
রাঙামাটি-বাঘাইছড়ি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে আছে তিন মাস ধরে। রাঙামাটি থেকে ছেড়ে আসা লঞ্চ এখন আসতে পারছে লংগদু পর্যন্ত। এরপর ছোট নৌকায় করে বাঘাইছড়ি পৌঁছাতে হচ্ছে। ফলে যাত্রীরা পোহাচ্ছেন চরম ভোগান্তি।
নৌযান মালিকেরা জানান, বাঘাইছড়ি ঢোকার একমাত্র মাধ্যম কাচালং নদ। এটি কাপ্তাই লেকের সঙ্গে সংযুক্ত। লেকের পানি কমলে নদীতেও প্রবাহ কম থাকে। ডুবোচরে আটকা পড়ে লঞ্চ। এবার একই সমস্যা হচ্ছে। গত জানুয়ারি মাস থেকে কাপ্তাই লেকের পানি কমতে শুরু করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পানি কমা অব্যাহত থাকায় এখন লংগদু সদর থেকে ১০ কিলোমিটার দূরে লঞ্চ আটকে যাচ্ছে। তবে এখনো লংগদু থেকে রাঙামাটি পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত আছে। এর মধ্যে বৃষ্টি না হলে এই রুটেও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে। একটি লঞ্চে ২০০ থেকে ৩০০ যাত্রী পরিবহন করা হয়। আর ছোট নৌকায় ২০ থেকে ৩০ জনের বেশি পরিবহন করা যায় না। ফলে যাত্রীদের কষ্ট হচ্ছে বেশি।
শুধু রাঙামাটি-বাঘাইছড়ির সঙ্গে নৌচলাচল নয়, উপজেলার অভ্যন্তরীণ নৌযোগাযোগ–ব্যবস্থাও ভেঙে পড়েছে। এতে শিজক, কাচালং ও গঙ্গারাম নদের তীরের বাসিন্দারা যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাচালং নদের তলদেশ ভরাট ও কাপ্তাই লেকের পানিপ্রবাহ কমে যাওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাঙামাটি-বাঘাইছড়ির নৌপথে বড় নৌযান অলস পড়ে আছে। বেকার সময় পার করছেন শ্রমিকেরা।
সূত্র আরও জানায়, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেওয়া হলে প্রায় ৭০০ বর্গকিলোমিটার আয়তনের কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। এরপর চালু হয় রাঙামাটি জেলা সদরের সঙ্গে ছয় উপজেলার নৌপথ।
এদিকে নৌপথে যোগাযোগ–ব্যবস্থা ব্যাহত হওয়ায় বাঘাইছড়ির লংগদু ও বরকল উপজেলার উৎপাদিত পণ্য বাজারজাতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে আম, কাঁঠাল, আনারস, কলাসহ মৌসুমি ফল বাজারজাত করতে পারছেন না তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, কাচালং নদীর কাট্টলী মিনা বাজার এলাকায় ডুবোচরে বড় নৌযান আটকে যাচ্ছে। এ ছাড়া নদীর আমতলী ও মাহিল্ল্যা এলাকায় জেগে উঠেছে চর। সুবলং বাজার এলাকায় জেগে ওঠা চরে এখন হাট বসছে।
স্থানীয় লোকজন জানান, নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় লংগদু ও বাঘাইছড়িতে ফলদ বাগানের মধ্য দিয়ে মোটরসাইকেল চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। অনেকে লংগদু এসে মোটরসাইকেলে বাঘাইছড়ি ফিরছেন। আবার রাঙামাটি যেতে হলে একই পথ অনুসরণ করছেন।
বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী গ্রামের বিনয় কান্তি চাকমা ও খেদারমারা গ্রামের মো. মুজিবুর রহমান বলেন, প্রথমে মোটরসাইকেল, কিছু দূর হেঁটে পরে ছোট নৌকায় করে তারপর লঞ্চে উঠতে হয়। ছয় ঘণ্টার রাস্তা এখন নয় ঘণ্টায়ও পৌঁছা যাচ্ছে না। তা ছাড়া নৌযান চরে আটকা পড়লে তো ভোগান্তির শেষ নেই।
এম এস তানিয়া লঞ্চের চালক মো. আবদুল করিম বলেন, বাঘাইছড়ি-রাঙামাটির পাশাপাশি নানিয়ারচর, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলার সঙ্গেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু লংগদু উপজেলার কিছু অংশে লঞ্চ চলাচল করছে। দু-এক দিনের মধ্যে বৃষ্টি না হলে যেকোনো সময় তা–ও বন্ধ হয়ে যেতে পারে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, রাঙামাটি জেলার সঙ্গে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগােযাগের ব্যবস্থা নেই। একমাত্র নৌপথে যাতায়াত করতে হয়। সম্প্রতি খাগড়াছড়ি জেলা হয়ে সড়কপথে একটি বাস সার্ভিস দেওয়া হয়। কিন্তু বাসে সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে ভোগান্তি জেনেও যাত্রীদের নৌপথে যাতায়াত করতে হচ্ছে।