লরা বোনাপাচের ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লরা বোনাপাচে চৌধুরী
লরা বোনাপাচে চৌধুরী

এক ভিনদেশি কীভাবে আবিষ্কার করলেন অন্য এক ঢাকা? কীভাবে তিনি তৈরি করলেন ঢাকার নতুন ঘরানার এক মানচিত্র? জানাচ্ছেন ইকবাল হোসাইন চৌধুরী

ঢাকায় মনের মতো কাপড়চোপড় মিলবে কোথায়? ঠিক কোথায় আছে ভালো বইয়ের দোকান? কোন রেস্টুরেন্টে মিলবে উপাদেয় খাবারদাবার? জবাব দিতে তালগোল পাকিয়ে ফেলতে পারেন এমনকি ঢাকার আদি বাসিন্দারাও। এই বেলায়, ঢাকার ভিনদেশি পর্যটক তো বটেই, খোদ ‘ঢাকাইয়া’দেরও ভরসা হতে পারে ‘ডিগিং ঢাকা’। নগরের মানচিত্রটি ঠিকভাবে ঠিক জিনিসটি খুঁজে বের করতে সহায়তা করবে ঢাকাবাসীকে। অবাক করবে তার চেয়েও বেশি, যখন জানবেন, ‘ঢাকার প্রথম শপিং, ডাইনিং ম্যাপ’ হিসেবে পরিচিত ‘ডিগিং ঢাকা’র স্রষ্টা একজন বিদেশি। সুদূর নিউইয়র্ক থেকে উড়ে এসে লরা বোনাপাচে কীভাবে নখদর্পণে নিয়ে এলেন ঢাকার বাহান্ন বাজার তিপ্পান্ন গলি? কীভাবে ডুব দিলেন ঢাকার গহিনে?

সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক সকালে আমেরিকান ক্লাবে লরার মুখোমুখি। প্রথমবার কবে ঢাকায় এসেছিলেন? মনে করতে স্মৃতি হাতড়াতে হলো লরাকে।

‘বছরটা...১৯৯৩ কী ৯৪। আমার এক বন্ধুর বিয়ের দাওয়াতে এসেছিলাম ঢাকায়...। সেবার সুন্দরবন দেখতে গিয়েছিলাম আমরা...।’ সেই বন্ধুই পরে হলো তাঁর ননদ।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট মুগ্ধ করেছিল লরাকে। কিন্তু জানতেন না অচিরেই এক ঢাকাবাসী আরও বেশি প্রেমমুগ্ধ করবেন তাঁকে। আর তাঁরই টানে কথিত স্বপ্ননগর ছেড়ে লরা সংসারী হবেন মহানগর ঢাকায়।

১৯৯৪ সালে বাংলাদেশের ছেলে নাদিম চৌধুরীর সঙ্গে বিয়ে। বছর দুয়েক পরই স্বামীর সঙ্গে লরা চলে আসেন ঢাকায়।

ঢাকার গহিনে

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র দূরের দুটি দেশ। তবে ব্যবধান কেবল দূরত্ব দিয়েই শেষ নয়, যাবতীয় বিপত্তি মাথায় নিয়েই লরা বোনাপাচে চৌধুরী সংসার শুরু করেন ঢাকায়। স্বামী বাদে ঢাকার বাড়িতে খুব কাছের আপনজন বলতে ছিল একমাত্র পোষা বিড়াল ফিগ।

‘তখন ছিল ল্যান্ডফোনের সময়। বিদেশে কল করা মানে বিরাট হাঙ্গামা। ঘরে ল্যান্ডফোন আছে। সেটা একবার টানা তিন দিন ডেড। আমার মা-বাবার অবস্থাটা বুঝুন একবার। ঢাকায় তখনো বাড়িতে বাড়িতে জেনারেটর আসেনি। আমার ছোট্ট মেয়েকে গোসল করাচ্ছি, এর মধ্যে হুট করে লোডশেডিং...কী সব দিন যে গেছে!’

কঠিন সময় গেছে। কিন্তু লরা রণেভঙ্গ দেননি। আস্তে-ধীরে আপন হয়ে উঠেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ডিজাইন শিক্ষালয় প্র্যাট ইনস্টিটিউট থেকে কমিউনিকেশন গ্রাফিক ডিজাইনে ডিগ্রি। বিপণন ও বিজ্ঞাপনবিদ্যায় এমবিএ অধ্যয়ন। বিশ্বখ্যাত ভোগ ও ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে এবং রেভলন কসমেটিকস কোম্পানিতে উচ্চ পদে কাজের অভিজ্ঞতা। সব মিলিয়ে উন্নত বিশ্ব লরাকে হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু সেসব ভুলে লরা থিতু হলেন ঢাকাতেই। ঢাকায় তাঁর কাজের শুরু বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমে। এরপর ফ্রিল্যান্সারের জীবন। ঢাকার ইংরেজি দৈনিক হলিডে-র নতুন ডিজাইন তৈরির কাজ করেছেন। ছিলেন নিউ এজ দৈনিকের শুরুর দিককার ডিজাইনার। পণ্য, প্রকাশনা—এ রকম নানা কিছুরই নকশা করেছেন।

ঢাকার পর্যটকদের জন্য একটা মানচিত্র তৈরির ভাবনা শুরু থেকেই ছিল। ২০০৭ সালে কাজটা শুরু করলেন। ‘ডিগিং ঢাকা’ নামটার পরামর্শ দিলেন বান্ধবী আনিয়া রহমান। প্রায় ছয় মাস খাটুনির পর ছাপা হলো ‘ডিগিং ঢাকা’র প্রথম সংস্করণ।

‘ঢাকার লোকজন আমার মনে হয় সব সময়ে উৎসবের মুডে থাকে...। এই মানচিত্রেও তাই আমি একটা ঝলমলে উৎসবমুখর ভাব রাখার চেষ্টা করেছি...। মানচিত্রে লেক বা জলাধারগুলো ঝলমলে রঙিন, আছে উজ্জ্বল সবুজ...। এটা অবশ্য আমার মেয়ের বুদ্ধি।’ বলছিলেন লরা।

তবে শুধু ডিজাইন দিয়েই কাজ শেষ নয়, কোনো একটা বুটিক, রেস্টুরেন্ট ও শপিং মলকে তালিকায় রাখার আগে নিজেই তাদের সেবার মান বুঝেশুনে নিশ্চিত হয়ে এসেছেন। হেঁটে-ঘুরে আসার চেষ্টা করেছেন প্রতিটি অলিগলি-তস্য গলি। যোগাযোগের প্রতিটি নম্বরে নিজে কল করে নিশ্চিত হয়েছেন সেগুলো কাজ করছে কি না।

এই ঘোরাঘুরি করতে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা?

লরা বোনাপাচে চৌধুরীর পছন্দের পোশাক শাড়ি
লরা বোনাপাচে চৌধুরীর পছন্দের পোশাক শাড়ি

‘একটা রেস্টুরেন্টে গেছি। ঢুকতেই দেখি দরজার নবে বিচ্ছিরি রকমের কালিঝুলি লেগে আছে। যে রেস্টুরেন্টের দরজাতেই এই দশা, তাদের রসুইঘরে কী হচ্ছে! রেস্টুরেন্টটাকে আমি সঙ্গে সঙ্গে তালিকা থেকে বাদ দিয়েছি।’

এসব সতর্কতার সঙ্গে যোগ হয়েছে মানচিত্রটিকে সত্যিকারের কাজের করে তোলার চেষ্টাও। লরা বলছিলেন, ‘এমনকি গুগল মানচিত্রও শুধু জায়গা চেনাতে পারে, কিন্তু বাজার-সওদার গুণগত মান বলে দেয় না। ঢাকায় হরদম নতুন নতুন শপিং মল হচ্ছে। একটু খেয়াল করে দেখলে সব শপিং মলেরই কিছু বিশেষত্ব চোখে পড়ে। যেমন ধানমন্ডির এআরএ সেন্টার ও রাপা প্লাজা কামিজ আর শাড়ির জন্য ভালো। একই এলাকার অরচার্ড পয়েন্ট ভালো মুঠোফোনের জন্য। আবার রাইফেলস স্কয়ার (সীমান্ত স্কয়ার) ভালো সিডি বা ডিভিডির জন্য। লোকেশনের পাশাপাশি মানচিত্রে এ রকম কিছু পরামর্শও আমরা রাখার চেষ্টা করেছি।’

লরার মানচিত্রে দূতাবাস, বৈদেশিক মুদ্রা বিনিময়কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, আর্ট গ্যালারি, ক্লাব, বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, বই-ডিভিডির দোকান, সেলুন, পারলার—এ রকম বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে স্থাপনাগুলোকে। বাছাই করা সব জায়গার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নম্বর, যাতে সহজে যেকোনো জায়গা খুঁজে নেওয়া যায়।লরার সঙ্গে ‘ডিগিং ঢাকা’ সম্পাদনা ও বিপণনের কাজ করেছেন বাংলাদেশের নিগার রহমান।

প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট কোনো হুলুস্থুল হয়নি। কিন্তু গেল চার সংস্করণে ‘ডিগিং ঢাকা’ আস্তে-ধীরে হয়ে উঠেছে ঢাকার বিদেশিদের জন্য দারুণ কাজের এক মানচিত্র। প্রমাণ মিলবে বিশ্বখ্যাত ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজর (www.tripadvisor.com) থেকে, যেখানে এই মানচিত্র সম্পর্কে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গেলবারে ঢাকা সফরে আমি এক রত্নের সন্ধান পেয়েছি। সেটি ‘ডিগিং ঢাকা’। জিনিসটা দারুণ কাজ দিয়েছে!’

এই ব্যবহারকারী একজন বিদেশি। আর ‘ডিগিং ঢাকা’ মূলত গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি ও মহাখালী এলাকা নিয়ে তৈরি। এই মানচিত্র কীভাবে ঢাকার সব মানুষের কাজে লাগতে পারে? লরার জবাব, ‘আপনি একটা জায়গায় থাকেন মানেই এই নয় যে আপনি সব জায়গা খুব ভালো চেনেন। অনেক বাংলাদেশিই আমাকে বলেছে, “ডিগিং ঢাকা” তাদের বহু ঝামেলা থেকে বাঁচিয়েছে।’

আগ্রহী ব্যক্তিরা মানচিত্রটি পেতে চাইলে ই-মেইল করতে পারেন এই ঠিকানায়—[email protected]

লরা বোনাপাচে ঢাকায় থিতু হয়েছেন অনেক বছর হয়ে গেল। এর মধ্যে তাঁর সাম্প্রতিক কাজ গুলশানের জাপানি রেস্তোরাঁ ইজুমির খাদ্যতালিকার নকশা। এটি জিতে নিয়েছে আমেরিকান গ্রাফিক ডিজাইন অ্যাওয়ার্ড, সামিট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসহ চার-চারটি আন্তর্জাতিক পুরস্কার।

খানিকটা বিনয়ের সঙ্গেই বললেন, এত দিনেও বাংলা যত ভালো করে শেখার ইচ্ছে ছিল ততটা হয়ে ওঠেনি। তবে বুঝতে আর পড়তে পারেন অনেকটা। আলাপচারিতা করতেও খুব অসুবিধা নেই। একমাত্র মেয়ে আর স্বামীকে নিয়ে লরার সুখের সংসার।

ঢাকা এখন কেমন লাগে? লরার উত্তর—

‘ভালো আর মন্দ মিলেই ঢাকা আমার খুব আপন। নিউইয়র্কও তা-ই।’

পৃথিবীর কোন শহরই-বা সব দিক দিয়ে ভালো? আলাপের শেষে লরা যোগ করলেন, ‘ঢাকার আছে গৌরবময় অতীত আর একই সঙ্গে অপার সম্ভাবনাও।’