লন্ডনের পথে পথে হারানো পাখিরা!

বিরল ও বিপন্ন প্রজাতির পাখিরা বিনা নোটিশে হাজির হচ্ছে পুরোনো কংক্রিটের দেয়াল, জীর্ণ অ্যাপার্টমেন্টের সামনের অংশ, রেলওয়ের খিলান, পরিত্যক্ত জংশন আর লন্ডনের সব আকর্ষণহীন এলাকায়। ময়লা ফেলার একটা প্লাস্টিকের বাক্স কিংবা পুরোনো বাড়ির ঘুলঘুলিতে হঠাত্ করেই চোখে পড়বে ভরত-পক্ষী, কালপ্যাঁচা, হলুদ-খঞ্জনা বা বুনো-চিলের মতো পাখি। তবে, এ পাখিরা ওড়ে না, ডানা ঝাপটায় না, গান গেয়ে ওঠে না! এরা কেবলই স্মৃতিময় দিনগুলোকে মনে করিয়ে দেয়, এরা শিল্পীর তুলিতে আঁকা।
এই পাখিরা না উড়লেও বা গান না গাইলেও অন্যান্য শিল্পীর চিত্রকর্মের সঙ্গে লন্ডনের এই পাখি চিত্রমালার একটা পার্থক্য এই যে, এরা গ্যালারি বা জাদুঘরের চার দেয়ালে আবদ্ধ নয়। এ ছবি লন্ডনের পথে পথে আঁকা। ‘এটিএম’ নামেই পরিচিত লন্ডনের এক ‘স্ট্রিট আর্টিস্ট’ বা পথশিল্পী এসব ছবি এঁকেছেন। দিন দিন হারিয়ে যাওয়া বিরল ও বিপন্ন প্রজাতির পাখিদের সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এটিএম পাখিদের ছবি আঁকছেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শিল্পীর তুলিতে আঁকা এসব পাখি যেন নগরের যান্ত্রিক গর্জনে হারিয়ে যাওয়া সাবেক কালের সামষ্টিক স্মৃতির এক অনন্য প্রতিফলন। কিন্তু নগর ও জনজীবনের অন্য অনেক সমস্যা-সংকট থাকতে এই শিল্পী কেন কেবল পাখির ছবি আঁকেন? কারণটা নিজেই জানিয়েছেন এটিএম। উত্তর ইংল্যান্ডের একটা ছোট মিল টাউনে জন্মেছেন তিনি। শেফিল্ডের আর্ট কলেজে পড়ার আগ পর্যন্ত তাঁর শৈশব-কৈশোর কেটেছে সেখানেই। যেখানে পাহাড়ের ধাপে ধাপে নেমে যাওয়া উপত্যকায়, ঘন বনের ফাঁকফোকর গলে নেমে আসা ঝরনাগুলো মিশে যেত ছোট ছোট হ্রদ আর পুকুরে। নানা জাতের পোকা-মাকড়, উভচর প্রাণীর সঙ্গে ওই এলাকাটা ছিল নানা প্রজাতির পাখির এক দারুণ অভয়ারণ্য।
পথশিল্পী এটিএম বলেন, ‘পাখি সব সময়ই আমার কাছে অনেক কিছু। ছোটবেলা থেকেই আমি পাখির ডাক ও গান পছন্দ করতাম। পাখিরা অনিন্দ্যসুন্দর। আমার পাখি পছন্দ করার আরেকটা কারণ, আমি পাখিরা যেখানে থাকে তেমন বুনো জায়গাগুলো পছন্দ করি। আর আমার কাছে পাখি ও পাখির বাসস্থলের উপযোগী স্থান দুটো পরস্পর-সম্পর্কিত ও গুরুত্বপূর্ণ।’

স্কুলে যাওয়ার সময় থেকেই অলংকরণ-শিল্পীদের কাজ দেখে মুগ্ধ হতেন এবং তাঁদের অনুকরণে ছবি আঁকার চেষ্টা করতেন এটিএম। তাঁদের মধ্যে ১৯ শতকের বিখ্যাত অলংকরণ-শিল্পী জন জেমস আউদুবোন এবং জন গোল্ডের কাজ বিশেষভাবে পছন্দ ছিল এই শিল্পীর। কিন্তু আর্ট কলেজের ছাত্রাবস্থায় তাঁকে কেবল পাখির ছবি আঁকতে দেখে রীতিমতো হাসাহাসি করতেন সহপাঠীরা।
আর্ট কলেজের গণ্ডি পেরোনোর পর দক্ষিণ লন্ডনের কয়েকটি এলাকায় ‘স্কয়াটার’ হিসেবে জীবনযাপন করেন এটিএম। স্কয়াটার বা পোড়োবাড়ি, কারখানা, পরিত্যক্ত স্থান বা ব্যবহার হচ্ছিল না এমন বাড়িঘর দখল করে থাকা শিল্পী-কবি-সংস্কৃতিকর্মী, রাজনৈতিক কর্মী বা স্রেফ ভবঘুরে মানুষদের সঙ্গ ভালো লাগে এই শিল্পীরও। এই স্কয়াটিং জীবনেই ধীরে ধীরে ‘স্ট্রিট আর্টিস্ট’ বা পথশিল্পী হয়ে ওঠেন চিত্রকলায় ডিগ্রিধারী এই শিল্পী।
২০১৪ সালে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল সড়কে একটা কালো ইটের দেয়ালে গ্রেট বাস্টার্ড পাখির তিন মিটার লম্বা ছবি দিয়ে লন্ডনে স্ট্রিট পেইন্টিংয়ের কাজ শুরু করেন এটিএম। ‘বাস্টার্ড’ নামটা অনেকের কাছে হাসির খোরাক জোগালেও পাখি হিসেবে এটা দারুণ উড়ুক্কু পাখি। অসাধারণ পালকের এই পাখি ১৯ শতকেই বিলুপ্ত হতে শুরু করলেও সম্প্রতি নতুন করে আবার এ প্রজাতিটিকে রক্ষা করা এবং এর দেখভালের কাজ হচ্ছে ব্রিটেনে। এটিএমের সর্বশেষ কাজ বেথাল গ্রিনে একটা বিটার্ন পাখির। একসময় প্রায় সবখানেই চোখে পড়লেও বিটার্ন পাখি এখন ব্রিটিশ দ্বীপপুঞ্জে প্রায় বিলুপ্ত একটা প্রজাতি। এর দেখা পাওয়া এখন পাখি-পর্যবেক্ষকদের জন্যও দুর্লভ। উচ্চ স্বরে ডাকতে পারে এমন পাখিকুলের মধ্যে অন্যতম এই বিটার্ন। বিটার্নের ডাক একবার যে শুনেছে, তাকে তা সারাজীবন তাড়া করে ফিরবে।

শিল্পী এটিএমের কাজ প্রাচীন গ্রিক ও রোমান পুরাণ দ্বারা প্রভাবিত। ইউরোপীয় ঐতিহ্যে তিশিয়ানের মতো মহান শিল্পীদের কাজে গ্রিক-রোমান পুরাণের প্রতিফলন দেখে তিনি অনুপ্রাণিত। তিনি মনে করেন, পুরাণের কাহিনিগুলোর মধ্য দিয়ে মানুষের স্বভাব-প্রকৃতির এক গভীর প্রতিফলন ঘটে। মানুষ তাঁর অবচেতনে অনেক কিছুই বহন করে। এমনিতে ভুলে থাকলেও অনেক সময় তাঁর মনের ভেতর লুকিয়ে থাকা ছবি তাঁর ওই চেতনাকে জাগ্রত করতে পারে। এই শিল্পী বলেন, শৈশবে বুনো-প্রকৃতির যে ছবি তাঁর নিজের মনে গেঁথে আছে, এক সময়ে হরহামেশাই চোখে পড়া ভরত-পক্ষী, হলুদ খঞ্জনা ও বুনো-চিলের মতো পাখিগুলোর কথা তেমনি আরও অনেকের মনেই গেঁথে আছে। অনেকটা রাতারাতিই বিলুপ্তপ্রায় প্রজাতিতে পরিণত হওয়া এসব পাখির ছবি তাই অনেককেই প্রাণ ও পরিবেশ-প্রকৃতি রক্ষায় সচেতন করে তুলতে পারে।