চক্রবর্তী রাজার একমাত্র ছেলে লঙনেংদা ও বারানসীর রাজকন্যা মেচাইন্দার প্রণয় নিয়ে রচিত পাঙখুং লঙনেংদা গীতিনৃত্যনাট্য মারমা সমাজের জনপ্রিয় একটি পালাগীতি। খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে ১৭ মার্চ এই গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ করে স্থানীয় শিল্পীদের নিয়ে গঠিত একটি দল। তিন ঘণ্টার এই আসরের পৃষ্ঠপোষক ছিল খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। নাটকের নির্দেশনায় ছিলেন চিংলা মং চৌধুরী। মঞ্চসজ্জায় ছিলেন কৌশল চাকমা, পোশাক পরিকল্পনায় মংশিনু মগ। লোকনাট্যের আসরটির উদ্বোধন করেন খৈকনেশ্বর ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী।
পাঙখুং হলো মারমা নৃত্যগীতি পরিবেশনের একটি রীতি। মারমা ভাষায় এর শব্দগত অর্থ মাকড়সা। মাকড়সার বৃত্তাকার ছন্দে জাল বুননের মতোই পাঙখুং নাচ নাচতে হয় গোল হয়ে। বৌদ্ধ জাতক, মারমা সমাজের সুখ-দুঃখের কাহিনি ও রামায়ণ-মহাভারতের কাহিনি নিয়ে পাঙখুংয়ের নানা পালা রচিত হয়। তেমনই একটি কাহিনি পাংখুং লঙনেংদা। এই গীতিনাট্যের সংলাপ মারমা আঞ্চলিক ভাষায় রচিত।
পাঙখুং লঙনেংদা পালায় দেখা যায়, ৩০ রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী বীর রাজপুত্র লঙনেংদার সঙ্গে বিয়ে হয় রাজকন্যা মেচাইন্দার। ভালোবেসে একে অপরকে বিয়ে করলেও এই দম্পতির মিলন সহজ ছিল না। হিমালয়ে শিকারে গেলে শিকারি মছুর তিরে নিহত হন লঙনেংদা। কিন্তু মেচাইন্দা প্রতিজ্ঞা করে, লঙনেংদাকে জীবিত না নিয়ে রাজ্যে ফিরবে না। এদিকে দেবতারা এসে মেচাইন্দাকে বিয়ে করার নানা প্রলোভন দেখাতে থাকে। মেচাইন্দা অনড় থাকে তার সিদ্ধান্তে। শেষে ব্রহ্মা এসে লঙনেংদার প্রাণ ফিরিয়ে দেন। জয় হয় মেচাইন্দার প্রেমের।