লন্ডনে নবীগঞ্জ পৌর মেয়রকে সংবর্ধনা দিলেন নবীগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা সভায় অতিথিরা।
সংবর্ধনা সভায় অতিথিরা।

যুক্তরাজ্যপ্রবাসী নবীগঞ্জবাসী বর্ণিল আয়োজনে সংবর্ধনা দিলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে। নবীগঞ্জ উপজেলা, ইউকের আয়োজনে ১২ আগস্ট সন্ধ্যায় পূর্ব লন্ডনের রিজেন্টস লেক মিলনায়তন পরিণত হয় নবীগঞ্জবাসীর মিলনমেলায়।

যুক্তরাজ্যের নানা শহর থেকে আসা নবীগঞ্জবাসী মিলিত হন তাঁদের প্রিয় স্যার, অভিভাবক, কারও বন্ধু তোফাজ্জল ইসলাম চৌধুরীর সঙ্গে। তাঁর কাছে প্রিয় মাতৃভূমির বর্তমান হালহকিকত জানতে চান তাঁরা। অভিযোগ-অনুযোগ আর উন্নয়নের ফিরিস্তি নিয়ে আলাপচারিতা ছিল অনুষ্ঠানজুড়ে।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে নবীগঞ্জ পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবু তাহির মোহাম্মদ জাবের।

সংবর্ধনা সভায় বক্তব্য দিচ্ছেন তোফাজ্জল ইসলাম চৌধুরী।
সংবর্ধনা সভায় বক্তব্য দিচ্ছেন তোফাজ্জল ইসলাম চৌধুরী।

তোফাজ্জল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘নবীগঞ্জ পৌরবাসীরা ভালোবাসা দিয়ে আমার ওপর তিন তিনবার মেয়রের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। আমি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমার যুক্তরাজ্যে সরকারি সফরে আসার অন্যতম কারণ এই দেশের সিটি কাউন্সিলের কার্যক্রম দেখে সম্যক ধারণা নেওয়া, যাতে আমার এলাকায় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।’

তোফাজ্জল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘নবীগঞ্জ পৌরসভায় আমরা প্রবাসীদের জন্য ফার্স্টট্রেক সার্ভিস চালু করেছি। প্রবাসীদের যেকোনো প্রয়োজনে নবীগঞ্জ পৌরসভার দ্বার খোলা।’ নবীগঞ্জের শিক্ষা-স্বাস্থ্য ইত্যাদি নানাবিধ কার্যক্রমে প্রবাসীদের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘প্রবাসীদের দেশের প্রতি টান ও দায়বদ্ধতা আমাদের শক্তি জোগায়। সকলের সমন্বিত প্রয়াসে এলাকার জীবনমানের উন্নয়ন ঘটানো অসম্ভব কিছু নয়।’ এনায়েত খান ও নার্গিস রাহাতের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহমুদুল হক, আবুল কালাম আজাদ, কাউন্সিলর মুফতি মিয়া, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন, আবু ইউসুফ চৌধুরী, কবি কুতুব আফতাব, ফরহাদুল ইসলাম, হেলাল আহমেদ, শাহ ইমাম মেহেদী, খোয়াজ আলী খান, নেহার মিয়া চৌধুরী, মো. আবু তাহের, পাক্ষিক ব্রিকলেন  সম্পাদক উজ্জ্বল দাশ, এম এ আজিজ, কামরুল হাসান চৌধুরী, শাহ ফয়েজ প্রমুখ।

যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে আসা শতাধিক নবীগঞ্জবাসী একটি অনন্য সন্ধ্যা কাটিয়েছেন তাঁদের প্রিয় পৌর মেয়রের সঙ্গে। শিক্ষক, পৌর মেয়র ছাড়িয়ে তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন অনুকরণীয় ভালো মানুষ, সেই কথাই অনুরণিত হয় মিলনায়তনে।

উজ্জ্বল দাশ

লন্ডন, যুক্তরাজ্য