মা এবার দুটো কাজ নিয়ে শহরে এসেছেন। তাঁর ছেলে বলেছেন, মাস্টার্স পরীক্ষার আগে যেভাবেই হোক তার কম্পিউটার লাগবেই। মা তাই এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে কম্পিউটার কেনার টাকা জোগাড় করেছেন। আর দ্বিতীয় কাজটি হলো ছেলেটির বাবাকে চিকিৎককে দেখাতে হবে। বাবা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মাস তিনেক পরপরই চিকিৎসককে দেখিয়ে যেতে হয়।ছেলেটি কম্পিউটার পেয়ে খুব খুশি। মা ও ছেলের খুশিতে মাথার ওপর বয়ে বেড়ানো ঋণের বোঝার কথা ভুলে যান সহজেই। এবার পরের কাজটি বাকি।চিকিৎসকের কাছে মা ভীষণ লজ্জিত হয়ে বলেন, ‘স্যার, গতবার যে টেস্টটা করাতে দিয়েছিলেন, ওটা করাতে পারিনি।’ চিকিৎসক খেপে গিয়ে মাকে ধমকাতে লাগলেন। ছেলেটি বুঝতে পারে, টাকায় কুলাবে না দেখে মা গতবারের টেস্টটা করাননি।মা আরও বেশি লজ্জিত হয়ে চিকিৎসককে বললেন, ‘স্যার, এবার অবশ্যই করাব। স্যার কিছু মনে করবেন না, টেস্টটা করাতে কত টাকা লাগবে?’চিকিৎসকের মেজাজ খারাপ, ‘আপনি এত টাকা টাকা করছেন কেন? টাকা নিয়ে কী কবরে যাবেন!’ছেলেটির বাবা এবার কথা বললেন, ‘স্যার, ১১ হাজার ৫২ টাকা বেতনে দুটি ছেলেকে পড়ার খরচ দিয়ে আবার সংসার চালাতে হয়। ওর কি মাথা ঠিক আছে!’ছেলেটি ভীষণ অবাক হয়। সে জানে তার বাবা সিজোফ্রেনিয়ার রোগী। অনেক দিন পরপর বাবার সঙ্গে দেখা হয় বলে সে তার বাবার উন্নতিটা বুঝতে পারে না।চিকিৎসক এবার খানিকটা নরম স্বরে বাবাকে বলেন, ‘আপনি তো ভালো হয়ে গেছেন।’এত বড় খুশির কথাটা শুনেও কারও মনে আনন্দ জাগে না। ছেলেটি আর তার মা লজ্জায় কুঁকড়ে থাকে। দরিদ্র মানুষের কোনো আত্মসম্মানবোধ থাকে না। দারিদ্র্য মানুষকে শুধু লজ্জিত হতেই শেখায়।জুয়েল দেবআইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।