স্কুল থেকে বাসায় ফেরার পথে রোজ আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়তাম। মা বিরক্ত হতেন, অন্তত তার কুঁচকানো কপাল দেখে আমি তাই আন্দাজ করতাম। কিন্তু আমি আমার মতোই, প্রতিদিন অপেক্ষা করতাম কখন ছুটির ঘণ্টা বাজবে আর আমি এক দৌড়ে মায়ের কাছে গিয়ে তাঁর বুড়ো আঙুলটা ধরে বাসার দিকে পা বাড়াব। বাসায় ফেরার পথে এক জায়গায় বেশ ঘন ঝোপমতো ছিল, যেখানে অনেক নাম না-জানা ফুল ফুটে থাকত। লাল-নীল-হলুদ ফুলগুলোর দিকে তাকালেই ভেতরটা কেমন যেন চনমনিয়ে উঠত। এত ভালো লাগত ফুলগুলোর পাপড়ি ধরতে! মনে হতো যেন পাপড়িগুলোর সঙ্গে সঙ্গে আমিও রঙিন হয়ে উঠছি। এ-ও মনে হতো যেন আকাশের রংধনুটা মর্ত্যলোকে নেমে এসে সাজিয়ে দিয়েছে এই ঝোপের ফুলগুলো। কত রং আর কত যে বাহার সেসব ফুলের!কিন্তু এসব অজানা ফুলের চেয়ে আমাকে বেশি আকৃষ্ট করত লজ্জাবতীর গাছটা। সন্তর্পণে এগিয়ে যেতাম গাছটার দিকে, যেন ওটার সঙ্গে আমি লুকোচুরি খেলছি! আমার আগমন টের পেলেই দৌড়ে পালাবে, নয়তো আমাকে জাপটে ধরবে, সে কী করে হয়? আমি তো তাহলে হেরে যাব। নাহ্ কিছুতেই লজ্জাবতীর কাছে হারা চলবে না। তাই আরও বেশি সতর্কতা অবলম্বন করি। তারপর পা টিপে টিপে চলে আসি লজ্জাবতীর এত্তো কাছে। এখন চাইলেই আমি হাত বাড়িয়ে ছুঁতে পারি আমার ওই বোবা বন্ধুটিকে, নিঃশ্বাসও আটকে রাখি, নয়তো নিঃশ্বাসের শব্দে ঘাড় ঘুরিয়ে দেখে ফেললে? আমার এত সাবধানতা সব আক্ষরিক অর্থেই মাঠে মারা যাবে। এরপর ধীরে ধীরে তর্জনী বাড়িয়ে দিই লজ্জাবতীটার দিকে। কী অদ্ভুত! একটু ছোঁয়া পেয়েই কেমন লজ্জায় চুপসে যাচ্ছে আমার খেলার সাথি। মনে হয় আমার সঙ্গে খেলায় হেরে গিয়ে মুখ লুকাচ্ছে। আমিও ছাড়ার পাত্র নই, একে একে সব পাতাকে ছুঁয়ে দিই আর সবাই নিজ নিজ মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। আমি হাততালি দিয়ে উঠি, ওদিকে মা তাড়া দেন। জলদি এসো মামণি, বাড়ি যেতে হবে না?সেদিনকার মতো বিদায় জানাই আমার চলার পথের সবুজ বন্ধুটিকে। মনে মনে হাসি। প্রতিদিনই তুমি হেরে যাও, বোকা কোথাকার! সেই সবুজ বন্ধু, সেই নাম না-জানা স্নিগ্ধ ফুলগুলোতে কাঁচা হাতের নরম পরশ, সেই ছুটির ঘণ্টার ঢং ঢং আওয়াজ কোথায় যে হারিয়ে এসেছি, কোথায় গেলে যে আবারও সেসব মুহূর্ত পলকেই মূর্ত হয়ে উঠবে, কে জানে!এখনো চলতি পথে কোথাও ঝোপ দেখলে থমকে দাঁড়াই, হয়তো বা ওই ঝোপের মাঝেই আমার হারিয়ে যাওয়া বন্ধুটি লুকিয়ে আছে আর ব্যঙ্গ করে আমাকে বলছে, কই? খোঁজো আমাকে? আগে তো শুধুই হারিয়ে দিতে আমায়, আজ পারছ না কেন?নাদিরা মুসতারী[email protected]