লবণ
প্রায় আট বছর আগের ঘটনা। সপরিবারে হজে যাচ্ছি। প্রথম দেশের বাইরে কোথাও যাওয়া। প্রথম প্লেনে ওঠা। সবকিছুই নতুন নতুন। তখন আমার ছোট মেয়ে তামান্নার বয়স ছিল আট। সবার ছোট, তাই বাসে, প্লেনে সব সময় আমার পাশে বসত। তা ছাড়া ও একটু দুষ্টু প্রকৃতির, তাই সব সময় ওকে উপদেশ দিতাম। বলতাম, ‘অনেক টাকা খরচ করে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দুষ্টামি করবে না, খাবার নষ্ট করবে না। নবীর দেশে যাচ্ছি, দুষ্টামি করলে, খাবার না খেলে আল্লাহ পাপ দেবেন।’ আরও কত উপদেশ। যা হোক, ছয় ঘণ্টা যাত্রা শেষে যখন আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছলাম, রাত তখন ১০টা। তারপর বাসে করে রওনা হলাম মক্কা। সেখানে পৌঁছলাম ভোর পাঁচটায়। সারা রাত বাসে ছিলাম, সবারই বেশ ক্ষুধা পেয়েছিল। ফজর নামাজ পড়ে সালাম ফেরাতেই তামান্না আমার কানে কানে বলল, ‘মা, ক্ষুধা লেগেছে।’আমি বললাম, ‘এই তো, মা আমার, একটু অপেক্ষা করো, তোমার বাবা খাবার আনতে গেছে।’ একটু পর তামান্নার বাবা উটের মাংস আর ভাত নিয়ে এল। সবাই খেতে বসলাম। তামান্না দুই লোকমা ভাত মুখে দিয়েই ঘ্যান ঘ্যান করতে লাগল, ‘মা, আর খাব না, ঘুম পাচ্ছে।’ আমি বকা দিয়ে বললাম, ‘খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেবে, জলদি খাও।’ তামান্না আমার বকা শুনে আবার খাওয়া শুরু করল। আমাদের খাওয়া যখন প্রায় শেষ, তখন দেখি, তামান্নার প্লেটে অল্প একটু ভাত বাকি। তাড়াতাড়ি খাওয়ার কথা বলতে যাব, তখন তামান্না বলে উঠল, ‘মা, আর খাব না, বমি আসছে।’ আমি বললাম, ঠিক আছে, আর খাওয়া লাগবে না, আমাকে দাও আমি খেয়ে ফেলি। আমি ভাত মুখে দিয়ে দেখি পুরো ভাতে এত লবণ, মুখে দেওয়া যায় না। আমি তামান্নাকে জিজ্ঞেস করলাম, এত লবণ নিয়েছ কেন? তামান্না বলল, ‘তুমি না বললে খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেবে, তাই আমি বাটির সব লবণ নিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলেছি।’শিরিন হকলালবাগ, ঢাকা।