লবণমাঠে আমনের বাম্পার ফলন
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং থেকে জাদীমুরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের পূর্ব পাশে (নাফ নদীর তীরে) বিশাল মাঠজুড়ে এখন সবুজের সমাহার। বাতাসে দোল খাচ্ছে ধানের শিষ। এতে মহাখুশি এলাকার হাজার হাজার চাষি। কারণ অল্প কিছুদিন পর এই সোনালি ধানে ভরবে তাঁদের গোলা।উপজেলার উলুবনিয়া গ্রামের চাষি মমতাজুল হক (৪৭) জানান, এবারের ভারী বর্ষণে মাঠে লবণের তীব্রতা কমে গেছে। আর পরিবেশটাও অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। চার বছর ধরে লবণ উৎপাদনের জমিতে ধানের চাষ হলেও এ রকম বাম্পার ফলন অতীতে দেখা যায়নি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত বছর টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন—সাবরাং, সদর টেকনাফ, হোয়াইক্যং, নিলাসহ বিভিন্ন স্থানের প্রায় পাঁচ হাজার হেক্টর লবণ উৎপাদনের জমিতে ১০ হাজার ২০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। এবার বাম্পার ফলন হওয়ায় সমপরিমাণ জমিতে ১৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে এই ধান পাকবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের শস্য উৎপাদন বিভাগের এক কর্মকর্তা জানান, টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন লবণ উৎপাদনশীল জমিতে এবারও বিপুলসংখ্যক চাষি ঝুঁকি নিয়ে আমনের চাষ শুরু করেন। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাম্পার ফলন হয়েছে। তা ছাড়া এবার অধিকাংশ জমিতে লবণসহিষ্ণু ব্রি-৩০ ও ৩২ জাতের ধানের চারা রোপণ করা হয়েছে। অতিরিক্ত লবণাক্ততার কারণে ১০ শতাংশ চারা মারা গেলেও অন্যান্য চারা রক্ষা পায়। তবে ফলন বেশি হয়েছে ব্রি-৪০ ও ৪১ জাতের চারায়। লবণমাঠের জন্য এই জাতের চারাই বেশি উপযুক্ত মনে হচ্ছে। আগামী মৌসুমে লবণমাঠে এই জাতের চারা লাগানোর জন্য চাষিদের উৎসাহিত করা হবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হোয়াইক্যং, ঝিমংখালী, উলুবনিয়া, নিলা, মৌলভীবাজার, লেদা, জাদীমুরা, দমদমিয়া, রঙ্গিখালী, আলীখালী, সদর টেকনাফ, কেরনতলী, বরইতলী, সাবরাং, নয়াপাড়া, কাটাবনিয়া, হারিয়াখালী, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়াসহ অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার হেক্টর লবণমাঠে আমনের বাম্পার ফলন হয়েছে।উলুবনিয়া গ্রামের চাষি সৈয়দ আমিন (৪৫) জানান, চরম ঝুঁকি মাথায় নিয়ে এবার দুই একর লবণমাঠে আমন ধানের চারা রোপণ করেছিলাম। গত সেপ্টেম্বর মাসজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় লবণাক্ততা থেকে ৯০ শতাংশ চারা রক্ষা পায়। এখন সেই চারায় বাম্পার ফলন ধরেছে। আগামী ১৫ থেকে ২০ দিন পর এই ধান পাকবে। রঙ্গিখালী গ্রামের চাষি নূর মোহাম্মদ (৪৩) জানান, নাফ নদীসংলগ্ন এই জমিতে এক যুগের বেশি সময় ধরে লবণ উৎপাদিত হয়ে আসছে। লবণ উৎপাদনের জমিতে ধানের চাষ হয় না। কারণ অতিরিক্ত লবণের কারণে চারা পুড়ে (মরে) যায়। কিন্তু চার বছর ধরে চাষিরা এসব লবণমাঠে ঝুঁকি নিয়ে ধানের চাষ করে আসছেন। কারণ খাদ্যসংকট ও চাহিদা পূরণ।অন্যান্য বছর প্রতি কানি (৪০ শতক) লবণমাঠে ৩০ থেকে ৪০ আড়ি (প্রতি আড়িতে ১৪ কেজি) ধান পাওয়া গেলেও এবার ৫০ থেকে ৭০ আড়ি পর্যন্ত ধান পাওয়া যাবে। এতে লাভবান হলে আগামী সময়ে এই ধান চাষে চাষিরা উৎসাহিত হবেন।