লন্ডনে বাংলাদেশির দোকানে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসলা রেস্টুরেন্টের সামনের দৃশ্য
মসলা রেস্টুরেন্টের সামনের দৃশ্য

২৫ সেপ্টেম্বর পুলিশের একটি বিশেষ দল পূর্ব লন্ডনের বাংলাদেশি মালিকানাধীন মসলা রেস্টুরেন্টে ব্যাপক তল্লাশি চালিয়েছে। ওই দিন ভোরে ব্রিটেনের অ্যান্টি টেরর পুলিশ জঙ্গিসংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে নিষিদ্ধঘোষিত মোহাজিরিনের সাবেক নেতা আনজাম চৌধুরীসহ নয়জনকে আটক করে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় পুলিশ ওই রেস্তোরাঁয় অভিযান চালায়।

মসলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সমির আলী জানান, সকাল ১০টার দিকে লন্ডন পুলিশের অ্যান্টি টেরর স্কোয়াডের বিশেষ দল তাঁর রেস্টুরেন্টে আসে। তারা পুরো রেস্টুরেন্টে দুই ঘণ্টা ধরে তল্লাশি চালায়। পুলিশ রেস্টুরেন্টের কিচেন, গুদামসহ সর্বত্র ব্যাপক তল্লাশি করে। পুলিশ তাঁকে জিজ্ঞেস করে, ইসলামিক নেতা আনজাম চৌধুরী ২৪ সেপ্টেম্বর তাঁর রেস্টুরেন্টে কাদের সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তাঁরা এখানে কি বিষয়ে আলোচনা করেছেন।

রেস্টুরেন্টের মালিক সমির আলী
রেস্টুরেন্টের মালিক সমির আলী



সমির আলী এই প্রতিবেদককে বলেন, ‘আনজাম চৌধুরী মাঝেমধ্যেই এখানে খেতে আসেন। এ কারণেই মনে হয় পুলিশ আমার রেস্টুরেন্টে তল্লাশি চালিয়েছে এবং তারা হয়তো ধারণা করেছে নিষিদ্ধঘোষিত মোহাজিরিন বা আইএসের সঙ্গে আমার কোনো লিঙ্ক আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা।’

উল্লেখ্য, মসলা রেস্টুরেন্টের আগে ইয়ামি ইয়ামি নামে পরিচিত ছিল। এর মালিক ছিলেন আনজাম চৌধুরী। পূর্ব লন্ডনে ইয়ামি ইয়ামি নামে আরও কয়েকটি দোকান রয়েছে। সেগুলো আনজাম চৌধুরীর মালিকানাধীন বা তাঁর আত্মীয়স্বজনের নামে পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, ইয়ামি ইয়ামি দোকানগুলোতেও স্কটল্যান্ড ইয়ার্ড তল্লাশি অভিযান চালাবে।

সমির আলী বলেন, ‘এ কারণেও পুলিশ আমার রেস্টুরেন্টে তল্লাশি চালাতে পারে। কিছু বর্ণবাদী শ্বেতাঙ্গ আইএসের সঙ্গে আমার সম্পর্ক দেখানোর ব্যর্থ চেষ্টা করছেন। যদিও আইসক্রিম, মিষ্টি ও কারি ছাড়া আর কোনো কিছুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। পুলিশের আকস্মিক তল্লাশিতে আমি রীতিমতো স্তম্ভিত। আশা করব, আমরা পরে এ রকমের হুমকির সম্মুখীন আর হব না।’
এদিকে মসলা রেস্টুরেন্টে পুলিশের এই তল্লাশি অভিযানের পরপরই এই ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। সাংবাদিকেরা সেখানে ভিড় জমান।

সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য