লবণ চাষে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মণ লবণ উৎপাদনে খরচ হয় ১১০ টাকা, সেই লবণ বিক্রি করে পাই ৭০-৮০ টাকা। গত মৌসুমে তিন একরে লবণ চাষ করে লোকসান দিয়েছি দুই লাখ টাকা। তাই এ বছর আর উৎসাহ পাচ্ছি না।’ ১৫ জানুয়ারি দুপুরে জেলার চকরিয়া উপজেলার কাঁকারা গ্রামের চাষি আনোয়ার হোসেন (৪৫) এভাবেই লবণ চাষ নিয়ে হতাশার কথা জানালেন। শুধু আনোয়ার হোসেন নন, লবণচাষি মনির উল্লাহ (৩৮), পেকুয়ার বদরখালীর মনিরুল ইসলাম, সদর উপজেলার খুরুশকুলের দিল মোহাম্মদ, মহেশখালীর কালারমারছড়ার নজরুল ইসলাম ও কুতুবদিয়ার উত্তর ধুরুং গ্রামের রফিক উল্লাহও একই কথার প্রতিধ্বনি করলেন। তাঁরা বললেন, হতাশা আর আতঙ্ক নিয়ে তাঁদের লবণ চাষ শুরু করতে হচ্ছে। চলতি মাসের শেষের দিকে লবণের দাম না বাড়লে আশঙ্কাজনক হারে লবণ উৎপাদন কমে যাবে। তখন দেশে লবণের সংকট দেখা দিতে পারে।লবণ উৎপাদন প্রকল্পের সরকারি তদারকি সংস্থা কক্সবাজারের বিসিক কার্যালয় সূত্র জানায়, গত বছরের মতো এবারও জেলার টেকনাফ, সদর, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া, উখিয়া, রামু এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৭০ হাজার একর জমিতে লবণ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে এসব জমিতে বার্ষিক জাতীয় চাহিদা ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বিপরীতে প্রায় ১৬ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল। এবারও লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬-১৭ লাখ মেট্রিক টন আশা করা হলেও লবণের দাম কম এবং শৈত্যপ্রবাহ থাকায় অর্ধেক পরিমাণ জমিতে লবণ চাষ চলছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে ৫০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। মে মাস পর্যন্ত চলবে লবণ উৎপাদনের মৌসুম। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়ে সারা দেশের বার্ষিক চাহিদা পূরণ করা হয়। লবণ উৎপাদন, বিপণন ও সরবরাহে জড়িত রয়েছে জেলার প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ অন্তত পাঁচ লাখ মানুষ। ১৪ জানুয়ারি সকাল ১০টায় শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলের দুর্গম গ্রাম চৌফলদণ্ডী পরিদর্শন করে দেখা গেছে, হাজার হাজার একর মাঠ এখনো খালি পড়ে রয়েছে। অল্প জমিতে চাষিরা লবণ উৎপাদন করছেন। আবার সেই লবণ মাঠ থেকে কিনে নিয়ে ব্যবসায়ীরা কার্গো ট্রলারে বোঝাই করে সমুদ্রপথে ঢাকা, চট্টগ্রাম, পটিয়া, নারায়ণগঞ্জ, খুলনায় সরবরাহ দিচ্ছেন। পাশের গ্রাম খুরুশকুল, ঈদগাঁও, ভারুয়ালিতেও একই অবস্থা দেখা গেছে। চৌফলদণ্ডীর মাইজপাড়ার চাষি কাশেম আলী (৫০) জানান, তাঁরা তিনজন মিলে এবার ৯০ একর জমিতে লবণ চাষ করছেন। গত পাঁচ দিনে তাঁরা ৪০ মেট্রিক টন লবণ উৎপাদন করেন। বিক্রি করেন প্রতি মণ ৮০ টাকায়। এর মধ্যে ১৫ টাকা দালালদের হাতে তুলে দিতে হয়। লবণ বিক্রির অবশিষ্ট ৬৫ টাকায় দুই কেজি চালও পাওয়া যাচ্ছে না। দাম আরও অন্তত ২০-৩০ টাকা না বাড়লে অনেক চাষি মাঠে নামবেন না। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, নিলা, জাদিমুরা, হোয়াইক্যং, রঙ্গিখালীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, হাজার হাজার মেট্রিক টন লবণ মাঠে পড়ে রয়েছে। বিক্রি না হওয়ায় কেউ কেউ ওই লবণ মাটিতে পুকুর আকৃতির বড় বড় গর্ত খুঁড়ে, অনেকে উৎপাদিত লবণ গুদামজাত করে রাখছেন। সদর উপজেলার ইসলামপুরের আছিয়া সল্ট ইন্ডাস্ট্রিজের মালিক মনজুর আলম জানান, মিয়ানমার থেকে চোরাইপথে আসা এবং ভারত থেকে আমদানি করা লবণ দেশের লবণশিল্পকে ধ্বংস করে দিচ্ছে। ঢাকার প্রভাবশালী কিছু মিল-মালিক ভারত থেকে লাখ লাখ মেট্রিক টন লবণ নিয়ে এসে স্থানীয় চাষিদের জিম্মি করে ফেলছেন। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছ উদ্দিন জানান, সারা দেশে লবণের বার্ষিক চাহিদা ১৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ভোজ্য নয় লাখ আর শিল্প ও পশুখাদ্যের জন্য প্রয়োজন চার লাখ টন লবণ। কিন্তু কক্সবাজারের ৭০ হাজার একর জমিতে উৎপাদিত হয় ১৬-১৭ লাখ মেট্রিক টন লবণ। এরপরও অসাধু একটি চক্র দেশে লবণের ঘাটতির কথা বলে ভারত থেকে লাখ লাখ মেট্রিক টন লবণ নিয়ে আসছেন। কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, মৌসুমের শুরুতেই বিদেশ থেকে ব্যাপক হারে লবণ আমদানির কারণে লবণের দাম নিম্নমুখী হয়ে পড়ে। ফলে হাজার হাজার চাষি হতাশ হয়ে পড়েন। ধানের মতো সরকার লবণের মূল্য নির্ধারণ করে দিলে চাষিরা দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে নামতেন। মাঠে উৎপাদিত লবণের নায্যমূল্য নিশ্চিত ও লবণ বোর্ড গঠন এবং আমদানি বন্ধের দাবিতে বেশ কিছু দিন ধরে চাষিরা এলাকায় আন্দোলন শুরু করেছেন।