এখানে-সেখানে: টিউবে-রাস্তাঘাটে পথচলতি ব্যস্ত মানুষজন নয়, লন্ডনকে মাতিয়ে রেখেছেন যেন পথের মানুষেরাই। স্ট্রিট সিঙ্গার থেকে মিষ্টি বাদামওয়ালা। সবাই আছেন সেই কাতারে!
লন্ডনের নয়নমণি!
‘মাইন্ড দ্য গ্যাপ প্লিজ’ বিনীত যান্ত্রিক কণ্ঠ আরেকবার মনে করিয়ে দেয়। লন্ডনের পাতালরেলে সবচেয়ে আলোচিত উক্তি। হিথ্রো থেকে টাওয়ার হিল। টাওয়ার হিল থেকে ভিক্টোরিয়া। যেখানেই যাচ্ছি, এই একটি কথাই কানে বাজছে বারবার। পাতালরেল যখন প্লাটফর্মে এসে থামে, রেলের বগি থেকে প্লাটফর্মের ইঞ্চি কয়েক দূরত্ব থেকে যায়। সেই দূরত্বকে মনে করিয়ে দিতেই এই মুহুর্মুহু ঘোষণা। আহা! কত অগ্রসর এই ইংরেজরা। দেখে ভালো লাগল। লন্ডন নগর তার অত্যাধুনিক পাতালরেল নিয়ে গর্ব করতে পারে। পাতালরেল মানে টিউবের যেকোনো একটা বগিতে উঁকি দিন—পৃথিবীর মোটামুটি সব অঞ্চলের মানুষের একটা করে ‘নমুনা’ মিলবে। কালো, সাদা, বাদামি, মঙ্গোলিয়ান—বারো রকমের মানুষ মিলে যাবে। লন্ডন তার এই জাতিবৈচিত্র্য নিয়ে গর্ব করে, নিশ্চিত! কিন্তু দুই দিন না যেতেই খটকা। বাসে-টিউবে যেখানেই যাচ্ছি, মানুষজনের মুখ গোমড়া। কালো আর সাদা মানুষ পাশাপাশি বসে আছে ঠিক। কিন্তু কারও সঙ্গে কারও বাতচিত নেই, যেন জন্মের আড়াআড়ি। কেউ মুখ গুঁজে আছে আইফোনে। কারও সামনে বই মেলে ধরা। কেউ শুধু শূন্য চোখে চেয়ে আছে বাহির পানে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিশ্চয়ই শুধু খারাপ আবহাওয়া কারণেও নয়। অভিজাত, অপরূপা লন্ডন একত্র করেছে সারা দুনিয়ার মানুষকে। কিন্তু এক সুতোয় গাঁথতে পারেনি হয়তো।ডিসেম্বর মাস। বড়দিন আসি আসি করছে। ক্রিসমাস ট্রি সাজানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলায় লন্ডনের পানশালাগুলো জমজমাট। কিন্তু যতবারই পাতালরেলে ওঠি, গোমড়া-মুখ মানুষ দেখে মন খারাপ হয়ে যায়। পথচলতি মানুষজন অতিশয় ভদ্র। ছবি তোলার অসুবিধা হবে বলে খুব ভদ্রভাবে পেছন ঘুরে যাচ্ছে। লিফটে বা প্রবেশপথে খুব বিনীত ভঙ্গিতে পরেরজনের দরজা ধরে অপেক্ষা করছে। কিন্তু কোথায় যেন প্রাণ নেই। শেষমেশ প্রাণের সন্ধান মিলল অন্য কোথা, অন্য কোনো খানে। বুলগেরিয়ার মিষ্টি বাদামওয়ালাএলিজাবেথ টাওয়ারের (বিগ বেন) কাছেই দাঁড়িয়ে মানুষটা। কড়াইয়ে রেখে কী যেন নাড়ছেন খুব। গরম ধোঁয়া উড়ছে। পর্যটকরা আশপাশ দিয়ে যাচ্ছে। কারও খাবারটার দিকে আগ্রহ নেই। সবাই নির্বিকার ডিঙিয়ে যাচ্ছে মানুষটাকে। বেচারা! কী এমন জিনিস বিক্রি করেন মানুষটা, কেউ কেনে না? প্রবাসী ভাই আশরাফুল হাসান চৌধুরী জানিয়ে দিলেন, এই লোক মিষ্টি বাদাম বেচে। লোকটার বাড়ি নির্ঘাৎ পূর্ব ইউরোপের কোনো দেশে। খাওয়ার ইচ্ছে নেই, তবুও দুই পাউন্ডের মিষ্টি বাদাম কেনা হয়। ন্যাড়া মাথা, শ্বেতাঙ্গ মানুষটা যত্ন করে বাদাম তুলে দেন। আমরা দুটি ভাই তাঁর সঙ্গে বাতচিত করি। জানতে পারি, অনুমান নির্ভুল! বাদামওয়ালার দেশ বুলগেরিয়া। এত কাজ থাকতে কেন তিনি এই হাড় কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে বাদাম বেচেন! সেসব লম্বা দিস্তান! শুনলে মন খারাপ হবে ভেবে আলাপ সংক্ষিপ্ত করে ফেরত আমরা আসি।স্কটল্যান্ডের বংশীবাদক!এক বিকেলে গেলাম ‘লন্ডন আই’ দেখতে। হাড় কাঁপানো শীতেও চারদিক উৎসবমুখর। পর্যটকদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি চলছে। এর মধ্যে আচমকা বাঁশির সুর। আমাদের রাখালি বাঁশি নয়। স্কটল্যান্ডের ব্যাগ পাইপার। বাঁশির সুরটা অনেক বেশি চড়া। একবার কানে ঢুকলে মগজ পর্যন্ত পৌঁছে যায় চট করে। সুরের মধ্যে কেমন একটা বিষণ্নতা আছে। লন্ডন আইয়ের দানবীয় চাকা ঘুরছে। পেছনেই বিগ বেন (এলিজাবেথ টাওয়ার)। সবকিছুকে চাপিয়ে মন জিতে নিল সেই ব্যাগ পাইপার। সামনে রাখা বাক্সে আমরা পাউন্ড ফেলি একটা। মানুষটার সঙ্গে ছবি ওঠাই। সেও হাসিমুখে পোজ দিল। লন্ডনের মানুষ তাহলে হাসতে ভুলে যায়নি! আগেকার দিনে, স্কটল্যান্ডে এই বাঁশির সুর নাকি যুদ্ধের উদ্দাম নিয়ে আসত। যুদ্ধের বাঁশি উল্টো কেমন আনমনা করে দিল! বুদ্বুদওয়ালাআহা! কী রঙিন বুদ্বুদ। ছোট্টবেলায় এই রঙিন বুদ্বুদ বানাতে গিয়ে কত না হিমশিম খেয়েছি। আর লন্ডন আইয়ের তলায় দাঁড়িয়ে ওই লোকটা! যেন জাদুকর! মাথায় একখানা জবরদস্ত টুপি। গায়ে রংচঙে পোশাক। একের পর এক ঢাউস সাইজের সব বুদ্বুদ বানিয়ে ছাড়ছে অবলীলায়। ঢাউস বুদ্বুদগুলো উড়তে উড়তে এসে ভেঙে পড়ছে পথ চলতি মানুষজনের গায়ে। পথের গায়কআপাদমস্তক সংসারী, শহুরে গায়কদের প্রায় গানের কথায় নিজেদের ‘পথের মানুষ,’ ‘পথই মোর ঠিকানা’ দাবি করতে শুনি। কিন্তু সত্যিকারের পেশাদার স্ট্রিট সিঙ্গারদের দেখা মিলল লন্ডনে। দু-একজন নয়, গন্ডায় গন্ডায়। পিকাডেলি, গ্রিনিচ, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, যেখানেই যাচ্ছি দু-একজন পথের গায়কের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। ওঁদের প্রায় সবার নিজস্ব গিটার আছে। আছে নিজস্ব সাউন্ড সিস্টেমও। বড় দরদ দিয়ে গান করেন তাঁরা। বেশির ভাগই ভালোবাসার গান। বিলবোর্ড টপ চার্টের গায়কদের চেয়ে তাঁরা কোনোভাবেই কম যান বলে মনে হলো না!