লবণ-পানিতে বিপজ্জনক মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণ-পানিতে নষ্ট হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত ২৭০ কিলোমিটার অংশ। কার্পেটিং উঠে গিয়ে সড়কে সৃষ্টি হচ্ছে ছোট-বড় গর্ত। এ ছাড়া লবণ পরিবহনের সময় পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অথচ এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই।
লবণচাষিদের সঙ্গে আলাপে জানা গেছে, টেকনাফ-কক্সবাজার সড়কের জাদিমুরা, দমদমিয়া, লেদা, হ্নীলা, রঙ্গিখালী, হোয়াইক্যং, সাবরাং, নয়াপাড়া, কক্সবাজার সদরের ভারুয়াখালী, খুরুশকুল, ইসলামপুর ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অন্তত দুই শতাধিক ট্রাক বোঝাই করে শত শত মেট্রিক টন লবণ চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হচ্ছে।
৩ মার্চ দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গিখালী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে পাশের মাঠে উৎপাদিত ভেজা লবণ বোঝাই করা হচ্ছে। এসব লবণ পরিবহনের সময় পলিথিন মোড়ানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। হোয়াইক্যং ও মরিচ্যা সড়কেও একই চিত্র নজরে পড়ে।
সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে লবণ বোঝাইয়ের কারণ জানতে চাইলে হোয়াইক্যং এলাকার চাষি সৈয়দ আমিন (৫৫) বলেন, এখানে লবণ মজুদ করার কোনো গুদাম নেই। ফলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মাঠ থেকে লবণ বোঝাই করা হয়।
উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, লবণ-পানিতে সড়ক পিচ্ছিল হওয়ায় প্রায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত বছরের ১৪ নভেম্বর উখিয়া কলেজ গেট মোড়ে দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ যাত্রী।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, লবণ-পানির কারণে কক্সবাজার-টেকনাফ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় ২৭০ কিলোমিটারে ব্যাপক ক্ষতি হচ্ছে। সম্প্রতি কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অংশে ৭৭ কোটি টাকার সংস্কারকাজ চলছে। কিন্তু লবণ-পানিতে ভিজে নতুন বিটুমিন উঠে যাচ্ছে। তৈরি হচ্ছে খানাখন্দ। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। কক্সবাজার ট্রাক মালিক ঐক্য পরিষদের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, ‘টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া পর্যন্ত ট্রাকে পলিথিন বিছিয়ে লবণ বোঝাই করে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছি অনেক দিন ধরে। কিন্তু প্রশাসন তা বাস্তবায়নে গরজ দেখাচ্ছে না। লবণ-পানিতে ট্রাকের ইঞ্জিন ও চাকা নষ্ট হচ্ছে।’
এ প্রসঙ্গে লবণ ব্যবসায়ী জানান, ট্রাকের নিচে পলিথিন বিছিয়ে লবণ বোঝাই করলে সড়কে পানি পড়বে না, এটা ঠিক। কিন্তু পলিথিনের ওপর জমে থাকা পানিতে অর্ধেক লবণ গলে যায়, যার জন্য পলিথিন বিছানো হয় না।
কক্সবাজার আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, গত দুই মাসে টেকনাফ থেকে চকরিয়া পর্যন্ত প্রায় ১৭০ কিলোমিটার সড়কে ২০টির বেশি সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে লবণ-পানিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, লবণ-পানিতে সড়ক ঝুঁকিপূর্ণ হলেও পুলিশের করার কিছু থাকে না। লবণবোঝাই ট্রাক জব্দ করলেও পরে ছেড়ে দিতে হয়। এ ক্ষেত্রে নীতিমালা করা দরকার।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘পলিথিন মুড়িয়ে ট্রাকে লবণ পরিবহনের নিয়ম থাকলেও অনেকে তা অমান্য করছেন বলে অভিযোগ পাচ্ছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’