লবণাক্ততার আশঙ্কায় বোরো চাষ কমছে বোয়ালখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীতে কৃষকদের বোরো চাষে উদ্বুদ্ধ করতে প্রচার চালাচ্ছে কৃষি বিভাগ। কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় গত কয়েক মৌসুমে বোরোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় নদীতে লবণাক্ততা বাড়ার সম্ভাবনা কম। আবাদ বাড়াতে কৃষকদের লবণাক্তসহিষ্ণু ব্রি-৪৭ জাতের ধান চাষে উদ্বুদ্ধ করছেন তারা।২০০৬-০৯ পর্যন্ত চারটি বোরো মৌসুমে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে বোরো আবাদ করতে পারেননি বেশির ভাগ কৃষক। গত পাঁচ বছরে বোরো চাষের লক্ষ্যমাত্রার সূচক কমেছে অর্ধেকের চেয়ে বেশি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে তিন হাজার ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। এ বছর এক হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পাঁচ বছরে লক্ষ্যমাত্রা কমেছে এক হাজার ৬০০ হেক্টর। অথচ বোয়ালখালীতে চাষযোগ্য জমির পরিমাণ ছয় হাজার ৮০০ হেক্টরের মতো। ২০০৬ সালে ১২৩ দশমিক ৭০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে লোনা পানি বেড়ে যাওয়ার কারণে। ২০০৮ সালে নষ্ট হয়েছে এক হাজার ৫০০ হেক্টর এবং ২০০৯ সালে নষ্ট হয় ১৪১ হেক্টর জমির ধান। পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকার কৃষক বাদশা মিয়া (৭৫) বলেন, ‘লোনা পানির কারণে বোরো ও শীতকালীন সবজিখেত পর পর দুই বছর নষ্ট হয়ে গেছে।’ একই এলাকার মো. বাবুল বলেন, ‘টানা দুই বছর বোরো চাষে মার খেয়ে গত বছর চাষ করিনি। পাঁচ একর জমি অনাবাদি থেকে গেছে। এবারও চাষ করব কি না, জানি না।’ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৬ সাল থেকে কর্ণফুলীতে লোনা পানি বেড়েছে। ২০০৯ সালে লবণাক্ততা বেড়ে সর্বোচ্চ ২৮ দশমিক ৬ ডেসিমিটারে পৌঁছায়। লোনা পানি কর্ণফুলীর সংযুক্ত খালের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার কধুরখীল, শাকপুরা, পশ্চিম গোমদণ্ডী ও আহলা-করলডেঙ্গা ইউনিয়নে বোরোর আবাদ ব্যাহত হচ্ছে। করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কুমকুম দাশ বলেন, ‘গত বোরো মৌসুমে ইউনিয়নের প্রায় এক হাজার ৬০০ একর জমিতে বোরো চাষ হয়নি। কৃষকদের চাষাবাদে অনাগ্রহের কারণে ওই এলাকার ১৭টি সেচযন্ত্র বন্ধ ছিল। এবার চাষাবাদে কৃষকদের উৎসাহী করতে পাড়ায়-মহল্লায় মাইকযোগে প্রচার চালানো হচ্ছে।’বোয়ালখালী কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, ‘লোনা পানির সঙ্গে বিভিন্ন কলকারখানার দূষিত পানি খালে ফেলায় বোরো চাষের ক্ষতি হচ্ছে।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘লোনা পানির কারণে কয়েক বছর ফসল না হওয়ায় কৃষকেরা বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় কর্ণফুলী নদীতে লোনা পানি না আসার সম্ভাবনা রয়েছে। কৃষকদের ভয় কাটাতে পাড়ায় পাড়ায় প্রচার ও বিভিন্ন স্থানে সভা করে চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। লোনা পানিসহিষ্ণু ব্রি-৪৭ জাতের ধান রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।’ জেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘কাপ্তাই হ্রদে পানি যথেষ্ট রয়েছে। হ্রদের পানি ছাড়লে সাগরের লোনা পানি উজানের দিকে ওঠার আশঙ্কা কম থাকে। এবার লোনা পানি না আসার সম্ভাবনা রয়েছে। কৃষকেরা অনেকটা নিরাপদে বোরো আবাদ করতে পারবেন।’