লন্ডনে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ব্রিটেনের বাংলা টিভি ১৫ বছরে পদার্পণ করল। এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর বাংলা টিভির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, সাহিত্যিক, কবি, লেখক ও শুভানুধ্যায়ীরা যোগ দেন।
অনুষ্ঠানে কয়েকজন অভ্যাগত বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সামাদুল হককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। তাঁদের মধ্যে বিলেতের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলার ব্যবস্থাপনা পরিচালক নাজিম চৌধুরীও ছিলেন। এ সময় তাঁর সঙ্গে রেডিওর পরিচালক ও কর্মীরাও ছিলেন।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের সংবাদ পাঠিকা সাজিয়া স্নিগ্ধা বলেন, বিলেতের মতো ব্যস্ত শহরে বাঙালিদের অনুষ্ঠান ও বিভিন্ন উৎসব উপলক্ষে এক হওয়ার একটা সুযোগ সত্যি উপভোগ্য। বাংলা টিভিসহ চ্যানেল আই ও অন্যান্য চ্যানেল এ ক্ষেত্রে ব্রিটেনের মাটিতে প্রবাসীদের সঙ্গে দেশের জনগণের মেলবন্ধনের জন্য সেতু হিসেবে কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা টিভিতে এ দিন সন্ধ্যা থেকে আলোচনা, স্মৃতিচারণা, গান ও নাটক প্রচারিত হয়।
উল্লেখ্য, বাংলা টিভি বিলেতের প্রথম স্যাটেলাইট বাংলা চ্যানেল। শুরুতে এই চ্যানেলের অনেক কাঠখড় পোড়াতে হয়। যখন এই চ্যানেল অন এয়ারে আসে তখন স্কাই আর কেবলস নেটওয়ার্ক ব্রিটেনে ব্যবসা শুরু করে। ওই সময় ব্রিটেনে বাংলা ভাষার কয়েকটি সাপ্তাহিক পত্রিকাই ছিল প্রবাসীদের বাংলা খবর ও বিনোদনের একমাত্র অবলম্বন। যুক্তরাজ্যের মিডিয়া মুঘলদের একচ্ছত্র ব্যবসার বিপরীতে অনেকটা ঝুঁকি নিয়ে বাংলা ভাষাভাষীদের বিনোদনের জন্য বাংলা টিভি যাত্রা শুরু করে। তখন বাংলা টিভি দেখার জন্য গ্রাহক হতে প্রায় ১০০ পাউন্ড দিতে হতো। এর ওপর ছিল মাসিক ফি।
এখন অবশ্য ব্রিটেনে বাংলা টিভির পাশাপাশি চ্যানেল এস, চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি, ইক্করা বাংলা টিভির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব কটা চ্যানেলই ব্রিটেন প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়।