লন্ডনে বাঙালিদের পিঠা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলা উদ্বোধন করছেন টাওয়ার হ্যামলেটস বারার এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান
মেলা উদ্বোধন করছেন টাওয়ার হ্যামলেটস বারার এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান

২০ সেপ্টেম্বর লন্ডনের রিজেন্টস লেক ব্যাঙ্কুয়েটিং হলে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল বাংলা টিভি এর আয়োজন করে। এই মেলার উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস বারার এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মিজারুল কায়েস।

মেলার ফাঁকে ফাঁকে ছিল পিঠা উৎসব নিয়ে বাংলা টিভির আয়োজনে আলোচনা, সংগীতানুষ্ঠান, নাটক ও চিত্র প্রদর্শনীর। এসব আয়োজন করা হয় হলরুমের ওপরতলায়। নিচে হলরুমে বিশাল স্ক্রিনের মাধ্যমে তা দর্শককে দেখানো হয়। এ ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।রিজেন্টস লেকের বিশাল হলরুমে অনুষ্ঠিত এই মেলায় প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। লন্ডন শহর, শহরতলি ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নানা বয়সের নারী-পুরুষ মেলায় অংশগ্রহণ ও হরেক রকমের পিঠা কেনেন।

আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কবি ও লেখক শামীম আজাদ, বাংলা টিভির পরিচালক ড. দিনাক সোহানী, সুলতান শরীফ, সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, নিউহ্যামের কাউন্সিলর রহিমা হক, ডকল্যান্ডস পারফর্মিং আর্টসের সভাপতি স্মৃতি আজাদ, পুষ্টিবিদ সহমিকা আগুনসহ আরও অনেকে। পিঠা মেলায় আলোকচিত্রী হিসেবে ছবি তোলেন লিপি হালদার।

মেলায় বিক্রির জন্য রাখা পিঠা
মেলায় বিক্রির জন্য রাখা পিঠা
উদ্ভোধনের পর মেলা ঘুরে দেখছেন লুৎফুর রহমান
উদ্ভোধনের পর মেলা ঘুরে দেখছেন লুৎফুর রহমান

মেলায় ভাপা পিঠা, ফুলি পিঠা, সন্দেশ ছাড়াও আরও অনেক বাহারি পিঠার স্টল নিয়ে বসেন প্রবাসী বাঙালি নারীরা। এঁদের মধ্য থেকে দর্শকদের ভোট আর বিচারকদের চূড়ান্ত বিচারের মাধ্যমে বিকেলে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। স্টলগুলোর মধ্য থেকে পিঠা বানানোর পদ্ধতি, স্বাস্থ্যসম্মত আর মজাদার পিঠা ইত্যাদি বিবেচনায় প্রথম পুরস্কার পেয়েছেন উম্মে রাবেয়া। দ্বিতীয় পুরস্কার মমতাজ শাজান আর তৃতীয় পুরস্কার পেয়েছেন মলি ফুয়াদ। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল পুরো বাঙালিয়ানায় পরিপূর্ণ। দেশের গান আর কবিতা আবৃত্তি, কৌতুক আর নাট্যাভিনয় ছিল মনোমুগ্ধকর। এসব দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
বাংলা টিভি প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করে থাকে। দর্শকেরা বলছেন, এবারের পিঠা মেলা ছিল আগের বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী ও অনেক বড়। রিজেন্টস লেকের নিচতলা ও ওপরের তলায় উপচে পড়া মানুষের ভিড় লক্ষ করা গেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরও লোকজন আসছিলেন।
এবারের মেলায় বিচারকদের মধ্যে এম এ রহিম নামের একজন শেফও ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগরজীবনের আধুনিকতার ছোঁয়া আর পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। রহিম তাঁর বক্তব্যে আরও জানান, ক্যাটারার্স শেফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে তিনি এই অনুষ্ঠানের নানা ঐতিহ্যবাহী পিঠাগুলো এবং আমাদের শ্বাশত গ্রামীণ জনপদে যেসব পিঠার প্রচলন রয়েছে, সবগুলো পিঠা তাঁরা সংরক্ষণের ব্যবস্থা করবেন। তখন মুহুর্মুহু করতালি মাধ্যমে তাঁর বক্তব্য দর্শক-শ্রোতা কর্তৃক বিপুলভাবে সমাদৃত হয়।
মেলার বিচারক হিসেবে অন্য যাঁরা ছিলেন তাঁরা হলেন: ক্যাটারার অ্যাসোসিয়েশনের মহাসচিব এম এ মুনিম, শহমিকা আগুন, স্মৃতি আজাদ, শামীম আজাদ, সাঈদা চৌধুরী, হুসনা মতিন, শায়লা সিমি ও মোজাহিদুল চৌধুরী।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য