লন্ডন বিশ্বসাহিত্য কেন্দ্রের কবিতাসন্ধ্যা ও কর্মশালা

অক্টোবরের প্রথম বৃহস্পতিবার ইংল্যান্ডের জাতীয় কবিতা দিবস। ব্রিটেনের নানা মঞ্চে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয় দেশটির কবিতা দিবস। মোদ্দাকথা এ দিনটি কবি ও কবিতার। আনাচকানাচ, ক্যাফে বারান্দায়, ঘরোয়া আড্ডায় জমে ওঠে কবিতা অনুরাগীদের কবিতাবিষয়ক আলাপচারিতা ও পাঠের আসর। প্রথম বৃহস্পতিবার ছিল ২ অক্টোবর।
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কবিরাও দিনটি পালন করেছেন। সেদিন লন্ডন বিশ্বসাহিত্য কেন্দ্র পাক্ষিক ব্রিকলেন কার্যালয়ে আয়োজন করে কবিতা সন্ধ্যা ও গীতিকবিতা লিখন কর্মশালা। অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষীর কবি, সাহিত্যিক ও লেখকদের উপস্থিতি আয়োজনে যুক্ত করে অনন্য মাত্রা। বাংলাদেশি কিন্তু ইংরেজি ভাষাতে কবিতা রচনা ও আবৃত্তি করে থাকেন, তাঁরাও জড়ো হয়েছিলেন এই কবিতাসন্ধ্যায়। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বিভিন্ন ভাষাভাষীর কবি ও লেখকদের কবিতা পাঠ ও আলোচনা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইরানি কবি ও লেখক আলী আবদুলরেজায়ী, বাংলাদেশি কবি শামীম আজাদ, ব্রিটিশ কবি অ্যানি ডগলাস ও ব্রিটিশ চলচ্চিত্রকার সিবাস্টিন লিস্টার। কবিরা স্বরচিত কবিতা আবৃত্তির পাশাপাশি আলোচনা করেন বিশ্ব কবিতার সাম্প্রতিক প্রেক্ষাপট এবং সমাজ ও সংস্কৃতিতে কবিতার প্রভাব নিয়ে।
ব্রিটিশ চলচ্চিত্রকার সিবাস্টিন লিস্টার আলোচনা করেন চলচ্চিত্রে কবিতার আদল নিয়ে। তাঁর নিজস্ব চলচ্চিত্র নির্মাণ থেকে উদাহরণ টেনে কবিতা আবৃত্তি করে শোনান।
ইরানি কবি আলী আবদুলরেজায়ী তাঁর কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, কবিতাই কেবল মানুষের অন্তর উচ্চারণের বহিঃপ্রকাশ। কবিতার শক্তি বিশ্বব্যাপী সমাজবদলের মূল হাতিয়ার। কবিতার আবেদন বৈশয়িক, স্থান কাল পাত্র ভেদে ভিন্নতা পায়।

ব্রিটিশ কবি অ্যানি ডগলাস তাঁর সাম্প্রতিক ভাবনা নিয়ে বলেন, মানুষে মানুষে ভালোবাসাহীনতাই এই সময়ের সবচেয়ে বড় সংকট। কবিতাই মানুষ আর মানুষের জন্যই কবিতার সৃষ্টি কিংবা সার্থকতা।
কবি শামীম আজাদ তাঁর কবিতায় শূন্যতার বিষয় টেনে বাংলাদেশ নিয়ে তাঁর নিত্য আকুলতার কথা বলেন। তাঁর কবিতায় দেশের কাদামাটি জল আর ভিনদেশে যাপিত জীবনের শূন্যতা ঘুরেফিরে আসে। কবিতাময় সন্ধ্যাটিতে কবি তৌহিদ শাকিলের কবিতায় উঠে আসে সুন্দরবন বিনাশ, শায়লা সিমির কবিতায় সাম্প্রতিক গাজা প্রসঙ্গ, ফারাহ নাজের কবিতায় উঠে আসে মানবিকতা, লিপি হালদারের কবিতায় সময়ের সংলাপ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজনের দ্বিতীয় পর্বের বিষয় ছিল, কোন গুণে কাব্য গান হয়ে ওঠে। গীতিকার জাহাঙ্গীর রানার সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন নতুন প্রজন্মের শিল্পী ও গীতিকবিরা।
কবিতার সঙ্গে ছন্দের সম্পর্ক অদৃশ্য। কবিতার অমরত্ব লুকিয়ে থাকে শব্দ চয়ন ও ছন্দদোলায়। সুরের মূর্ছনায় তা হয়েছে গান, গীত ও সংগীত। কবিতা গান হয়ে ওঠার পথ পরিক্রমা নিয়ে কথা বলেন জাহাঙ্গীর রানা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিলেতের নামী শিল্পী, সুরকার আলাউর রহমান, শিল্পী সুমন শরিফ, ওমর ফারুক রুমি, জিয়াউর রহমান সাকলাইন, জহুিরুল ইসলাম রাসেল, গদ্যলেখক এস রহমান, অনুবাদক সামাহা আহমেদ, রুমি, নজরুল, জীবন, তুষার, আরিফ, জিনিয়া, আরাফাত প্রমুখ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আয়োজনের সহযোগী ছিল বাংলা টিভি ও পাক্ষিক ব্রিকলেন পত্রিকা। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি তৌহিদ শাকিল ও শায়লা সিমি।
উজ্জ্বল দাশ
লন্ডন, যুক্তরাজ্য