লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের বিক্ষোভ, সড়ক অবরোধের মুখে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজে উন্মুক্ত লটারির মাধ্যমে নার্সারি শ্রেণীর ভর্তি সম্পন্ন হয়েছে। সারা দেশে প্রথমবারের মতো এ পদ্ধতিতে ভর্তিকার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের মধ্যে বাওয়া স্কুলে প্রথম এই লটারি অনুষ্ঠিত হয়। তবে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাওয়া স্কুলে প্রায় তিন হাজার ৯৮জন শিক্ষার্থী নার্সারি শ্রেণীতে (দিবা ও প্রাত বিভাগ) ভর্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। তার মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে এক হাজার ৮৫৯ জনকে লটারির জন্য মনোনীত করা হয়। গত শনিবার লটারি করতে গিয়ে বিপাকে পড়েন কর্তৃপক্ষ। অভিভাবকেরা উন্মুক্ত লটারি করার দাবিতে সড়কে অবরোধ করেন। তাই সাংবাদিক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লটারি করার কথা থাকলেও অভিভাবকদের দাবির মুখে শেষপর্যন্ত উন্মুক্তই করা হয়। যেখানে সব অভিভাবক উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘অভিভাবকদের দাবির মুখে আমরা তাঁদের নিয়েই লটারি করেছি। যাতে কারও মনে কোনো সন্দেহ না থাকে। আমাদের কোনো অস্বচ্ছতার জায়গা নেই। তাই সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।’অভিভাবক সেজে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ঝামেলাও করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন। তবে এ পদ্ধতিতে লটারি করার সময় অনেক অভিভাবক সব টোকেন লটারির বক্সে আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। তখন উপস্থিত জেলা ম্যাজিস্ট্রেট ও অধ্যক্ষ তাঁদের সেই নিশ্চয়তা দেন। লটারি পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়া নিয়ে অভিভাবকেরা দ্বিধান্বিত। এতে করে মেধার সঠিক যাচাই হয় না বলে অনেকে মন্তব্য করেন। তাঁরা বলেন, ‘ভর্তি পরীক্ষায় নানা অনিয়মের কারণেই সরকার এ পদ্ধতি বেছে নিয়েছে। কিন্তু এতে মেধা যাচাই হয় না।’তবে যাঁদের শিশু লটারিতে টিকে গেছে তাঁদের প্রতিক্রিয়াটা ছিল ভিন্ন।