লক্ষ্যের পথে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে কৌতূহলের শেষ ছিল না জয়ের। সামান্য ক্লিকে এত কাজ হয়, এই যন্ত্রে এত তথ্য! এ বিষয়গুলো ভাবিয়ে তুলত শিশু জয়কে। ধীরে ধীরে যন্ত্রটির প্রতি আগ্রহ বাড়ে। বড় হয়ে কম্পিউটারের খুঁটিনাটিতেই মজে গেছেন। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়েই এগোচ্ছেন তিনি।
পড়ছেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষে। বর্তমান তাঁর সিজিপিএ চারের মধ্যে ৩ দশমিক ১০। শুধু যে কাঠখোট্টা বিষয় নিয়ে নড়াচড়া তা কিন্তু নয়। গান ও আবৃত্তিতেও সমানতালে এগিয়ে চলেছেন।
জয়ের পুরো নাম জয় রাম সেনগুপ্ত। ব্যবসায়ী বাবা লায়ন শঙ্কর সেনগুপ্ত ও গৃহিণী মা রঞ্জনা সেন গুপ্তার বড় ছেলে জয়। নগরের টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘ও লেভেল’ এবং একই প্রতিষ্ঠান থেকে ‘এ লেভেল’ পাস করেন তিনি। কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের ওপর বিশেষ আগ্রহ থাকায় পড়ালেখার পাশাপাশি একটি সফটওয়্যার ফার্মে ওয়েব ডিজাইন ও মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের কাজ করছেন জয়। এই কাজের ফলাফল পাওয়া গেল ২০১৬ সালে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের একটি দল সারা দেশের বিভিন্ন দলকে হারিয়ে সেরা ছয়ের মধ্যে ছিল। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের এই দলের একজন প্রতিযোগী জয়। শুধু নিজেই এই বিষয় নিয়ে কাজ করে ক্ষান্ত হননি। নিয়েছেন নিজ উদ্যোগে বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর দায়িত্বও।
এসব কাজের পাশাপাশি সংস্কৃতি চর্চাও করছেন জয়। ২০০৯ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে গান ও আবৃত্তির জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন। বিদ্যালয় ও কলেজজীবনেও শাস্ত্রীয় সংগীতে পুরস্কার জিতেছেন। আট বছর বয়সে শিল্পী অসীম চৌধুরী ও সীমা দাশের কাছে উচ্চাঙ্গসংগীতের হাতেখড়ি তাঁর। সেই চর্চা ধরে রেখেছেন এখনো। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তবলা ও গিটার শেখা। এখনো প্রতিদিন সকালে রেওয়াজ করেন। বর্তমানে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ক্লাবের সদস্য জয়। এ ছাড়া যুক্ত আছেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাব এবং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় রোবটিকস ক্লাবের সঙ্গে। ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিজের প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা রয়েছে তাঁর।