লঘু অপরাধে তিনি কঠিন শাস্তি দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স. সমস্যা

আমি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করি। আমাদের অফিসের প্রধান চাকরি চলাকালে পড়াশোনা একদম পছন্দ করেন না। তাই আমি আমার পড়াশোনার ব্যাপারটা গোপন রাখতাম। তা ছাড়া তিনি অনেকটা নিষ্ঠুর প্রকৃতির। যেকোনো লঘু অপরাধে তিনি কঠিন শাস্তি দেন। তিনি আমার পড়াশোনার কথা জানতে পেরে আমাকে দিয়ে অনেক কঠিন এবং অনেক নীচু কাজ করাচ্ছেন। এখন কেন জানি বারবার মনে হচ্ছে কেউ আমাকে তার ইচ্ছামতো শাস্তি দিচ্ছে বিনা অপরাধে, কিন্তু আমি তার প্রতিবাদ করছি না। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চাকরিটা ছেড়ে দেওয়ার উপায় নেই। কিন্তু বারবার মনে হচ্ছে, আমি আমার মনের বিরুদ্ধে সবকিছু করছি। মাঝেমধ্যে মনের সঙ্গে যুদ্ধ করেও পেরে উঠছি না, যার প্রভাব আমার দৈনন্দিন কাজেও স্পষ্ট। ঠিকমতো কিছুই আর মুখস্থ করতে পারি না। সঠিকভাবে ঘুমও হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার প্রতি আমার অগাধ শ্রদ্ধা কাজ করছে। এতটা প্রতিকূল পরিবেশে থেকেও তুমি কিন্তু লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমার প্রতিষ্ঠানপ্রধান যে আচরণগুলো করছেন, তা অন্যায়। তুমি যে জীবনসংগ্রামে এমনভাবে নিজেকে টিকিয়ে রেখে সামনের দিকে যাচ্ছ, সেটিকে কিন্তু তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করতে পারতেন। উনি নিষ্ঠুর প্রকৃতির, তার কারণ হয়তোবা শৈশবে তিনিও পরিবারে অন্যের নিষ্ঠুরতার শিকার হয়েছেন। গবেষণায় দেখা যায়, ব্যক্তিত্ব গঠনের সময়, অর্থাৎ প্রাক-শৈশবে যারা নির্যাতনের শিকার হয় বা কাছের কাউকে নির্যাতিত হতে দেখে, পরবর্তী সময়ে তারাও নিষ্ঠুর আচরণ করতে পারে। এটিকে তুমি নিজের সমস্যা হিসেবে না দেখে তার সমস্যা হিসেবে দেখলে ভালো হয়। তোমাকে দিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে, তাতে তোমার মনের ওপরে অনেক চাপ পড়ছে। এভাবে দিনের পর দিন চাপ নিতে থাকলে তোমার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
চাকরিটা ছেড়ে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় এবং তুমি বেশি প্রতিবাদীও হতে পারছ না। নিজেকে এই বলে বোঝাতে পারো যে এই ভদ্রলোক তাঁর স্বভাব অনুযায়ী আচরণ করতেই থাকবেন, কিন্তু তুমি তারপরও নিজেকে ছোট ভাববে না। তুমি তোমার অধ্যবসায়, সততা ও সহিষ্ণুতা দিয়ে এই দুঃসময়গুলো পার করার জন্য নিজেকেই সব সময় সাহস দেবে প্রতিদিন। এ ছাড়া যোগব্যায়াম করার চেষ্টা করতে পারলে খুব ভালো হয়। নিজের ভেতরের সত্তাটিকে নিজেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো যে ‘তুমি পারবে’। তাহলে হয়তো তোমার মস্তিষ্ক সেই বার্তাটি গ্রহণ করে তোমাকে মনের শক্তি অর্জনে সহায়তা করবে।