লবণের কেজি দুই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও লবণের বাম্পার উৎপাদন হলেও চাষিদের মুখ ভার। কারণ বাজারে এক মণ লবণ (অপরিশোধিত) ৮০ টাকার বেশি বিক্রি হচ্ছে না। সেই হিসাবে প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে দুই টাকায়। সেখান থেকে পরিবহন, শ্রমিক ও পলিথিন কেনার খরচ বাদ দিলে চাষির পকেটে যাচ্ছে মাত্র এক টাকা। অথচ সেই লবণ প্যাকেটজাত করে বিভিন্ন কোম্পানি বাজারে বিক্রি করছে প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায়।

সরেজমিনে দেখা গেছে, রঙ্গিখালী, জাদীমুরা, লেদাসহ বিভিন্ন এলাকার অন্তত পাঁচ হাজার একর জমিতে বিপুল পরিমাণ লবণ পড়ে রয়েছে। অনেকে উৎপাদিত লবণ মাটির নিচে গর্ত খুঁড়ে, কেউ আবার গুদামজাত করে রাখছেন।

এর কারণ জানতে চাইলে স্থানীয় সিকদারপাড়ার চাষি দিল মোহাম্মদ (৪৪) জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিনি চার একর জমিতে লবণ চাষ করেছেন। শুরুতে প্রতি মণ লবণ ২০০ টাকায় বিক্রি করলেও এখন মাত্র ৭০ টাকা। কারণ মিয়ানমার ও ভারতীয় লবণ ঢুকে পড়েছে বাজারে। একশ্রেণীর প্রভাবশালী বিদেশ থেকে লবণ এনে বাজার সয়লাব করছে। ফলে স্থানীয় চাষিরা লবণের দাম পাচ্ছেন না।

লেদা গ্রামের চাষি মনির আহমদ (৪৫) জানান, প্রতি একর জমি ১৫ হাজার টাকায় বর্গা নিয়ে তিনি মাঠে নামেন। কিন্তু উৎপাদিত লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় এ পর্যন্ত তাঁর দেড় লাখ টাকা লোকসান গেছে।

অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ, সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীতে গত কয়েক দিন ধরে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এই হিসাবে প্রতি কেজি লবণের দাম পড়ে দেড় থেকে দুই টাকা। কিন্তু পরিবহন ও শ্রমিক খরচ বাদ দিলে এক টাকার বেশি থাকছে না।

কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, ‘লবণের দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় জেলার ৫৫ হাজার প্রান্তিক চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁরা লবণ বিক্রি করে জমির লাগিয়ত (ইজারা), শ্রমিক ও পরিবহন খরচ তুলতে পারছেন না। এখন চাষিদের লোকসান থেকে রক্ষা করতে হলে বিদেশ থেকে লবণ আনা বন্ধ করতে হবে।’

বিসিক সূত্র জানায়, চলতি সালে দেশের লবণের জাতীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। অথচ কক্সবাজারের মাঠ থেকেই জাতীয় চাহিদার সেই লবণ উৎপাদন হচ্ছে। এখন বিদেশি লবণ আনা বন্ধ না হলে সমস্যা আরও বাড়বে। প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ জেলার পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন ও শিল্পের সঙ্গে জড়িত।

বিসিক কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, গত ২৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের (১ জানুয়ারি থেকে ১৫ মে) গত চার মাসে জেলার ৫৯ হাজার ৯৬০ একর জমিতে লবণ উৎপাদিত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৭৫০ মেট্রিক টন।

১৫ মে পর্যন্ত মৌসুমে অতিরিক্ত সময়ে আরও তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তা ছাড়া গত মৌসুমে উৎপাদিত আরও সাত লাখ মেট্রিক টন লবণ মাঠে পড়ে রয়েছে। কিন্তু তার পরও বিদেশ থেকে লবণ নিয়ে আসায় স্থানীয় চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।