>অনেক বাসায় খাবার টেবিলে লবণ রাখা হয় না। রান্না করা খাবারে যেটুকু লবণ থাকে, সেটাই যথেষ্ট বলে ধরে নেওয়া হয়। তাদের ভয়, পাতে বাড়তি কাঁচা লবণ নিলে রক্তচাপ যদি বেড়ে যায়? যদি তা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়? পাতে লবণ নেওয়া ঠিক হবে কি না, তা নির্ভর করে শরীরের গঠন ও রান্না করা খাবারে কতটুকু লবণ আছে তার ওপর। এ বিষয়ে কিছু তথ্য জেনে নিন।

১. নিউইয়র্কের উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ স্যামুয়েল জে মান বলেন, আমরা তো শুধু বাসার রান্না খাই না, বাইরের খাবারও খাই। প্রায় ৭৭ শতাংশ লবণ খাওয়া হয়ে যায় বাইরের খাবার থেকে। আমাদের দেশে ঝালমুড়ি থেকে শুরু করে ডালপুরি, হোটেলের ভাজা মাছ-মুরগি, বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি ও রোস্টে প্রচুর লবণ থাকে। লবণ খাওয়া কমাতে হলে ওসব খাবার কমাতে হবে। আর তখন প্রয়োজনে পাতে লবণ নিলে ভয় থাকে না।
২. পাতে একেবারে লবণ নেব না বা ইচ্ছেমতো নেব, এর কোনোটাই ঠিক নয়। পরিমিত লবণ খেতে হবে, এটাই লক্ষ্য হওয়া উচিত।
৩. খুব কম লবণ খেয়ে রক্তচাপ কমানো যেতে পারে। তবে এতে বিপদের ভয়ও আছে। বিশেষত, প্রখর রোদে বেশিক্ষণ শারীরিক পরিশ্রমের কাজ করার জন্য যাঁদের শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে, তাঁরা প্রয়োজনে একটু বেশি লবণ খেতে পারেন।
৪. খুব কম লবণ খেলে বিশেষভাবে বয়স্কদের হাইপোনেট্রিমিয়া হতে পারে, অর্থাৎ তাঁদের রক্তে লবণের ঘনত্ব কমে যায়। এর ফলে বিরাগবোধ, বিবমিষা, ক্লান্তি, গোলমেলে ভাব ও খিঁচুনি হতে পারে।
৫. দিনে ২ হাজার ৩০০ মিলিগ্রাম বা এক চা-চামচের সামান্য বেশি পরিমাণ লবণ সঠিক লক্ষ্যমাত্রা বলে ধরা যেতে পারে এবং এই পরিমাণ লবণ খেলে শরীরের কোনো ক্ষতি হয় না। একজন আমেরিকান নাগরিক দিনে গড়ে প্রায় ৩ হাজার ৪০০ মিলিগ্রাম লবণ খায়।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস/ সায়েন্স টাইমস, ৭ জুলাই ২০১৫।