লবণাক্ত জমিতে বোরোর ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বোরো মৌসুম এলেই অনাবাদি পড়ে থেকেছে জমি। বেকার হয়ে অলস সময় কাটত কৃষকদের। অবশেষে সেই জমিতে ফলল বোরো ধান। তাও প্রথম বারেই বাম্পার ফলন। কক্সবাজারের মহেশখালী উপজেলায় এই প্রথম লবণাক্ত অনাবাদি জমিতে নতুন জাতের বোরো ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। প্রথম বারেই উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন কৃষি কর্মকর্তা ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লবণাক্ততার কারণে বোরো মৌসুমে স্থানীয় কৃষকেরা জমিতে চাষ করতে পারেননি। ফলে পৌরসভা ও সাতটি ইউনিয়নে প্রায় এক শ হেক্টর জমি অনাবাদি পড়ে থাকত। বেকার থাকতেন দুই শতাধিক কৃষক। সেই দিন পাল্টে গেছে এবার। সোনালি ধানে ভরে গেছে জমি।

গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ছোট মহেশখালী, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের ১৮টি গ্রামে স্থানীয় কৃষকেরা ধান কাটা নিয়ে ব্যস্ত। ধান কাটার ফাঁকে কথা হয় কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদপাড়ার কৃষক আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, লবণাক্ততার পরিমাণ বেশি থাকায় কয়েক যুগ ধরে দুই হেক্টর জমিতে বোরো চাষ করা সম্ভব হয়নি। কিন্তু এবার বোরো মৌসুমে ওই লবণাক্ত জমিতে নতুন জাতের (বিনা-৮) ধান চাষ করে ভালো ফলন হয়েছে।

বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার কৃষক আমান উল্লাহ ও নুর হোসেন জানান, বর্ষা মৌসুমে কোনো রকম আমন চাষ করা সম্ভব হয়। কিন্তু শুষ্ক মৌসুমে জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় বোরো চাষ হয় না। এতে তাঁদের মতো এলাকার আশপাশের অনেক কৃষক বেকার হয়ে পড়েন। এখন কৃষি কার্যালয়ের সাহায্যে বোরো চাষ করে ফলন ভালো হওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় হোয়ানক ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে প্রায় ৮০ হেক্টর লবণাক্ত জমিতে এই প্রথম ১২০ জন কৃষক নতুন জাতের ধান (বিনা-৮ ও ১০) চাষ করেন। আর প্রদর্শনী প্লট করা হয় ৫৩টি। এতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮০ মেট্রিকটন ধান।

জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন বলেন, এবার বোরো মৌসুমে প্রথম বারের মতো লবণাক্ত অনাবাদি জমিতে নতুন জাতের ধানে বেশ ভালো ফলন হয়েছে। হাসি ফুটেছে কৃষকের মুখে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ধান কাটা শুরু হয়েছে। আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অন্তত সাড়ে ৫০০ মেট্রিকটন ধান উৎপাদন হবে।