
‘বিশ্ববাজারে পোশাক খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় এ খাতে নতুন নতুন কাজের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বিষয়ে পর্যাপ্ত দক্ষতা থাকলে ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের জন্য কিছু করার সুযোগ পাব। মূলত এ ধরনের চিন্তাভাবনা থেকেই আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি।’
পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পাপড়ি দে এ কথা বলেন। প্রথম সেমিস্টারের শিক্ষার্থী পাপড়ি দে জামাল খান কসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যলয় থেকে এসএসসি এবং কাপাসগোলা সিটি করপোরেশন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর এখানে ভর্তি হন। পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এ বছরের জুলাইয়ে অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বর মাসে শুরু হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কার্যক্রম। দুটি পালায় পাপড়ির মতো শতাধিক শিক্ষার্থী পড়ছেন এখন এই বিভাগে। ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় এ বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র পোর্ট সিটিতেই এ বছর থেকে বিষয়টি পড়ানো হচ্ছে।
নগরের খুলশী এলাকায় হলিক্রিসেন্ট হাসপাতালের পাশের রাস্তা ধরে কিছুদূর এগোলেই পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা তখন ল্যাবরেটরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সহযোগিতা করছেন বিভাগীয় প্রধান অধ্যাপক মফজাল আহমেদ। এর আগে ঢাকার টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। তিনি বললেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেক্সটাইল শিল্পে দক্ষ জনবল তৈরি করা। এখানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এবং কাজ শেখার মতো সব ব্যবস্থাই আমরা রেখেছি।’
কাফকো স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন নুর মোহাম্মদ মৃধা। ছোটবেলায় নরসিংদীতে তাঁদের পারিবারিক ডায়িং অ্যান্ড প্রিন্টিং কারখানার কাজ দেখতে দেখতেই তাঁর এ বিষয়ে পড়ার আগ্রহ জাগে। তখন থেকেই ভাবতেন, এ বিষয়ে উচ্চতর পড়াশোনা করে নিজেকে আরও সমৃদ্ধ করবেন। সেই সুযোগটাই কাজে লাগালেন। ভবিষ্যতে নিজেই একটি বায়িং হাউস গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আনোয়ার বলেন, ‘সারা বিশ্বে যে প্রতিযোগিতা চলছে, তার সঙ্গে পাল্লা দিতে হলে দক্ষ জনবল গড়ে তোলা ছাড়া উপায় নেই। এ বোধ থেকেই আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শাখা খুলেছি, যাতে আমরা একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারি। প্রাথমিকভাবে আমরা ভালো সাড়া পেয়েছি।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, চার বছর মেয়াদের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুমোদন পায় এ বছরের ৩০ জুলাই। প্রথম সেমিস্টারের শ্রেণী কার্যক্রম শুরু হয় গত ১৩ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান বলেন, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে অন্যান্য বিভাগের সঙ্গে সাংবাদিকতা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি কোর্স চালুর পরিকল্পনাও আছে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ২ দশমিক ৫ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পেয়েছেন। বর্তমানে দিবা ও নৈশ শাখায় ১০৪ জন শিক্ষার্থী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়ছেন।