লম্বক আর বালির যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে অথৈ জলরাশি। কত দূরে যে লোকালয় তার হদিস পাওয়া ভার! চোখ যা দেখতে পাচ্ছে, তা শুধুই নীল রঙে ভরা। গাঢ় নীল! এ কি তবে ‘নীল নদ’? এ ভ্রান্তি অনেককে তাড়া করে ফিরল। মুহূর্তেই আমাদের গাইড আরিফ চং নিশ্চিত করলেন, না, এটা ভারত মহাসাগর। আর কিছুদূর গেলেই ছেঁড়াদ্বীপ গিলি। স্পিডবোটে ঘণ্টাখানেক চলার পর এই ‘নীল নদ’-এ লাইফজ্যাকেট পরিয়ে আমাদের ছেড়ে দেওয়া হলো মাঝসমুদ্রে। গাইড নিশ্চিত করলেন এখানে সমুদ্রের গভীরতা খুব বেশি নয়, ১০-১৫ ফুটের মতো, তাই এখানে পর্যটকদের আনা হয়। লাইফজ্যাকেট পরে আমরা সবাই সাঁতারু বনে গেলাম। আর যাঁরা একটু সাহসী তাঁরা চোখে-মুখে অক্সিজেন মাস্ক পরে সমুদ্রের তলদেশের শৈবাল-প্রবাল আর মাছের সঙ্গে মিতালি শুরু করলেন। এভাবে ইন্দোনেশিয়ার লম্বক-গিলি এবং বালির সমুদ্রসৈকতে অবগাহন করতে করতেই কেটে গেল সাত দিন। লাখপতি হওয়ার সুখ!লম্বক বিমানবন্দরে নেমে নিজের মালপত্র বুঝে নিয়ে আমাদের প্রথম কাজ হলো গাইডকে খুঁজে বের করা। কিন্তু গাইডের টিকিটিও খুঁজে পাচ্ছি না। কল করাটা তাই জরুরি হয়ে পড়ল। দাম শুনে তো আমাদের চক্ষু চড়কগাছ! একটা লোকাল কল ২০ হাজার রুপিয়া! পরে অবশ্য মানি এক্সচেঞ্জে গিয়ে আমাদের সংবিৎ ফিরল। ১০০ ইউএস ডলার বদল করলেই আমরা পেয়ে গেলাম লাখ রুপিয়ার ওপরে। ক্যালকুলেটার টিপে টিপে সবাই আবিষ্কার করে অবশেষে থামলেন, বাংলাদেশি এক টাকা সমান ১২৪ ইন্দোনেশিয়ান রুপিয়া। বুঝলাম এখানে হাজার টাকা তো হাতের ময়লা! তাই তো, এক কাপ চা বা কফি খেতেই উধাও হয়ে যাচ্ছে ২০ থেকে ৩০ হাজার রুপিয়া!লম্বক: সৌন্দর্যের লীলাভূমিলম্বক প্রদেশের জনসংখ্যা প্রায় ৩২ লাখ। লম্বকে যেমন রয়েছে নীল জলে সমুদ্রে অবগাহন করার সুখ, তেমনি রয়েছে দীর্ঘ জলপ্রপাত, চমৎকার সব পাহাড়। পাহাড়ি রাস্তা যে এত দৃষ্টিনন্দন আর এত আকর্ষণীয় হতে পারে তা এখানে না এলে অজানাই থেকে যেত।লম্বকের ‘ছেঁড়াদ্বীপ’ গিলিগিলি দ্বীপ লম্বকের ছেঁড়াদ্বীপ। এ এক অদ্ভুত শহর। ঘোড়ার গাড়ি এখানে মূল বাহন। আর রয়েছে পায়ে চালানো সাইকেল। যন্ত্রচালিত যানবাহন চলাচলে এখানে নিষেধাজ্ঞা আছে। গিলি শহরে মোট রাস্তা একটি। এক রাস্তাই বৃত্তাকারে ঘুরে-ফিরে এসেছে। রাস্তাটা যেন ছবির মতো আঁকা। নেই এক ফোঁটা ধুলো। সমুদ্রতীর দিয়ে পুরো শহর ঘুরে আসতে আপনার ঘণ্টাখানেকের বেশি সময় লাগবে না।খাবারদাবারইন্দোনেশিয়ার তাপমাত্রা অনেকটা বাংলাদেশের মতো। তবে লম্বকের আবহাওয়ার একটা লোভনীয় দিক হচ্ছে এখানে সমুদ্র তীরে কোনো ধুলো নেই। তাই বেশির ভাগ রেস্তোরাঁই গড়ে উঠেছে সমুদ্রের গা-ঘেঁষে। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর তার পাশে বসে গলদা চিংড়ি, টোনা ফিশসহ হরেক রকম সামুদ্রিক মাছের বার-বি-কিউর স্বাদ কি আর ভোলা যায়! তবে এ সফরে আমাদের সবচেয়ে মুগ্ধ করেছে সুস্বাদু মিষ্টি হলুদ তরমুজ। ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই এখানে হালাল খাবারের জন্য হাপিত্যেশ করতে হয় না। উৎসবের নগর বালিলম্বক থেকে মাত্র ৩০ মিনিটের ফ্লাইটে আমরা পৌঁছে গেলাম বালি। তবে লম্বক থেকে সমুদ্রপথেও বালি আসা যায়। সমুদ্রপথে আড়াই ঘণ্টার বিলাসবহুল নৌভ্রমণ। বিমানের চেয়ে নৌভ্রমণে খরচা পড়বে সামান্য বেশি। বালিতে আমাদের গাইড ভীরা (বীর) জানান, বালি প্রদেশের জনসংখ্যা প্রায় ৪২ লাখ। ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বালির জনগণের ৯২ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। বিষয়টা একটু খটকা লাগলেও ইন্টারনেটে তথ্য-তালাশ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেল। তবে ধর্ম বা বর্ণ এখানে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি।গাইড বীরের মুখ থেকে শোনা গেল, বালি মানে আসলে ‘দিওয়ালি’। কালক্রমে তা ‘ওয়ালি’ হয়ে ‘বালি’ নাম ধারণ করেছে। বালিতে রয়েছে অসংখ্য মন্দির। আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল মাঙ্কি টেম্পল আর টানা লট টেম্পলে। সবশেষে সন্ধ্যায় নুসা দুয়ায় আমার অবাক বিস্ময়ে অবলোকন করলাম, ঐতিহ্যবাহী বালি নৃত্য। বিস্ময়ের ঘোর কাটতে কাটতে না কাটতেই বালিতে আমাদের সময় ফুরিয়ে এল। কেনাকাটা আর সমুদ্রসৈকতে বাকি সময় কাটিয়ে আমরা পরদিন বালি-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট ধরলাম। সিঙ্গাপুর এলারলাইনসের বিশ্বমানের আতিথেয়তায় ভর করে ফিরে এলাম প্রিয় ঢাকা শহরে।যেভাবে যাবেনলম্বক অনেক রুটেই যাওয়া যায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে লম্বক-বালি কয়েক ঘণ্টার আকাশ ভ্রমণ। তাই জাকার্তার বদলে ঢাকা-সিঙ্গাপুর হয়ে লম্বক যাওয়ায় হবে সময়সাশ্রয়ী। ঢাকা-লম্বক পথে সিঙ্গাপুর এয়ারলাইনসেরই রয়েছে সরাসরি ফ্লাইট। আপনি চাইলে অবশ্য ফেরার সময় সিঙ্গাপুরে এক দিন যাত্রাবিরতি করে কেনাকাটার কাজটিও সেরে নিতে পারেন। প্রায় একই খরচে ‘এক ঢিলে দুই পাখি মারা’র সুখটাই বা হাতছাড়া করবেন কেন!  সিঙ্গাপুর এয়ারওয়েজ অচিরেই চালু করতে যাচ্ছে ঢাকা-লম্বক-ঢাকা বিশেষ প্যাকেজ। বিস্তারিত যোগাযোগ: সিঙ্গাপুর এয়ারওয়েজ, গুলশান টাওয়ার, গুলশান-২, ফোন: ৯৮৫১৮৮১