
আপনার এই খবর পড়ে কান ঝাঁ ঝাঁ করতেই পারে! কেন? কারণ খবরটি যে মরিচ মিশ্রিত! রসিকতা করছি না, আস্ত কাঁচা মরিচ পেটে পোরার প্রতিযোগিতা নিয়ে পড়তে একটু নড়েচড়ে বসা উচিত। চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝো শহরে ২০ জুলাই অনুষ্ঠিত হয়েছে মরিচ বা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতার পোশাকি নাম ছিল ‘ফিস্ট অব ফায়ার অ্যান্ড আইস’।
শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছিল। যেন আগুন ঝরছিল শহরে। তবুও হাংঝোর বাসিন্দাদের আগ্রহের কমতি ছিল না আয়োজন নিয়ে। প্রতিযোগিতা মঞ্চও সাজানো হয়েছিল অভিনব কায়দায়। পুরো মঞ্চজুড়ে ছিল ঠান্ডা পানির ফোয়ারা। তার মধ্যে নির্দিষ্ট দূরত্ব রেখে বসানো হয়েছিল বরফ পানিভর্তি কাঠের ব্যারেল বা পিপা। এই পিপার ভেতরেই জায়গা হয়েছিল প্রতিযোগীদের। তাঁদের অনেকে গলা পর্যন্ত সেই বরফশীতল পানিতে ডুবিয়ে রেখে, আবার কেউ বা দাঁড়িয়েই পেটে চালান করতে থাকেন ভয়ংকর ঝালমরিচ! বরফশীতল পানিতে ডুবে ঝালমরিচের স্বাদ নেওয়ার মতো ‘বোকা’ নন এমন অনেক প্রতিযোগী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন শুরুতেই।
প্রতিযোগিতায় মরিচ ও বরফ সরবরাহে সহায়তা করেছেন তরুণীরা। শেষ পর্যন্ত কে বিজয়ী সেটা নয়, ঝাল খেয়ে বরফ মেখে কার কী অনুভূতি হলো, সেটাই ছিল আসলে দেখার।
ডেইলি মেইল অবলম্বনে