লম্বা মালার ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়ের সঙ্গে ঘুরেফিরে নানা আঙ্গিকে আসে বিভিন্ন ধরনের ফ্যাশন। লম্বা মালা দেখলেই যেন মনে পড়ে যায় ষাট-সত্তরের দশকের পুরোনো ফ্যাশনের কথা। লম্বা মালা তাই পুরোনো না হয়ে ফিরে এসেছে হাল আমলের ফ্যাশন হিসেবে। আর এই লম্বা কিন্তু যেনতেন লম্বা নয়। একেবারে কোমর ছুঁইছুঁই। হতে পারে ২৫-৩০ ইঞ্চি লম্বা। তবে সময়ের পরিবর্তনে সেই ফ্যাশনের মধ্যেও এসেছে খানিকটা বৈচিত্র্য।’ কথাগুলো বলছিলেন ফ্যাশন হাউস পিরাণের স্বত্বাধিকারী ও ডিজাইনার হাসনা বানু ছোটনা। আজকাল তরুণীদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হয়েছে এই লম্বা মালা। একসময় কেবল শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে মানিয়ে লম্বা মালা পরা হতো। তবে সময়ের পালাবদলে তরুণীরা শাড়ি, সালোয়ার-কামিজের পাশাপাশি ফতুয়া বা টপসের সঙ্গেও পরছে লম্বা মালা।অন্যদিকে ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, লম্বা মালা হচ্ছে এমন এক অলংকার, যা কখনো পুরোনো হয় না। তা ছাড়া লম্বা মালা মানে না বয়সের হেরফের। যেকোনো বয়সের নারী তাঁর পোশাকের সঙ্গে মিলিয়ে লম্বা মালা পরতে পারেন। তবে মালা তৈরির উপাদানগুলোর মধ্যে এসেছে খানিকটা পরিবর্তন। এখন লম্বা মালা তৈরির উপাদানগুলোর মধ্যে রয়েছে মাটি, ঝিনুক, কাঠ, কাপড়, পুঁতি। মাহিন খান বলেন, দেশীয় ও হাতে তৈরি পণ্যের প্রতি তরুণীদের ঝোঁকটা একটু বেশি। আবার হাতির দাঁত বা হাড়ের লম্বা মালা একটু ব্যতিক্রমী ফ্যাশনের অনুষঙ্গ। আর আভিজাত্য এবং ক্লাসিক উভয়ের মেলবন্ধন ঘটে মুক্তার মালায়। ধাতব পদার্থের মধ্যে তামা আর পিতলের সঙ্গে পুঁতির মালাও বেশ চলছে বলে জানান হাছনা বানু ছোটনা। মাহিন খান বলেন, প্যান্ট ও শার্টের সঙ্গে ২২-৩০ ইঞ্চি লম্বা মালা ভালো মানায়। টপসে বা শার্টে কলার থাকলে মালাটা একধাপ পরাই ভালো। আর কলার ছাড়া হলে কয়েক লহরে পরলে বেশি মানাবে বলে মনে করেন তিনি। শাড়ির সঙ্গে বড় মালা খুব মানানসই। তবে তাঁতের শাড়ির সঙ্গে লম্বা মালাটা ক্লাসিক ফ্যাশনের উদাহরণ। ডিজাইনার মাহিন খান বলেন, পোশাক যেমনই হোক লম্বা বা বড় মালার সঙ্গে একটু হালকা রঙের বড় গলার পোশাক পরাই ভালো। এতে করে মালাটা পোশাকের ওপর ফুটে ওঠে। যাঁদের উচ্চতা কম, তাঁদের ক্ষেত্রে বড় মালা খুব একটা মানাবে না।বিভিন্ন বুটিক বা ফ্যাশন হাউসে পাওয়া যাবে হাতে তৈরি বাহারি এবং হাল ফ্যাশনের লম্বা মালা। আবার বিভিন্ন গয়নার দোকানেও মিলবে নানা ধরনের ধাতব ও পাথরের তৈরি বড় মালা। দাম পড়বে ২০০ থেকে ১৫০০ টাকা। মালার সঙ্গে মেলানো কানের দুলও থাকে।