লন্ডনে কবিতাসন্ধ্যা

পরবাসে ছকেবাঁধা যাপিত জীবনের ভিড়ে বাঙালিরা উন্মুখ থাকেন কোনো অনুষ্ঠানের মাধ্যমে কাছের মানুষদের সঙ্গে আড্ডা কিংবা দুদণ্ড সময় কাটানোর। এমনি এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করেছিল সুহৃদ, যুক্তরাজ্য। ২ সেপ্টেম্বর সংগঠনটি আয়োজন করে এক সংবর্ধনা ও কবিতাসন্ধ্যার। বিলেতপ্রবাসী কবি কতুব আফতাবকে সংগঠনটি সংবর্ধনা প্রদান করে। এ উপলক্ষে পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টের মিলনায়তন ভরে ওঠে কবির ভালোবাসার মানুষদের পদচারণে।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটেনের নানা শহরে ছড়িয়ে থাকা কবি-ভক্তরা। যেমন নিউক্যাসেল থেকে রাজধানী লন্ডনের দূরত্ব ২৮০ মাইলের ওপর। সেখান থেকেও এসেছিলেন কয়েকজন। প্রিয়জনদের দেখার টান থাকলে দূরত্ব ছোট হয়েই আসে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ইকবাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সফররত নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী। মূল আলোচক ছিলেন কবি শামীম আজাদ।
সুহৃদের সদস্য ইফতেখার আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংবর্ধিত কবিকে উত্তরীয় পরিয়ে দেন শামীম আজাদ। সম্মাননা স্মারক প্রদান করেন তোফাজ্জল ইসলাম চৌধুরী।
তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, ‘কুতুব আফতাব আমার ছাত্র। পরবাসে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্ব বোধ করছি। এমন সৌভাগ্য কয়জনের হতে পারে। আমি নিজে বাংলার ছাত্র ও শিক্ষক। আমি যেটি পারিনি; ছাত্র লেখালেখি চর্চার মাধ্যমে আমার দুঃখবোধ ভুলিয়ে দিয়েছে। পাঠক ও মানুষের ভালোবাসার মধ্যেই একজন কবির সার্থকতা।
শামীম আজাদ বলেন, ‘কুতুবের সঙ্গে খুব সামান্য দিনের পরিচয়। আমি আবিষ্কার করি আপস না করা এক কবিকে। তাঁর প্রতি মানুষের ভালোবাসা আমার মন ভরিয়ে দিয়েছে।’
কুতুব আফতাব বলেন, ‘আমার জন্য বিরাট প্রাপ্তি ও সম্মানের আজকের এই সন্ধ্যা। মানুষের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ব। পরবাসে নানা প্রতিবন্ধকতার মধ্যে লেখালেখি চালিয়ে যাবার প্রেরণা মানুষের ভালোবাসা ও উৎসাহ। বিদেশ বিভূঁইয়ে থাকলেও নিজ মাটির টান, শিকড়ের বাইরে আমরা কেউ নই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তমিমুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস-এর নিউজ প্রেজেন্টার তৌহিদ শাকিল, শিল্পী আলাউর রহমান, আবদুল হালিম চৌধুরী, কবি সনম মনি, স্মৃতি আজাদ, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, ডেপুটি মেয়র ওলিউর রহমান চৌধুরী, কামাল চৌধুরী, কামরুল হাসান, আবদুস সাত্তার, আবু তাহের চৌধুরী, আবদুল মজিদ, আবু ইউসুফ চৌধুরী, হান্নান মিয়া, ফয়সল চৌধুরী, সৈয়দুর রহমান, মইনুল ইসলাম, আকিকুর রহমান, হেলাল চৌধুরী, শাহ মোর্শেদ আহমদ, নুরুল খান রিপন, জিলু রহমান, হাদিস মিয়া, আজমল হোসেন, তুহিন চৌধুরী, কাউন্সিলর জিলানী চৌধুরী, কাউন্সিলর সমতা খাতুন, কাউন্সিলর মুফতি মিয়া, সাংবাদিক মিজবাহ জামাল, শাহ ফয়েজ, মির্জা তছনু বেগ, সোহেল আহমদ, আবু সাঈদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, অধ্যাপক আবদুল হাই, কবি আলিফ উদ্দিন প্রমুখ।
কবিতা আবৃত্তিতে অংশ নেন ডায়াসপারা শেকসপিয়ার গ্রুপ ও নাটকের দল মঞ্চশৈলী সদস্য শায়লা সিমি, সৈয়দা তাজমিয়া তানিয়া, জিয়াউর রহমান ও আরিফুজ্জামান সৈয়দ।
উজ্জ্বল দাশ
লন্ডন, যুক্তরাজ্য