লস অ্যাঞ্জেলেসে ব্ল্যাক আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অতিপরিচিত লোডশেডিং শব্দটার সঙ্গে আমেরিকানরা তেমন পরিচিত নয়। এক মিনিট বিদ্যুৎ না থাকলে সব অচল, হাত-পা ছেড়ে দিয়ে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না সেখানে। মাঝেমধ্যে যান্ত্রিক গোলযোগ হলে বিদ্যুতের বিভ্রাট ঘটে। আর সে রকম কিছু ঘটলে সেটা বেশ দীর্ঘ সময়ের জন্যই ঘটে। এমনি একবার বিদ্যুৎ-বিভ্রাট ঘটেছিল গত বছরের জুন মাসে। তবে সেটা সমগ্র আমেরিকা বা সমগ্র লস অ্যাঞ্জেলেসে নয়। লস অ্যাঞ্জেলেসের একটি এলাকা অর্থাৎ আমরা যেখানে থাকি তার কিছু অংশে। সেদিন আমার ছুটি ছিল। বাংলাদেশি দোকানে আড্ডা দিয়ে বাসায় ফিরছি। রাস্তা পার হওয়ার সময় প্রচণ্ড একটি শব্দ শুনে চমকে উঠি। দুপুর বেলা। সূর্য মাথার ওপর। ফকফকা রোদ। তবে সূর্যের তাপ তেমন নির্দয় নয়। চাবি দিয়ে মেইন গেট খুলে মূল বিল্ডিংয়ে প্রবেশ করেছি। একটু এগোনোর পর আর কিছুই দেখতে পাচ্ছি না। বিদঘুটে অন্ধকার। তার পরও এক-পা দু-পা করে এগোচ্ছি। চারটি অ্যাপার্টমেন্ট পরে আমাদের অ্যাপার্টমেন্ট, এটুকু আমার খেয়াল আছে। আমি দেয়াল ধরে ধরে কাত হয়ে এগোচ্ছি। এই দিনের বেলা বিদ্যুৎ চলে গেলে এটুকু জায়গা এমন অন্ধকার হতে পারে তা আমার কল্পনায়ও ছিল না।হঠাৎই একজন মানুষের স্পর্শ পেলাম! সেও বোধ হয় আমার মতো কাত বা চিত হয়ে বাইরে যাচ্ছিল অথবা বাইরে থেকে এসে আমার মতো বিপদে পড়েছে। আমি আঁতকে উঠতে পারতাম কিন্তু তার শরীরটা এমন তুলতুলে নরম যে আঁতকে ওঠার কোনো দরকার হয়নি। সে যে মেয়ে তা আমার শরীর এই ঘনকালো অন্ধকারেও চিনে নিয়েছে।কিছুটা কম্পিত কণ্ঠে সে বলল, ‘হু?’আমি বললাম, ‘মি। ইউ ওয়ান্ট গো আউট অর হোম?’‘হোম।’ সে কাঁপা গলায় জবাব দিল ‘ওকে, ক্যাচ মাই হ্যান্ড।’ সে আমার হাত ধরল। এবার দুজনে কাত হয়ে দেয়াল ধরে সামনে এগোচ্ছি। অনেকটা ভুতুড়ে সিনেমার মতো। হাতড়াতে হাতড়াতে একটি দরজা পেয়ে যাই। এটা আমার বাসার দরজা নাকি অন্য কারও বাসার দরজা, সেটা বুঝতে পারছি না। দরজার লক খোলা ছিল। হাত দিয়ে মোচড় দেওয়ার পর খুলে গেল। আমরা ভেতরে প্রবেশ করলাম। জানালা দিয়ে ঘরে সামান্য আলো আসছে। তাতে অন্তত ভুতুড়ে অন্ধকার দূর হয়েছে। এখন আমরা একজন অন্যজনকে দেখতে পাচ্ছি।বুঝতে পারলাম সে আমাকে চেনে। আমিও চিনি। তার নাম বললে এমন কোনো লোক নেই যে তাকে চিনবে না। এই বিল্ডিংয়ে সে কোনো এক অ্যাপার্টমেন্টে থেকে। সিঁড়িতে, লিফটে তার সঙ্গে প্রায়ই দেখা হয়। হাই-হ্যালো বিনিময় হয়। হলিউডের হার্টথ্রব নায়িকা সে। সে এখনো আমার হাত ধরে আছে!‘ইজ দিস ইউর হাউস?’ হাসিমুখে সে আমাকে প্রশ্ন করে। ‘নো। ইজ দিস ইউর হাউস?’বাথরুম থেকে কে যেন কথা বলল, ‘হু ইজ দেয়ার?’‘লেটস গো।’ হাত ধরাধরি করেই আমরা আবার অন্ধকারে পা বাড়ালাম। দেয়াল ধরে ধরে আমরা আমার ঘরের কাছে পৌঁছে গেলাম। আমার ঘরের দরজা খোলা ছিল, জানালা দিয়ে সামান্য আলো আসছে। ‘প্লিজ ওয়েট’, বলে আমি মোমবাতি আনতে বেডরুমে গেলাম।এমন একজন সেলিব্রেটি এখন আমার ঘরে। আমি কি তাকে চলে যেতে বলতে পারি?‘স্টে হিয়ার অর গো হোম?’এবার সে যে হাসি দিল আমি তার কোনো ব্যাখ্যা দেবো না। এক হাতে মোমবাতি এক হাতে আমাকে ধরে সে তার ঘরের দিকে হাঁটতে শুরু করল। ছয়-সাত ঘণ্টা পর বিদ্যুৎ এল। চার সপ্তাহ পর বিদ্যুৎ বিভাগ থেকে একটি চিঠি এল। সেদিন বিদ্যুৎ-বিভ্রাটে কারও যদি ১০০ ডলারের ওপরে ক্ষতি হয়ে থাকে তবে সঙ্গে দেওয়া ফরমটি পূরণ করে পাঠাতে হবে। কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে। আমি ক্ষতিপূরণের জন্য ফরম পূরণ করিনি। যদি কিছু লাভের কথা বলা থাকত তা হলে করতাম। কারণ, আমি যখন তাকে দরজার কাছে পৌঁছে দিয়ে আসি, বিদায় বেলা সে আমাকে কী দিয়েছিল আমি মরে গেলেও তো সে কথা কাউকে বলব না। তপন দেবনাথলস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।