লবণের মাঠে তরমুজের হাসি
গত কয়েক বছর ধরে যেসব জমিতে লবণ চাষ হতো এখন সেখানেই ফলছে তরমুজ আর বাঙ্গি। লবণের দাম কমে যাওয়ায় চাষিরা এ বছর লবণ চাষ না করার সিদ্ধান্ত নেন। এখন মাঠজুড়ে সবুজ-সাদা রঙের ডোরাকাটা তরমুজ ও সবুজ-হলুদ বাঙ্গি দেখে খুশি কৃষক। তীব্র গরম পড়ায় বিক্রিও হচ্ছে চড়া দামে। কক্সবাজারের টেকনাফ উপজেলার চাষিরা লবণের মাঠে এমন তরমুজ বিপ্লব ঘটিয়েছেন।
৭ এপ্রিল দুপুরে টেকনাফ পৌর এলাকার পুরোনো বাস স্টেশনের বিভিন্ন স্থানে পিকআপ, জিপগাড়ি, ভ্যানগাড়ি ও অটোরিকশায় করে তরমুজ ও বাঙ্গি নিয়ে আসেন স্থানীয় কয়েকজন ফল ব্যবসায়ী। এঁদের একজন নুরুল ইসলাম জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ, কাটাবুনিয়া, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় লবণ মাঠে তরমুজ ও বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। টেকনাফ শহরে প্রতিটি তরমুজ ও বাঙ্গি বিক্রি হচ্ছে ৮০-১৩০ টাকায়।
ফল ব্যবসায়ী ফরিদ আলম জানান, বিক্রি ভালো হওয়ায় লাভও বেশি হচ্ছে। টেকনাফে উৎপাদিত তরমুজ ও বাঙ্গি চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
টেকনাফের দমদমিয়া এলাকার তরমুজ চাষি সাব্বির আহমদ (৩৮) জানান, অন্যান্য স্থানের তুলনায় প্রায় দেড়-দুই মাস আগে টেকনাফের চাষিরা তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন। প্রতি কানিতে খরচ হয়েছে প্রায় ২০-২৫ হাজার টাকা। ভালো ফলন হওয়ায় গত পাঁচ দিনে সাব্বির ৯০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। খেতের বাকি তরমুজ ও বাঙ্গি বিক্রি করে আরও দেড়-দুই লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি।
চাষিরা জানান, এখন খেতে ১০০টি তরমুজ বিক্রি হচ্ছে চার হাজার টাকায়। দাম ক্রমশ বাড়ছে। দাম বাড়ায় চাষিরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন।
হ্নীলার লেদা এলাকার তরমুজ চাষি রহমত উল্লাহ (৩৮) বলেন, ‘গত কয়েক বছর ধরে পাঁচ কানি জমি বর্গা নিয়ে লবণ চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ করে দুই-এক বছর ধরে বাজারে লবণের দাম না পাওয়ায় জমিতে এবার তরমুজ ও বাঙ্গির চাষ করেছি।’ ভালো ফলন হওয়ায় ভবিষ্যতেও তরমুজের চাষ করবেন বলে জানালেন তিনি।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৩১৩ জন চাষি আট হাজার ৩০০ একর জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন। গত বছরের চেয়ে ৩৫০ একর জমিতে তরমুজ চাষ বেশি হয়েছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, চলতি বছরে উপজেলার সদর, সাবরাং, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বিভিন্ন এলাকার ধানী ও পাহাড়ি জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ হচ্ছে। তার মধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকজন চাষি লবণ মাঠে তরমুজ ও বাঙ্গির চাষ করে ভালো ফলন পেয়েছেন।