লক্ষ্য যখন ইরান
১৯৬০ সালের সেপ্টেম্বর। ভেনেজুয়েলা ও উপসাগরীয় অঞ্চলের তিনটি দেশের কর্মকর্তাদের পাঁচ দিনের এক সম্মেলনে মিলিত হন ইরাকি কর্মকর্তারা। ওই সম্মেলনে জন্ম নেয় প্রভাবশালী সংস্থা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। প্রতিষ্ঠার পরে তিন দশক ধরে সংস্থাটিতে ইরাকের দারুণ প্রভাব ছিল। কিন্তু ১৯৯০ সালে কুয়েত আগ্রাসনের পর ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা ওই সদস্য দেশটির প্রভাবে ভাটা পড়ে। কুয়েত আগ্রাসনের পর ইরাকের ওপর অবরোধ আরোপ করে জাতিসংঘ। অবরোধের কারণে দারুণ সংকটে পড়ে ইরাক। ইরাকে তেলের মজুদ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ হলেও উত্পাদনের দিক থেকে ১৩তম স্থানে নেমে যায়। জং ধরে তেলের পাইপলাইনে। অনাবিষ্কৃত থেকে যায় অনেক তেল কূপ। দেশ ছেড়ে যান অনেক প্রকৌশলী। নিদারুণ সংকটে পড়ে দেশটির তেলশিল্প।এখন হারিয়ে যাওয়া সেই গৌরব ফিরিয়ে আনার মিশনে নেমেছে ইরাক। তেল উত্পাদন বর্তমানের চেয়ে চার গুণ বা তারচেয়েও বেশি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটি। ইরাকের ওই পরিকল্পনা বদলে দিতে পারে বৈশ্বিক তেলশিল্পের চালচিত্র। ইরাকের ওই উচ্চাভিলাষী পরিকল্পনা ওপেকের কয়েকটি প্রতিষ্ঠাতা সদস্য দেশকেও ঠেলে দিতে পারে হুমকির মুখে। হুমকির মুখে পড়তে পারে তেল রপ্তানিতে সৌদি আরবের নেতৃত্ব। বড় ধরনের ধাক্কা খেতে পারে ইরানও। বেইজিংয়ের তেল চাহিদার কারণে ইরানের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্বের রোষানলে রয়েছে তেহরান। রয়েছে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকির মুখে। কিন্তু ইরাকের তেল উত্পাদন বৃদ্ধির পরিকল্পনার কারণে সংকটে পড়তে পারে তেহরান। কারণ, যুক্তরাষ্ট্রের সমর্থনে চীনা তেল কোম্পানিগুলো এখন ইরাকের দিকে ঝুঁকছে।উচ্চাভিলাষী ওই পরিকল্পনা বাস্তবায়নে বাগদাদকে নজিরবিহীন কৃতিত্ব দেখাতে হবে। ইরাক যে পরিকল্পনা নিয়েছে, আধুনিক তেল শিল্পের ইতিহাসে কোনো দেশ ওই হারে তেল উত্পাদন বাড়াতে পারেনি। আগামী সাত বছরে তেল উত্পাদন দৈনিক ২৫ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে এক কোটি ২০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা করছে বাগদাদ। ইরাকের ওই লক্ষ্যমাত্রা সৌদি আরবের বর্তমান উত্পাদনের চেয়ে ৩০ শতাংশ বেশি।তেলের উত্পাদন বৃদ্ধির ওই পরিকল্পনা নিয়েছেন তেলমন্ত্রী হুসেইন আল-শাহরিস্তানি। এ জন্য বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী রোববারের নির্বাচনী লড়াইয়ে শাহরিস্তানি খুব সহজেই উতরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাঁর তেল পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কাঙ্ক্ষিত মাত্রায় তেল উত্পাদনে অনেক ধীরগতি দেখা যাচ্ছে। সৌদি আরবের সমান তেল উত্পাদনের জন্য কূপ খনন ও পাইপলাইন নির্মাণ করতে হিমশিম খাবে যেকোনো উন্নত দেশও। সেখানে যুদ্ধবিধ্বস্ত ইরাকে শাহরিস্তানির ওই লক্ষ্যমাত্রা অনেক উচ্চাভিলাষী। তেল কোম্পানিগুলোকে কাজ শুরু করতে হবে একেবারে গোড়া থেকে।কারিগরি সংকটের সঙ্গে আরও আছে জনবল সংকট। ইরাকি তেলশিল্পে যথেষ্ট দক্ষ বিশেষজ্ঞ নেই। তেল রপ্তানি টার্মিনালের সঙ্গে তেলক্ষেত্রের সংযোগ স্থাপন করতে হবে। এ জন্য সরকারকে নির্মাণ করতে হবে শত শত মাইল পাইপলাইন। ইরাকের অধিকাংশ তেল রপ্তানি করা হয় উম কসরের নিকটবর্তী একটি টার্মিনাল দিয়ে। সেটি অনেক পুরোনো। মার্কিন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, টার্মিনালটি সমস্যার কবলে পড়তে পারে। তুরস্কের সঙ্গে বর্তমানে যে পাইপলাইন রয়েছে, সেটি আধুনিকায়ন করার কথা চলছে। কিন্তু এটা নিয়ে এখনো আলোচনাই শুরু হয়নি। সিরিয়া ও ইরাকের মধ্যকার পাইপলাইন বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে। জীর্ণ ওই পাইপলাইন নবায়নের কাজ বন্ধ রয়েছে রাজনৈতিক বিবাদের কারণে।শুধু তাই নয়, সংকট রয়েছে আরও বিভিন্ন ক্ষেত্রে। ইরাকে এখনো সহিংসতা চলছে। দেশটিতে নেই কোনো তেল আইন। কুর্দি অঞ্চলের তেলের মালিকানা নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে। তেলশিল্পের তেজিভাবের কারণে তেলে নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইরাকের তেল উত্পাদন বাড়ানোর পরিকল্পনার প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে ক্রমবর্ধমানভাবে বাধা আসছে। বাগদাদ পরিকল্পনামাফিক তেল উত্পাদন করলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমে যেতে পারে। তেল উত্পাদন কমিয়ে দিতে বাধ্য হতে পারে তেল উত্পাদনকারী ওই প্রতিবেশী দেশগুলো।