লটকনের লাভজনক চাষ
রসাল ও টক-মিষ্টি লটকন ফলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বনে প্রচুর লটকন ফলেছে এবার। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বাজারে প্রতিকেজি লটকন বিক্রি হচ্ছে ২৫ টাকা দামে। কৃষিবিদদের মতে, পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া লটকন চাষের উপযোগী। একটি লটকনগাছের ফল বিক্রি করেই বছরে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। সম্প্রতি উপজেলার জীবতলী, বাঘাইছড়ি, লাল্যাঘোনা, শিজক, সারোয়াতলী ও লাম্বাছড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায় ও প্রাকৃতিক বনে এবার লটকনের প্রচুর ফলন হয়েছে। প্রত্যেক লটকনগাছের গোড়া থেকে শীর্ষের ডাল-পালা পর্যন্ত ঢেকে গেছে গোলাকার, রসাল টক-মিষ্টি ফলে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, জুন মাসের শেষের দিকে লটকন পাকতে শুরু করে। জুলাই মাসে পুরোপুরি পেকে যায় এই ফল। কেবল ফলবাগান নয়, বাড়ির আঙিনায়ও লটকনের চারা রোপণ করা যায়। একটি মাঝারি গাছ থেকে প্রায় ১৫ থেকে ২০ মণ লটকন পাওয়া যায়। এলাকার ফল ব্যবসায়ীরা জানান, ঢাকা-চট্টগ্রামে লটকনের চাহিদা ক্রমশ বাড়ছে। বাঘাইছড়ি থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ মণ লটকন ঢাকায় ও ২০ থেকে ২৫ মণ চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বাজারে এই ফল প্রতিকেজি ২৫ টাকায় বিক্রি হলেও ঢাকা-চট্টগ্রামে কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া গ্রামের বাসিন্দা নীল রতন প্রথম আলোকে বলেন, প্রতিদিন শত শত লোক লটকন সংগ্রহ করার জন্য বনের দিকে ছুটছেন। লটকন বিক্রি করে প্রত্যেকের দৈনিক দেড় থেকে দুই হাজার টাকা আয় হচ্ছে। বাঘাইছড়ির উপসহকারী কৃষি কর্মকর্তা শাক্য চাকমা প্রথম আলোকে বলেন, ‘লটকন অপ্রচলিত ফল হলেও চাহিদা বেশি। চাষিরা এখনো বাণিজ্যিকভাবে বাগান করছেন না। তবে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের লটকন চাষে উদ্বুদ্ধ করছি।’