লবণমাঠ দখলে মরিয়া সন্ত্রাসীরা
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া আজগরবাপের ঘোনা ও ডাউক্যাঘোনায় লবণমাঠ দখলে মরিয়া হয়ে উঠেছে একটি সন্ত্রাসী বাহিনী। ইতিমধ্যে সন্ত্রাসীরা চাষিদের ওপর কয়েক দফা হামলা চালিয়ে মাঠে উৎপাদিত লবণ লুট করেছে। এ ব্যাপারে মহেশখালী থানায় একাধিক মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় লোকজন জানান, গত ৩১ ডিসেম্বর সন্ত্রাসীরা চাঁদার দাবিতে স্থানীয় চাষি নুরুল আলমকে পিটিয়ে আহত করে। ওই ঘটনায় হাছান আলী, আবুল হোসেন, কালু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সিরাজুল হক বলেন, সন্ত্রাসীরা তাঁর মালিকানাধীন প্রায় ৪০ একর লবণমাঠ দখলেরও চেষ্টা চালাচ্ছেন। লবণ লুটের জন্য প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে সন্ত্রাসীরা। এতে চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আঁধারঘোনা গ্রামের বাসিন্দা আবু নোমান বলেন, ‘২ জানুয়ারি হাছান আলীর নেতৃত্বে আমার ৪০ কানি জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এই ঘটনায় হাছান আলীসহ ৩১ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এখন সন্ত্রাসীরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।’ একাধিকবার যোগাযোগ করেও এ প্রসঙ্গে হাছান আলীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় একটি সূত্র জানায়, গ্রেপ্তার আতঙ্কে তিনি দিনের বেলায় বঙ্গোপসাগরে বিভিন্ন ট্রলারে অবস্থান করেন। রাতে উপকূলে আসেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাছান আলীসহ অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু আত্মগোপনে থাকায় তাঁকে ধরা যাচ্ছে না।’