলেও সুযোগ মিলে যেতে পারে।
তোমরা জানো, তবুও আবার মনে করিয়ে দিচ্ছি, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের জন্য ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকে। এর মধ্যে জীববিজ্ঞান (উদ্ভিদ + প্রাণী) = ৩০, রসায়ন (১ম + ২য়) = ২৫, পদার্থবিজ্ঞান (১ম + ২য়) = ২০, ইংরেজি = ১৫, সাধারণ জ্ঞান = ১০।
আমি বলব, এখন বেশি করে মনোযোগ দাও জীববিজ্ঞানে। সাধারণত প্রাণিবিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে, তাই প্রাণিবিজ্ঞানের মূল বইয়ের সংজ্ঞা, বইয়ের সব ছক, বৈশিষ্ট্য, পার্থক্য খুবই ভালো করে আয়ত্ত করতে হবে। এই কদিনে মানবদেহ-সম্পর্কিত খুঁটিনাটি সব তথ্য ঝালিয়ে নাও কয়েকবার। প্রতিটি তন্ত্র ও প্রক্রিয়ার ওপর স্বচ্ছ ধারণা রাখতে হবে। সেই সঙ্গে বইয়ে যে ক্লিনিক্যাল বিষয়গুলো রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসার বেশ সম্ভাবনা রয়েছে। উদ্ভিদবিজ্ঞানও অনেক গুরুত্বপূর্ণ। উদ্ভিদবিজ্ঞান থেকে প্রধানত উদ্ভিদের বিভিন্নতা, অণুজীব, জৈবনিক প্রক্রিয়া—এসব বিষয়ের ওপর বিগত সময়ে বেশি মাত্রায় প্রশ্ন এসেছিল। বিজ্ঞানীদের ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে ভালোভাবে। কোন বিজ্ঞানী কোন মতবাদের জন্য বিখ্যাত, কোন সূত্রটি কত সালে আবিষ্কৃত হয়েছে—এসব তথ্য আরেকবার করে দেখে নাও।

রসায়নের ক্ষেত্রে দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন সাধারণত বেশি হয়ে থাকে। কোন বিক্রিয়ার সঙ্গে কোন বিজ্ঞানীর নাম জড়িত, কোনটি উপকারী, আবিষ্কারের সাল সেসব বিষয় খেয়াল রেখো। জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ডি ব্লক মৌল, রাসায়নিক বন্ধন ও অর্থনৈতিক রসায়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে।
পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বলব, পরিচিত সূত্র এবং যেসব সূত্র ব্যবহার করে সহজে ছোট অঙ্ক কষা যায়, সেসব প্রশ্নই দেওয়া হয়। মনে রেখো, পরীক্ষার হলে কিন্তু ক্যালকুলেটর নিয়ে যাওয়ার সুযোগ নেই।
ইংরেজি আর সাধারণ জ্ঞান নিয়ে এখন আর নতুন করে চিন্তা না করাই ভালো। যেগুলো তোমার দখলে আছে, তা-ই কাজে লাগাও।
জরুরি কিছু কথা
চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যায়। তাই একটু কৌশলী হতে হবে সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়ার জন্য। প্রথমে নিশ্চিতভাবে জানা উত্তরগুলো দাগাবে। একেবারেই ধারণা নেই এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নম্বর হারানোর কোনো মানে নেই।
সুতরাং শিক্ষার্থীরা, এই কটা দিন নিজেদের সর্বোচ্চ পরিশ্রমটুকু করবে এই আশা রাখি। এই সময়ে ঘড়ি ধরে কিছু মডেল টেস্ট ঘরে বসে চর্চা করতে পারো। এটা বেশ কাজে দেয়। জানা জিনিসগুলো বারবার অনুশীলন করো আর অস্পষ্ট থেকে যাওয়া বিষয়গুলোর প্রতি আরও যত্নবান হও। তোমাদের মেধাবী মুখগুলো দেশের সব মেডিকেল ক্যাম্পাসে মুখরিত হবে, সেই প্রত্যাশা রইল। শুভকামনা তোমাদের জন্য।