লাংসিসা রি: এগিয়ে যাওয়ার প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।এভাবে ছয়জনের দল যখন উড়ে গেলাম কাঠমান্ডুতে, তখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। রাফা ও তাওহীদ সঙ্গে আনা প্রায় ৫০০ ডলার তহবিলে জমা দিলেন। রিমন ও আফরিন দিলেন প্রায় দেড় শ ডলার। তবে মীর শামসুল কোনো অর্থ দেবেন না, পরে ভিডিও ডকুমেন্টারি তৈরি করে দেবেন—এই শর্তেই তিনি গিয়েছিলেন। আর স্পনসরদের কাছ থেকে আমার জোগাড় করা অর্থ মিলিয়ে দেখা গেল লাংসিসা রি অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।নেপালের বন্ধুরা পরামর্শ দিলেন যেটুকু অর্থ আছে, তা দিয়ে অন্য কোনো ছোট পর্বতে অভিযান করার। মীর শামসুল মত দিলেন কোনো উঁচু ট্রেইলের বিখ্যাত কোনো পাস অতিক্রম করার। কিন্তু লাংসিসা রি অভিযানে যাওয়ার ব্যাপারেই আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। সব সময় ইতিবাচক ভাবনাকেই মনে জায়গা দিতাম। শেরপা সোম বাহাদুর পরামর্শ দিলেন কারও কাছ থেকে বাকি অর্থ ধার হিসেবে নিতে এবং লাংসিসা রি পর্বতাভিযান ছাড়া অন্য কিছু না ভাবতে, সংকল্পে অটুট থাকতে। কারণ সংগঠনের এভারেস্ট অভিযানের প্রথম ধাপেই যদি হোঁচট খাই, তো পরে মাথা তুলে দাঁড়াব কীভাবে—এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।কী করা যায়? কী করা যায়! কাঠমান্ডুুতে গিয়েও পরিচিত-অপরিচিত সবার কাছে ফের ঘুরতে লাগলাম অর্থ জোগাড়ের জন্য। আমার চেহারায় রাজ্যের অন্ধকার দেখে শেষ পর্যন্ত এগিয়ে এলেন নেপালের বন্ধু সারিন। তিনি রাজি হলেন বাকি অর্থ ধার হিসেবে দিতে। ফলে লাংসিসা রি অভিযান আয়োজন সম্ভব হলো। সেই সঙ্গে মীর শামসুলের সঙ্গে নিয়ে যাওয়া কিছু ক্যারাবিনা, একটা হারনেস সেট ইত্যাদি এই অভিযান আয়োজনে কিছুটা সহায়তা করেছিল।সবাই ১৯ নভেম্বর কাঠমান্ডু থেকে বাসে করে রওনা দিলাম লাংটাং হিমালয়ের দিকে। সঙ্গে শেরপা হিসেবে থাকলেন সোম বাহাদুর আর গণেশ মাগার। নেপালে যতগুলো অভিযান এর আগে করেছি, লাংটাং পর্বত এলাকাকে তার চেয়ে ভিন্নতর মনে হয়েছে। এর প্রকৃতিগত গড়ন নেপাল হিমালয়ের অন্য যেকোনো শ্রেণীর তুলনায় রুক্ষ ও ভয়ংকর। আফরিন শুরু থেকেই লাংটাং পার্বত্য এলাকার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে পঞ্চম দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন। ফলে তাঁকে রিমনের সঙ্গে ফেরত পাঠাতে হলো।এ সময় মনে পড়ল ২০০৫ সালে মেরা পর্বত অভিযানের কথা। সেবার বেস ক্যাম্প থেকে অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে দলনেতা সিরাজুল হক সাগর, রিফাত হাসান, মীর শামসুল আলম, এনাম তালুকদার ও আমি যখন রওনা দিলাম, মেরা লা পার হতে গিয়ে প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে পড়েছিলাম শেষ দুজন। এ সময় তুষারঝড়ে বারবারই মেরা হিমবাহের ওপর পথের ট্র্যাক হারিয়ে যাচ্ছিল। এনাম তালুকদার আর আমি মোটামুটি একই সঙ্গে এগোচ্ছিলাম। একবার আমি একটু এগিয়ে যাওয়ায় তিনি পথ হারিয়ে মেরা হিমবাহের ওপরই রাত যাপনের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। ফলটা দাঁড়িয়েছিল এমন—সাগর, রিফাত ও মীর শামসুল পা চালিয়ে অ্যাডভান্স বেস ক্যাম্পে পৌঁছেছিলেন বহু আগে। আর তুষারঝড়ে আমি কাবু না হলেও ‘মাউন্টেন ওয়েদার’-এ অনেক বেশি সময় এনাম তালুকদার ‘এক্সপোজ্ড’ থাকায় তার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল এবং শরীরের শক্তি হারিয়ে তিনি হাঁটতে পারছিলেন না। (এ জন্য আমি নিজেকেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম। কারণ তাঁর সঙ্গে থাকলে তিনি অন্তত মনোবল হারাতেন না। কী হতো যদি তাঁর সঙ্গে মেরা গ্লেসিয়ার পার হতে গিয়ে সময় আরেকটু বেশি লাগত? সময় বেশি লাগলেও পরে যে বিপদের মুখে তিনি পড়েছিলেন, তা হয়তো এড়ানো যেত। এ ঘটনায় এখনো আমি নিজেকে ক্ষমা করতে পারি না। এটা ছিল আমার জন্য একটা বড় শিক্ষা—পর্বতারোহণে সঙ্গীকে কখনো ফেলে যেয়ো না, তাতে দুজনেরই লাভ। এই শিক্ষাটা আমার জন্য ছিল জরুরি।) এনাম তালুকদার এতই অসুস্থ হয়ে পড়েছিলেন যে পরদিন ভোররাতে ‘সামিট পুশ’ শুরু করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছিল দলনেতা ও শেরপাদের যৌথ সিদ্ধান্তে। কারণ আগের রাতে দলনেতা আগেই সামিটে যাবেন না, তা জানিয়ে দিয়েছিলেন। শেষরাতের দিকে আমার মাথাব্যথা শুরু হয়েছিল এবং চেহারা ফুলে গিয়েছিল। মীর শামসুলের অবস্থাও সুবিধার নয়। এ অবস্থায় এনাম তালুকদারকে নিরাপদে বেস ক্যাম্পে নামানোটা সবচেয়ে বড় কাজ। কারণ অভিযাত্রীদের সবাই সুস্থ অবস্থায় দেশে ফেরাটাই তখন আমাদের সবচেয়ে বড় কর্তব্য ধরে নিয়ে রিফাত সামিটে যাওয়াটা এনাম তালুকদারের জন্য উৎসর্গ করেছিলেন। কাজেই মেরা পর্বতাভিযানে চূড়া বিজয় না হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বেস ক্যাম্পে ফিরে এসেছিলাম, যা কিনা ছিল পর্বতারোহণে চূড়ান্ত ‘টিম স্পিরিট’-এর ফসল। ইনাম আল হকের সঙ্গে যখন ফিরতি পথে তুলি খারকায় দেখা হলো, তিনি বললেন, ‘সামিট ছাড়া অভিযান হলো একটা পিকনিক’ (উইদাউট সামিট, ইট ইজ অ্যা পিকনিক)। ভেবেছিলাম, মৃত্যুপথযাত্রী পর্বতারোহীকে সুস্থ নামিয়ে আনার জন্য তিনি সদস্যদের ধন্যবাদ জানাবেন। কিন্তু তাঁর বক্তব্য আমাদের হতাশ করল।হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সময় তেনজিং নোরগের শ্যালক এবং প্রধান প্রশিক্ষক নিমা নোরবু বলেছিলেন, পর্বতারোহণে নিরাপত্তাই প্রথম (সেফটি ফার্স্ট)। যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে পর্বতারোহণে ঝুঁকি নেওয়ার দরকার নেই। আজ না হলে কাল যেতে পারবে। যদি ঝুঁকি নিতে গিয়ে প্রাণ হারাও, তবে তুমি শেষ হয়ে গেলে। কিন্তু পর্বত তার নিজের জায়গাতেই থাকবে। ফলে আজ যদি তুমি নিরাপদে ফিরে আসতে পারো, তাহলে পরে আবার তুমি এই পর্বত জয়ের চেষ্টা করতে পারবে।এই দুই অভিজ্ঞতা থেকে এবারের লাংসিসা রি অভিযানে সাজসরঞ্জাম কম থাকলেও অভিযাত্রীদের নিরাপত্তার দিকটাই সবার আগে নিশ্চিত করা হয়েছিল। তাই আফরিনকে ফেরত পাঠানো হলো। [email protected]বাকি অংশ আগামী পর্বে