লবণবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই রাজার গল্পটা মনে আছে? যাঁর ছোট মেয়ে বলেছিল, বাবাকে সে ভালোবাসে লবণের মতো? রাজকুমারীর কথা শুনে তৎক্ষণাৎ রাজা মর্মাহত হলেও একসময় লবণের মর্ম ঠিকই বুঝেছিলেন। তবু কিন্তু রাজা লবণ দিয়ে প্রাসাদ বানানোর কোনো পরিকল্পনা করেননি। তবে বলিভিয়ায় লবণ দিয়ে প্রাসাদ বানানোর ঘটনা ঘটেছে। ‘প্যালেসিও দে সাল’ বা ‘লবণের প্রাসাদ’ নামের একটি হোটেল তৈরি করা হয়েছে বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজের দক্ষিণে, ‘সালার দে ইয়ুনি’ নামক স্থানে।

হোটেলের সবকিছুই লবণ দিয়ে তৈরি। চেয়ার-টেবিল-খাট—মানে আসবাব থেকে শুরু করে দেয়াল, মেঝে, ছাদ সবকিছুই। হোটেলটি তৈরি করতে তাই খরচ হয়েছে ১০ হাজার ৫০০ টনেরও বেশি লবণ। ১৯৯৩ সালে প্রথম যখন হোটেলটি নির্মাণ করা হয়, তখন সেখানে ছিল মাত্র ১২টি কক্ষ। কিন্তু পয়োনিষ্কাশনের সমস্যা ও পরিবেশদূষণের অভিযোগে সরকার বন্ধ করে দেয় হোটেলটি।

কিন্তু প্যালেসিও দে সাল পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাই ২০০৭ সালে সেটিকে পুনরায় তৈরি করা হয়। ইয়ুনি শহরের ২৫ কিলোমিটার দূরে, একেবারে পূর্ব প্রান্তে। পরিবেশদূষণের ঝামেলা এড়াতে আরও মানসম্মতভাবে তৈরি করা হয়, কক্ষ বানানো হয় ৩০টি। সেই সঙ্গে রাখা হয় ছোট একটি রেস্তোরাঁ। সেখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি জানেন? সল্ট চিকেন!

প্যালেসিও দে সাল হোটেলের অন্দর
প্যালেসিও দে সাল হোটেলের অন্দর

হোটেলের খাবারে যদি লবণ কম হয়ে যায়, তবে কষ্ট করে ওয়েটারকে ডাকার দরকার কী? দেয়াল থেকে এক চিমটি নিয়ে নিলেই হয়। এমন বুদ্ধি অনেক পর্যটকের মাথায় এসেছিল কি না, কে বলবে? তবে হোটেলের কড়াকড়ি নিয়ম—হোটেলের আসবাব, ভাস্কর্য, দেয়াল বা মেঝে—এসব থেকে এক বিন্দু লবণ খাওয়া যাবে না!

সবকিছু লবণ দিয়ে তৈরি কেন? এই প্রশ্ন মাথায় আসতেই পারে। বলিভিয়ার সালার দে ইয়ুনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লবণাক্ত সমতলভূমি। ৪০০০ বর্গমাইল এই সমভূমির পুরোটাই লবণ দিয়ে ঢাকা। দেখলে তুষার ভেবে ভুল করবে অনেকেই। তুষারশুভ্র স্থানটি মহাকাশ থেকেও দেখা যায়। স্থানীয় লোকদের মধ্যে অনেক রকম গল্প প্রচলিত আছে জায়গাটিকে ঘিরে। সবচেয়ে প্রচলিত গল্পটি হচ্ছে, কোনো এক দুঃখী মায়ের চোখের পানি শুকিয়েই তৈরি হয়েছে এই লবণাক্ত ভূমি। আবার অনেকেই মনে করেন, প্রাগৈতিহাসিক সময়ে হ্রদ ছিল এখানে। সেটি শুকিয়েই তৈরি হয়েছে এই বিস্ময়কর স্থানটি। বৃষ্টির দিনে সবচেয়ে মনোরম হয়ে ওঠে সালার দে ইয়ুনি। তখন সেটিকে দৈত্যাকৃতির আয়না বললেও বাড়াবাড়ি হবে না।

বিজনেস ইনসাইডার অবলম্বনে ফাহমিদা আলম