লবণ ও আয়রনযুক্ত পানির সমস্যা মিটছে না ওয়াসার
হালদা নদীতে পানিপ্রবাহ কমে গেলে সাগরের লোনা পানি কর্ণফুলী নদীর মাধ্যমে সেখানে ঢুকে যায়। ফলে হালদা নদীতে স্থাপিত মোহরা পানি শোধনাগার প্রকল্প থেকেও লোনা পানি সরবরাহ করে ওয়াসা। জানা যায়, প্রতিবছর গরমের মৌসুম এলেই হালদা ও কর্ণফুলী নদীতে পানির উচ্চতা কমে যায়। এর কারণ দুটি। প্রথম কারণ হালদায় পানির প্রবাহ কমে যাওয়া। আর দ্বিতীয় কারণ কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্প থেকে কম পানি ছাড়া। উজান থেকে পানি কম আসার ফলে কর্ণফুলীতে সাগরের লোনা পানি ঢোকে। ওই পানি চলে যায় হালদা নদীতেও। ব্যাকটেরিয়াসহ অন্যান্য জীবাণু এবং দ্রবীভূত আবর্জনা পরিষ্কার করে ওই পানিই নগরে সরবরাহ করে ওয়াসা। তবে পানি থেকে লবণাক্ততা কমানোর কোনো ব্যবস্থা চট্টগ্রাম ওয়াসার নেই। মদুনাঘাটের কাছে এসে কর্ণফুলী নদীর সঙ্গে মিশেছে হালদা। এ বছর আগেভাগে লোনা পানি ঢোকার ফলে হালদা নদীতে রুই, কাতল, মৃগেল ও কালবাউশ জাতীয় মা-মাছও অসময়ে ডিম ছেড়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নদীর পানিতে অতিরিক্ত লবণাক্ততা সহ্য করতে না পেরে ডিম ছাড়তে বাধ্য হয়েছে মা-মাছ। চট্টগ্রাম ওয়াসার বহদ্দারহাট পানি শোধনাগারের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী মো. জানে আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে পানিতে লবণাক্ততা সহনীয় পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ আগে কিছুটা বেড়েছিল। তখন লবণাক্ততার মাত্রা প্রতিলিটারে ২৫০ মিলিগ্রামের বেশি ছিল না। এ মাত্রা প্রতিলিটারে ৬০০ মিলিগ্রামের বেশি হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। তিনি বলেন, পূর্ণিমার সময় যখন সাগরের পানি বেড়ে যায় তখন লবণাক্ত পানি নদীতে বেশি হারে ঢুকে পড়ে। এতে ওয়াসার পানিতে লবণাক্ততাও বেড়ে যায়।কয়েকদিন আগে ওয়াসা লবণাক্ত পানি সরবরাহ করেছে বলে জানান ফয়’স লেক এলাকার বাসিন্দা আয়েশা আক্তার। তিনি বলেন, ‘টানা কয়েকদিন বৃষ্টি না হলে পানিতে লবণ বেড়ে যায়। পাত্রের নিচেও লবণের স্তর জমে।’নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা জানান, হালদায় লবণাক্ততা বাড়লে গভীর নলকূপের পানি মিশিয়ে সরবরাহ করা হয়। এতে লবণাক্ততার মাত্রা কিছুটা কমে। তবে এবার লবণাক্ততা মুখে অনুভূত হলেও তা সহনশীল মাত্রা অতিক্রম করেনি। চট্টগ্রাম শহরে ওয়াসা যে পানি সরবরাহ করে তার অর্ধেক আসে মোহরা পানি শোধনাগার প্রকল্প থেকে। বাকি পানি নগরের বিভিন্ন জায়গায় স্থাপিত প্রায় ৮৫টি গভীর নলকূপ থেকে সরবরাহ করা হয়। নগরের কালুরঘাট, মোহরা, কালামিয়া বাজার, বাকলিয়া, হালিশহর ও আগ্রাবাদ এলাকায় এসব নলকূপ থেকে পানি সরবরাহ করা হয়। ওয়াসা সূত্রে জানা গেছে, এসব নলকূপের বেশির ভাগই ওয়াসার মূল লাইনের সঙ্গে সংযুক্ত নয়। ফলে একটি নলকূপ নির্দিষ্ট একটি এলাকায় পানি সরবরাহ করে থাকে। পানি থেকে আয়রন (লৌহ) শোধনের জন্য ওয়াসার একটি প্রকল্প (প্ল্যান্ট) রয়েছে নগরের বহদ্দারহাটে। তবে এখানে সব এলাকার পানি শোধনের জন্য আনা হয় না। পশ্চিম বাকলিয়ার কে বি আমান আলী সড়কের বাসিন্দা প্রসেনজিত বড়ুয়া বলেন, ‘ওয়াসা নাগরিকদের পরিশোধিত পানি সরবরাহ করতে বাধ্য। কিন্তু তারা বাকলিয়া ও কালামিয়া বাজার এলাকায় বেশির ভাগ সময়ই অপরিশোধিত পানি সরবরাহ করে। এ পানিতে থাকে প্রচুর আয়রন। এ পানি দিয়ে কাপড় ধোয়া যায় না, ধোয়া হলে কাপড়ের রং নষ্ট হয়ে যায়। গোসল করলে চুলে জট লেগে যায়। পান করার সময় মনে হয়, পুকুরের ঘোলা পানি পান করছি।’ নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার এক কর্মকর্তা বলেন, কালামিয়া বাজার ও আশপাশে ওয়াসার যেসব গভীর নলকূপ আছে সেগুলোর পানি বহদ্দারহাট শোধনাগারে আনার জন্য কোনো সঞ্চালন লাইন নেই। ফলে বাধ্য হয়ে অপরিশোধিত পানিই সরবরাহ করতে হয়।