লম্বা কামিজে লম্বা কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে লম্বা পোশাকের ফ্যাশন। ক্যাম্পাসে, অফিসে এবং সন্ধ্যা ও রাতের পার্টিতে। কিন্তু সময়টা তো মনে রাখতে হবে। গ্রীষ্মের আগুন যে জ্বলছে কৃষ্ণচূড়ার ডালে। সন্ধ্যার পার্টি পোশাকে তাই বুঝি লেগেছে গ্রীষ্মের রং। বাড়ছে ফুলেল প্রিন্টে ইয়কসহ অন্যান্য এমব্রয়ডারির কাজ। একই পোশাকে দৃশ্যমান রঙের বৈপরীত্য। পার্টির লম্বা পোশাকের নতুন কাজ, ধাঁচ আর রঙের খেলায় মেতে এবারের নকশার আয়োজনও তাই গ্রীষ্মের মতোই বাহারি।প্রথমেই বলি পোশাকের ধাঁচের কথা। ফ্যাশন হাউস ওটুর ফ্যাশন পরামর্শক আসিফ ইকবাল বলেন, গ্রীষ্মের লম্বা ঝুলের পার্টি পোশাকে দুটি ধাঁচ বেশি দেখা যাচ্ছে। কাফতান আর লম্বা কামিজ। সাদা, হলুদ, ফিরোজা, কমলা, গোলাপি, নীলের মতো উজ্জ্বল রং সন্ধ্যার পোশাকগুলোকে রাঙিয়ে তুলছে। লিনেন, ভয়েল, শিফন, সুইস ক্রেপ, জর্জেট কাপড়েই তৈরি হচ্ছে সন্ধ্যার পোশাক। ফ্যাশন হাউস দরজির স্বত্বাধিকারী সাশা মানসুর চৌধুরী বলেন, এই সময়ের পার্টি পোশাকে সবচেয়ে লক্ষণীয় হলো রঙের বৈপরীত্য। আর লম্বা এমব্রয়ডারি। গলা থেকে প্রায় কোমর পর্যন্ত নেমে আসছে এমব্রয়ডারির কাজ। একই পোশাকে বিপরীত রঙের পাড়, সুতার কাজ খুব জনপ্রিয় এখন। যেমন, সাদা-কালো পোশাকেই কলকি কিংবা পাইপিং করে লাল রং জুড়ে নিচ্ছেন অনেকে। দেখা যাচ্ছে কোমল হলুদ আর ফিকে কমলার সঙ্গে কালোর কনট্রাস্ট। ঝুল, গলা, হাতার পাড়ে তৃতীয় কোনো রং জুড়ে নিচ্ছেন কেউ। সাশার মতে, একরঙা বা ছাপা দুই রকম জমিনেই এমব্রয়ডারি মানিয়ে যাচ্ছে খুব। আর এমব্রয়ডারি এতই ঘন হচ্ছে, পোশাকের জমিন ঢেকে যাচ্ছে। আরও আছে ইয়কের ব্যবহার। ছোট করে পিঠেও ইয়ক বসিয়ে নিচ্ছেন অনেকে। ইয়কে নকশা যা-ই হোক, তাতে থাকছে জ্যামিতিক বাঁক। সাশা আরও বলেন, শুধু পোশাকের জমিন নয়, গলা আর পাড়ের অনন্য কিছু বৈশিষ্ট্য যোগ হয়েছে গ্রীষ্মের পার্টি পোশাকে। গলায় হাই কাটিংয়ের ব্যবহার বাড়ছে। আর পাড়ে কয়েক রঙের কাপড়ের বর্ডারের পাশাপাশি বড় লেসের চল বেড়েছে। গ্রীষ্মের সন্ধ্যাকালীন মেকআপে কৌশলী হওয়ারই পরামর্শ দিলেন ফারজানা শাকিলস মেকওভার স্যালনের প্রধান রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল। তিনি বলেন, মেকআপ গাঢ় হবে কিন্তু তাতে ফুটে উঠবে স্নিগ্ধতা। চলছে কনট্রাস্ট বা বৈপরীত্যের ফ্যাশন, তাই মেকআপে রঙের খেলা খেলতে পারেন। পোশাকে কমলা থাকলে চোখে সবুজ, হালকা মেরুন শেড ভালো দেখাবে। মানিয়ে গেলে একাধিক শেডও ব্লেন্ড করে নিতে পারেন। চোখ ছোট হলে হালকা রঙের শেড দিয়ে কোনায় কালো শ্যাডো ব্লেন্ড করে দিতে পারেন। যাঁদের চোখ বড় তাঁরা চোখের ভেতরে ও বাইরে ঘন করে কাজল টানলে আকর্ষণীয় লাগবে। কাজল ও মাশকারা ওয়াটারপ্রুফ হওয়াই ভালো।ফারজানা শাকিল আরও জানালেন বেজ তৈরি করার জন্য কি করবেন। মুখে দাগ থাকলে তার ওপর কনসিলার লাগিয়ে নেবেন। ফাউন্ডেশন হবে ওয়াটার বেজড। আর ফাউন্ডেশনের রং ত্বকের চেয়ে এক শেড উজ্জ্বল হবে। তার ওপর কমপ্যাক্ট পাউডার লাগিয়ে ব্লাশন বোলাতে হবে। যাঁদের ত্বকের রং গাঢ় তাঁরা মেরুন, বাদামি বা প্লাম রঙের ব্লাশন লাগাবেন। আর ত্বকের রঙ হালকা হলে গোলাপি, হালকা বাঙ্গি বা ফিকে কমলা রঙের ব্লাশন পরতে পারেন। ঠোঁটের রঙের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। বয়স ও অনুষ্ঠান বুঝে শাইনি লিপস্টিক লাগাবেন। রানি, গোলাপি, মেরুন, বাদামি, হালকা কমলা, যা আপনাকে মানাবে, তাই ঠোঁটে লাগাতে পারেন। আর চুলটা ফুলিয়ে বেঁধে নিন বা খোলাও রাখতে পারেন।মনে রাখবেন, পোশাকের সঙ্গে হুবহু মিলিয়ে নয়, যে রঙে আপনাকে সবচেয়ে ভালো দেখায়, সে রঙের মেকআপে নিজেকে রাঙিয়ে তোলাই এ সময়ের ট্রেন্ড।লম্বা এমব্রয়ডারির সালোয়ার-কামিজ চলছে বেশ। মডেল: ফারিয়া পোশাক: দর্জি সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন