লটবন বিলে কানি বকের ঘরবসতি

দুই শ একরেরও বেশি আয়তনের লটবন বিলের চারপাশটা দিনের বেলায় পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে। বিলের পাড়ে সারি সারি আম, কাঁঠাল, সেগুনসহ নানা জাতের গাছ ও বাঁশঝাড়ের ডালে কানি বক, বুলবুলি, পানকৌড়িসহ আট থেকে দশ প্রজাতির পাখির বাসা। তবে কানি বকেরাই সংখ্যাগরিষ্ঠ। বিলটি যেন কানি বকের বসতবাড়ি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাঁচ কিলোমিটার দূরে উগলছড়ি গ্রামে এই বিলের অবস্থান। বিলের পাশে অবস্থিত উগলছড়ি বিলে প্রতিবছর শীতকালে নানা জাতের অতিথি পাখির মেলা বসে। তবে লটবন বিল যেন কানি বকের দখলেই চলে গেছে। গত ২৭ জুন ওই এলাকায় গিয়ে গাছে গাছে কানি বকের বাসা দেখা গেল। গাছের নিচ থেকেই চোখে পড়ছিল মা কানি বকের ডিমে তা দেওয়ার দৃশ্য। কয়েকটি বাসায় সদ্য ডিম ফুটে বেরোনো ছানাদেরও দেখা মিলল।
প্রকৃতিবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খানের কাছে ই-মেইলে ওই দিনের তোলা কানি বকের ছবি পাঠানো হয়। ছবি দেখে পাখিগুলো কানি বক বলে মুঠোফোনে নিশ্চিত করেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ছবিতে দৃশ্যমান পাখি ও ছানাগুলো কানি বকের। এই প্রজাতির বক বর্ষায় তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। ডিম পাড়ার ১৮ থেকে ২৪ দিনের মধ্যে বাচ্চা ফোটে। পূর্ণবয়স্ক পাখির ডানা সাদা, পিঠে ও গলায় খয়েরি বাদামি ছোপ আছে।
উগলছড়ি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, ২০০৮ সাল থেকে লটবন বিলে কানি বকেরা বাস করা শুরু করে। সেই সময় ১০ থেকে ১৫টি আমগাছে বাসা করেছিল পাখিগুলো। তিন বছর ধরে এই বিলে কানি বকের আগমন বেড়েছে। এখন দেড় শয়েরও বেশি গাছে বকেরা বাসা বেঁধেছে।
লটবন বিলের পাড়ে উগলছড়ি গ্রামের শেষ অংশে ছয়টি বাড়ি রয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে আমগাছ। এসব গাছের মগডালেও কানি বকেরা বাসা বেঁধেছে।
উগলছড়ি গ্রামের বাসিন্দা ওসমান গনি বলেন, ‘আমাদের গ্রামের কেউ পাখিদের বিরক্ত করে না। বাইরে থেকে শিকারি এলেও গ্রামবাসী তাদের তাড়িয়ে দেয়। এ কারণে এই গ্রামে কানি বকেরা নির্ভয়ে এসে বাসা বাঁধছে। শুধু কানি বক নয়, পানকৌড়ি, ভাতশালিক, বুলবুলিসহ ৮ থেকে ১০ প্রজাতির পাখি এখানে আস্তানা গেড়েছে।’
গ্রামের আরেক বাসিন্দা ওমর আলী বলেন, ‘আমাদের বাড়ির আঙিনায় আগে ভাতশালিক, বুলবুলি ও ঘুঘু বাসা বাঁধত। এখন কানি বক আর পানকৌড়ি বাসা বাঁধছে। তবে প্রতিবছর বাসা থেকে পড়ে অনেক পাখির ছানা মরে যায়। গ্রামের লোকজন বাসা থেকে পড়ে যাওয়া পাখির ছানাগুলো বাঁচানোর চেষ্টা করে।’
বাঘাইছড়ি পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল প্রথম আলোকে বলেন, ‘উগলছড়ি গ্রামের মানুষজনের পাখির প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। প্রতিবছর তাঁরা সবাই অনেক পাখির বাচ্চা বাঁচান। পাখি রক্ষায় আমরা সব সময় তাঁদের পাশে থাকব।’