লন্ডনের বেতার বাংলায় সুনীলসন্ধ্যা
৭ সেপ্টেম্বর ছিল প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮০তম জন্মদিন। লন্ডন থেকে বাংলা ভাষায় প্রচারিত রেডিও বেতার বাংলা এ উপলক্ষে সেদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ‘সুনীলসন্ধ্যা’ নামের এ অনুষ্ঠানটি যৌথভাবে প্রচারিত হয় বেতার বাংলার লন্ডন ও জার্মান স্টুডিও থেকে। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জার্মানি থেকে হাবিব বাবুল এবং লন্ডন থেকে নাজমা ঝুমা।
সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেতার বাংলার রয়েছে কিছু স্মৃতি। উপস্থাপক হাবিব বাবুলেরও আছে অনেক ব্যক্তিগত স্মৃতি। দুই উপস্থাপক তা শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন। শ্রোতাদের কাছে এটা ছিল অসম্ভব এক ভালো লাগা বিষয়।
নাজমা ঝুমা জানান, বেতার বাংলার শুরুতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর উপন্যাস পূর্ব-পশ্চিম নিয়ে কাজ করা ছিল দুর্লভ এক স্মৃতি। বেতার বাংলার জন্য তা ছিল এক লাইফলাইন।
অন্যদিকে হাবিব বাবুল সস্ত্রীক বেশ কিছুদিন পশ্চিমবঙ্গে ছিলেন। ওই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি মেলামেশার সুযোগ পান। তিনি সেদিন ব্যক্তিগত সেই স্মৃতি রোমন্থন করেন।
এ অনুষ্ঠানের সবচেয়ে মায়াময় মুহূর্ত ছিল সুনীলের জন্মদিন উপলক্ষে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানস্থল থেকে তাঁর সহধর্মিণী স্বাতী গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ এবং তা সরাসরি প্রচার। তিনিও অত্যন্ত সাবলীলভাবে বেতার বাংলার শ্রোতাদের সঙ্গে তাঁর জীবনের সুখময় কিছু স্মৃতি ও ঘটনা শেয়ার করেন।
স্বাতী গঙ্গোপাধ্যায় যখন বেতার বাংলায় নিজের স্মৃতিগুলো রোমন্থন করছিলেন, তখন শ্রোতারা ফোন করেন। বেতার বাংলার ব্যবস্থাপনা পরিচালক নাজিম চৌধুরী টেলিফোনে তাঁকে শুভেচ্ছা জানান। স্বাতী গঙ্গোপাধ্যায় বর্তমানে কিছুটা অসুস্থ। তাঁর হাঁটুতে ব্যথা। হাঁটতে কষ্ট অনুভব করেন।
অনুষ্ঠানটি শেষ করার আগে হাবিব বাবুল তাঁর কাছে ১৯৯০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চিঠি শ্রোতাদের পড়ে শোনান। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল বেশ উপভোগ্য। এ জন্য সঞ্চালকসহ বেতার বাংলা ধন্যবাদ পাওয়ার দাবিদার। অনুষ্ঠানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন। < http://www.youtube.com/watch?v=wsn7ADOwQhU>
<[email protected]>