লক্ষ্য যখন এমআইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআইটি যাদের স্বপ্নের স্কুল, তাদের বলি, এমআইটিসহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি অনেকটা দীর্ঘ। কারণ, পড়ালেখায় কে কতটা ভালো, তার পাশাপাশি ওরা দেখতে চায়, একজন আবেদনকারী মানুষ হিসেবে কেমন, তার কোনো বিষয়ে ‘প্যাশন’ আছে কি না, সেই প্যাশন থেকে সে কী কী করেছে, সে কী করে ব্যর্থতা সামলেছে ইত্যাদি। এই প্যাশন হতে পারে গণিতে, হতে পারে খেলাধুলায়, হতে পারে সংগীতে, হতে পারে জনসেবায়, হতে পারে থিয়েটারে—যেকোনো কিছুতেই। আর এই প্যাশন থাকার ব্যাপারটি শুধু বললেই হবে না, দেখাতে হবে নিজের আবেদনপত্রের বিভিন্ন রচনা, শিক্ষকদের সুপারিশপত্র এবং সাক্ষাৎকারে জীবনের ছোট ছোট গল্পের মধ্য দিয়ে। এমআইটির আবেদনপত্র অনলাইনে ছাড়ে আগস্ট-সেপ্টেম্বর মাসেই; জমা দিতে হয় যে বছর এমআইটিতে ক্লাস শুরু করতে চাও, সেই বছর পয়লা জানুয়ারি। কাজেই তুমি যদি আসছে ২০১৩-এর সেপ্টেম্বর মাসে এমআইটিতে ক্লাস শুরু করতে চাও, তোমাকে আবেদন করতে হবে ২০১২ সালেই। ২০১২-এর ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে ফেলতে হবে স্যাট-১ ও ২। টোয়েফল বা আইইএলটিএস দেওয়াটা এমআইটির ক্ষেত্রে চাওয়া হয় না। তবে দিয়ে ফেললে ক্ষতি নেই, অনেক সময় ভিসার আবেদন করলে এম্বেসি টোয়েফলের স্কোর দেখতে চায়। অনেকেরই জিজ্ঞাসা, এই ধরনের পরীক্ষাগুলোয় ন্যূনতম কত পেতে হবে। আসলে এমআইটির কোনো ন্যূনতম চাওয়া নেই। তবে তুমি যেহেতু বাংলাদেশের এত ভালো ভালো আবেদনকারীর মধ্যে একটা জায়গা করে নিতে চাইছ, এ ক্ষেত্রে স্কোর ভালো হলেই ভালো, তাই না? এমআইটিতে যারা ভর্তি হয়, তাদের স্কোর কেমন, এর একটা হিসাব পাওয়া যাবে এমআইটির অ্যাডমিশন ওয়েবসাইট ‘Standardized Testing’-এ।এমআইটির ওয়েবসাইটে গিয়ে একটি ‘মাই এমআইটি’ অ্যাকাউন্ট খুললেই পাওয়া যাবে আবেদনপত্র। এর আবেদনপত্রে বড় কোনো রচনা থাকে না ঠিকই, তবে থাকে ছোট ছোট কিছু প্রশ্ন। নির্মল আনন্দের জন্য তুমি কী করো? জীবনে ব্যর্থতার সময় তুমি কীভাবে কাটিয়ে উঠেছ—এই ধরনের। আর সুপারিশপত্র নিতে হয় স্কুল-কলেজের তিনজন শিক্ষকের কাছ থেকে। যাঁরা তোমাকে ভালো করে চেনেন, তোমার জীবনের ছোটখাটো ঘটনাগুলো যাঁরা বলতে পারবেন, তাঁদেরই অনুরোধ করো, তোমার জন্য সুপারিশপত্র লিখতে। তাঁদের সঙ্গে বেশ কয়েকবার দেখা করে বলো, তোমার সম্পর্কে কী কী তাঁরা লিখতে পারেন। আর সবচেয়ে বড় হলো, যে বিষয়ে তোমার আগ্রহ আছে, সেই বিষয় নিয়ে চর্চা করো, ছাড়িয়ে যাও নিজেকে। মনে রাখবে, এমআইটি পুরো বিশ্ব থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী (যাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড নেই) ভর্তি করে বছরে ১০০ জনের মতো। কাজেই ভালো ফল অর্জন করে, পড়াশোনার গণ্ডির বাইরে ভালো কাজ করে, আবেদনপত্রের প্রশ্নগুলোর সুন্দর জবাব দিয়ে এবং শিক্ষকদের থেকে ভালো সুপারিশপত্র নিয়ে নিজের আবেদনপত্র সব দিক দিয়ে আকর্ষণীয় করে তোলার সর্বোচ্চ চেষ্টা তোমাকে করতে হবে। কাজটা কিন্তু কঠিন নয়! শুধু দরকার একটু পরিশ্রম আর ওই যে প্যাশন। ফেসবুকসহ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে এখন তোমাদের জন্য আছে অনেক সাহায্য পাওয়ার জায়গা। নিজে নিজে ওয়েবসাইট ঘেঁটে কোনো প্রশ্নের উত্তর না পেলে প্রশ্ন করতে পারো সেখানেও। এমআইটি কীযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। এখানকার প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিভাগগুলো সব সময়ই বিশ্বের বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়। গত কয়েক বছরে এগিয়ে আসা মানবিকের বিভিন্ন বিভাগও এখন শীর্ষস্থানীয়। এখানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব পণ্ডিত ও গবেষক।