চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় টেনশনের সমস্যা সহজেই আমরা দূর করতে পারি। একটা অব্যর্থ ওষুধ আছে। সবারই জানা। ‘ব্রিদিং এক্সেরসাইজ’। বুকভরে শ্বাসপ্রশ্বাস। পড়াশোনার প্রস্তুতি তো লাগবেই। সেই সঙ্গে নিয়মিত ব্রিদিং এক্সেরসাইজ লাগবে। সকালে নাশতার টেবিলে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটের এই ব্যায়াম দেহ-মন সতেজ করবে। দিন শুরুর আগে শরীরটা রি-স্টার্ট দেওয়া আর কি! এরপর রাতে খাওয়ার আগে একই কায়দায় মিনিট পাঁচেক ব্যায়ামটা করলে ঘুম হবে মসৃণ, সুন্দর স্বপ্নে কাটবে সারা রাত। জেনে নিন, কীভাবে কী করতে হবে।
১. মেঝেতে পা ভাঁজ করে, পিঠ সোজা রেখে, মাথা উঁচু করে বসুন। এক হাত পেট ও অন্য হাত বুকের মাঝবরাবর রেখে মুখ বন্ধ করে নাক দিয়ে খুব ধীরে বুকভরে শ্বাস নিন। শুরুতেই পেট ফুলিয়ে দিন, যেন বাতাসে ভরে ফুলে ওঠার জন্য ফুসফুস যথেষ্ট জায়গা পায়। এরপর না থেমেই বুক ফুলিয়ে বাতাস টানুন। কয়েক সেকেন্ড শ্বাস ধরে রেখে মুখ দিয়ে ঝট করে শ্বাস ছাড়ুন।
২. নাক দিয়ে শ্বাস নেওয়া খুব দরকার। কারণ, নাসারন্ধ্রের পশম বাতাসের ধুলাবালু ছেঁকে রাখে। আর দীর্ঘপথে যাওয়ার সময় বাইরের বাতাসটা শরীরের তাপমাত্রার সঙ্গে সমন্বিত হয়। ফলে ফুসফুসে সংক্রমণের আশঙ্কা অনেকাংশে কমে।
৩. পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসের দুই পাশের অংশে প্রায় ৭০ কোটি অ্যালভিউলাই বা বায়ুকুঠুরি থাকে। এখান থেকেই শরীরের রক্ত বাতাসের অক্সিজেন গ্রহণ করে পরিশোধিত হয় ও কার্বন ডাই-অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. এ কে এম মহিবুল্লাহ বলেন, অ্যালভিউলাইয়ের অনেকগুলোই সুপ্ত থাকে, কাজ করে না। ফলে শরীর যথেষ্ট অক্সিজেন পায় না। এ জন্য ব্রিদিং এক্সেরসাইজ দরকার। এতে সবগুলো অ্যালভিউলাই সক্রিয় থাকে ও শরীর প্রচুর অক্সিজেন পায়।
৪. কুমিল্লার প্রোথিতযশা জেনারেল প্র্যাকটিশনার আবু আইয়ুব হামিদ জানান, সিগারেট খেলে ফুসফুসের স্থিতিস্থাপকতা কমে যায়, অ্যালভিউলাইগুলো সক্রিয়তা হারায়। তাই সিগারেট নিষেধ।
৫. ব্রিদিং এক্সেরসাইজ করতে হবে পরিষ্কার বাতাসে, ধুলাবালু যেন না থাকে।