লন্ডনে একখণ্ড বাংলাদেশ

এ বছর বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন সাংবাদিককে দক্ষিণ এশিয়ার অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠ পুরস্কার দেয় লন্ডনের থমসন ফাউন্ডেশন। সেই পুরস্কার নিতে আমরা তখন লন্ডনে। ১০ জুনের দিনটিতে লন্ডনের আকাশ ছিল মেঘলা। বাংলাদেশের সাংবাদিক আমিন আল রশিদ ও বিবিসি বাংলা লন্ডন অফিসের সাংবাদিক মিজানুর রহমান খান মিলে বিকেলে আমরা হোয়াইট চ্যাপেল এলাকার উদ্দেশে বেরিয়ে পড়লাম।
একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তখনো এর রেশ কাটেনি। ঝিরি ঝিরি বৃষ্টি মাথায় নিয়ে লন্ডনের হোয়াইট চার্চ লেনের পাশ দিয়ে যাচ্ছিলাম। মিজানুর রহমান খান জানালেন, এই এলাকায় রয়েছে এক বাঙালির অনন্যকীর্তি। সেই কীর্তি দেখাতে এক পার্কে নিয়ে গেলেন তিনি। বৃষ্টির পানিতে পার্কের গাছগুলো যেন আরও সবুজ ও সতেজ হয়ে উঠেছে। নাকে লাগছে মাটির সোঁদা গন্ধ।
চোখ আটকে গেল পার্কের নাম লেখা সাইনবোর্ডে। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা ‘আলতাব আলী পার্ক’। মিজানুর ভাই জানালেন, আলতাব আলী লন্ডনের বাঙালি অভিবাসী ছিলেন। তিনি কারখানাশ্রমিক হিসেবে কাজ করতেন। গত শতকের সত্তরের দশকে ব্রিটেনে বর্ণবাদবিরোধী আন্দোলন চলছিল। ১৯৭৮ সালের ৪ মে কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব লন্ডনের এডলার স্ট্রিটে অজ্ঞাত কয়েকজন বর্ণবাদীর হাতে নির্মমভাবে খুন হন তরুণ বাঙালি শ্রমিক আলতাব আলী।

বর্ণবাদী হামলায় আলতাব আলীর মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। বর্ণবাদবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। মানুষ রাজপথে নেমে আসে। আলতাব আলীর মৃত্যু এই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করে। ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আলতাব আলীর নাম। এ জন্যই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৮ সালে পূর্ব লন্ডনের এডলার স্ট্রিটে অবস্থিত সেন্ট মেরিস পার্ককে আলতাব আলী পার্ক নামকরণ করা হয়। আলতাব আলীর মৃত্যুর পর তাঁর ছবি নিয়ে লন্ডনবাসীর বিক্ষোভে ফেটে পড়ার ছবি পাওয়া যায় ইন্টারনেটে। লন্ডনে আলতাব আলীর নামে পার্ক বিদেশের মাটিতে বাঙালিদের নতুন সম্মান এন দেয়।
আলতাব আলী পার্কের ভেতর ঢুকলেই মনে হবে আপনি যেন হঠাৎ করে একখণ্ড বাংলাদেশে এসেছেন। পার্কের চারদিকে উঁচু উঁচু গাছ। মাঠ ভরা সবুজ ঘাস। পার্কের ভেতরে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটা শহীদ মিনার। হঠাৎ দেখলে যেন মনে হবে বাংলাদেশেই আছেন আপনি। একুশে ফেব্রুয়ারিসহ বাংলাদেশের বিভিন্ন দিবসে এখানকার বাঙালিরা শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ মিনার এলাকায় আঁকা হয় আল্পনা। বাঙালিরা এই পার্কে এসে বসেন। গর্ব করে বলেন, এক বাঙালির প্রাণের বিনিময়ে হয়েছে এই পার্কের নামকরণ।

১৯৯৯ সালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের দক্ষিণ অংশে নির্মাণ করা হয় এই শহীদ মিনার; যা দেশের বাইরে বানানো প্রথম শহীদ মিনার। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের তৎকালীন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। লন্ডনপ্রবাসী বন্ধু নুরুজ্জামান সেলিম বললেন, ছুটির দিনগুলোতে আফতাব আলী পার্কে লন্ডনে অবস্থানকারী বাংলাদেশিরা ঘুরতে আসেন। বসে আড্ডা দেন। বাংলাদেশে চলমান নানা রাজনৈতিক-সাংস্কৃতিক ঘটনার প্রতিক্রিয়াতেও অভিবাসী বাংলাদেশিরা জড়ো হন লন্ডনের এই পার্কে। এ ছাড়া বাঙালিদের বিভিন্ন সভা-সমাবেশের অন্যতম কেন্দ্রস্থলও এই আলতাব আলী পার্ক। লন্ডনে এই একখণ্ড বাংলাদেশ একদিকে যেমন প্রবাসে বাঙালির সংগ্রামের প্রতীক, তেমনি তা দেশ আর দেশের মানুষের সঙ্গে অভিবাসী বাঙালির নিবিড় যোগসূত্রেরও প্রতীকে পরিণত হয়েছে।