লাংসিসা রি: এভারেস্ট জয়ের প্রথম ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন নিয়ে পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) প্রথম পর্বতাভিযান ২০ হাজার ৭০০ ফুট উঁচু লাংসিসা রি। এই সংগঠনের এভারেস্ট অভিযানের প্রথম ধাপ এ অভিযান। তবে এ অভিযান থেকেই এনএসিবির সদস্যরা এই সংগঠনকে দেশের পর্বতারোহীদের একটা সাধারণ প্লাটফর্ম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। এ উদ্দেশ্যেই অ্যাডভেঞ্চারের সঙ্গে জড়িত অন্যান্য সংগঠনের সঙ্গে এনএসিবি প্রায়ই বিভিন্ন অ্যাডভেঞ্চার কর্মকাণ্ড আয়োজন করত দেশের পাহাড়, বন ও সমুদ্রে। একইভাবে লাংসিসা রি পর্বতে এনএসিবির সদস্যদের পাশাপাশি আরও দুটি সংগঠনের তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। সব পর্বতারোহীকে নিয়ে গঠিত একটি দল বাংলাদেশ থেকে এভারেস্ট অভিযানে যাবে—এমন সুদূরপ্রসারী চিন্তাভাবনার ফসল ছিল তাঁদের অন্তর্ভুক্তি।নতুন সংগঠন গড়ে তোলায় অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন—যদি সম্ভব হয় তো এভারেস্টে যাবেন। বিএমটিসির এক সদস্য চ্যালেঞ্জ জানিয়ে বললেন—‘আমরা প্রতিবছর দুটি করে পর্বতাভিযান করি। পারলে আপনিও করুন।’তাঁদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। অবশ্য প্রতিবছর দুটি করে পর্বতাভিযানে যেতে পারিনি। তবে ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছিলাম এবং পরিকল্পনা অনুসারেই সামনে এগিয়ে চলছিলাম।এভাবেই লাংসিসা রি পর্বতাভিযানের প্রস্তুতি চলতে লাগল। রাফাহ উদ্দীন সিরাজী, তাওহীদ হোসেন, মীর শামসুল আলম, আফরিন, রিমন ও আমি—এই ছয়জনের দল গড়া হলো সেই অভিযানের জন্য। সেই সময়ে ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে ছয়টার মধ্যেই রমনা উদ্যানে শরীর ফিট রাখার কসরত শুরু হতো। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পনসর খোঁজার পেছনে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে দৌড়ে বেড়াতাম। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশ্য স্পনসরদের আগ্রহটা বুঝতেও ক্লাব সদস্যদের সময় লেগে গিয়েছিল। আরও বুঝতে শিখলাম—এ দেশে নিজেকে ‘কেউকেটা’ হিসেবে প্রমাণের আগ পর্যন্ত কেউ পাত্তা দেবে না। কাজের ভেতর দিয়েই সেই প্রমাণ রাখার সংকল্প করলাম।লাংসিসা অভিযানের আগে স্পনসর-প্রতিষ্ঠানগুলোর নজর কাড়তে ঢাকায় সাইকেল শোভাযাত্রা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও এইডসের বিরুদ্ধে প্রচারাভিযানের আয়োজন করা শুরু হলো। নিত্য উপহার এ সময় টি-শার্ট দিয়ে সহায়তা করেছিল।একদিন প্রথম আলো কার্যালয়ের নিচে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সঙ্গে দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, এভারেস্ট আর কত দূর? তোমরা এত দেরি করছ কেন? এই একজন মানুষ, যাঁকে দেখতাম প্রতিটি সময় কোনো না কোনো কাজে ব্যস্ত এবং সব কাজের কাজি। সরকারি প্রতিষ্ঠানে একটা বড় মানের চাকরি করার পর সংগঠনকে চাঙা রেখে প্রতিবছর নতুন নতুন চমক দেওয়াই তাঁর বৈশিষ্ট্য। আমার পছন্দের অন্যতম পুরোধা তিনি। তাঁকে এ সময় আর্থিক অসংগতির কথা জানালে তিনি বললেন, ‘আরে! তোমরা এভারেস্টে যাবে, এ জন্য কেউ স্পনসর করবে না, এ হয় নাকি?’ মুনির হাসানের চেষ্টা ও সামর্থ্যের সঙ্গে আগেই পরিচিত ছিলাম। তাঁর আগ্রহ এই এভারেস্ট অভিযান সহজ করবে—এমন আশায় বুক বেঁধেছিলাম সে সময়ে। একদিন তাঁর সঙ্গে এ বিষয়ে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে বিদায় নিলাম।লাংসিসা রি পর্বতাভিযানে যাওয়ার দুই সপ্তাহ আগে আমাদের কোল আলো করে এল ওয়াসি ইব্রাহীম রাইদ। এ সময় লেখালেখি করে যেটুকু অর্থ জোগাড় হতো, তা দিয়ে যদিও দিন চলাই দায় হয়ে পড়েছিল, তার পরও আশায় বুক বেঁধেছিলাম, পুত্রভাগ্যে সুদিন ফিরবে এবং সুদিন ফিরেছিল।শেষ পর্যন্ত বহু চেষ্টায় ডেসটিনি থেকে মোট খরচের অর্ধেক সহযোগিতা পাওয়া গেল। ইয়ংওয়ান বাংলাদেশের কাছ থেকে মিলল কিছু ‘ক্লাইম্বিং স্টাফ’। আর বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ও কম্পিউটার সরঞ্জাম ব্যবসায়ী প্রতিষ্ঠান আরএম সিস্টেমস লিমিটেড কিছু অর্থ সহায়তা দিল। রাইদ এ ধরায় আসার মাত্র ১৩ দিন পার হয়েছে; এমন সময় নেপালে যাওয়ার দিন ঘনিয়ে এল। এমন সদ্যোজাত শিশুপুত্রকে রেখে প্রায় এক মাস বাইরে থাকতে হবে। বুকে যেন পাথর চেপে বসল। রিমির কাছে সেটা গোপন করে চলেছি। নয়তো সে ভেঙে পড়বে। রিমি আমার সুখ-দুঃখের সাথি। এই কয়েক মাস লাংসিসা রি পর্বতাভিযান সম্ভব করে তুলতে কী যে পরিশ্রম হয়েছে, কত সময় যে এর পেছনে ব্যয় করেছি, কত যে কষ্ট হয়েছে—এসবের সাক্ষী রিমি। তাই যাওয়ার দিন সে নিজেও তার মনের কষ্ট চেপে আমাকে বিদায় দিল।২০০৮ সালের প্রথম মৌসুমে মার্চ-এপ্রিল-মে মাসের মধ্যে লাংসিসা রি অভিযানে যাব। এমন পরিকল্পনায় ওদিকে নেপালে শেরপারাও প্রস্তুত। কিন্তু মে মাসের মাঝামাঝি এসে যখন দেখা গেল যে কোনো স্পনসরই সহায়তা করতে রাজি নয়, তখন বুঝলাম যে এই মৌসুমে আর যাওয়া সম্ভব নয়। এ সময় শেরপাদের ‘সরি’ বলা ছাড়া আর কোনো পথ খোলা থাকল না। তবে সেপ্টেম্বর মাসে নতুন মৌসুম শুরু হলে তখন এই অভিযানে অংশ নিতে নেপালে যাব—এমন কথা তাদের দিলাম। সে হিসেবে স্পনসরদের কাছে ফের দৌড়ে বেড়ানো শুরু হলো নতুন উদ্যমে। কিন্তু সেপ্টেম্বর গত হলো, অক্টোবর মাসও শেষের দিকে। এদিকে প্রায় প্রতিদিনই নেপাল থেকে ফোনে বা ই-মেইলে সারিন বা শেরপাদের সঙ্গে কথা হচ্ছে। কথা আর কিছুই নয়—সময় চেয়ে তাদের কাছে ‘সরি’ বলা আর স্পনসর-পরিস্থিতি ব্যাখ্যা করা। চরম এক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার হয়েছে। মাঝেমধ্যে রাগে দুঃখে বিতৃষ্ণা জন্মাত নিজের ওপর। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র তো আমি নই। ফলে দলের সদস্যদের যেমন আশায় বুক বাঁধতে বলতাম, তেমনি নিজেকেও বুঝ দিতাম এই বলে যে, আমরাই পারব। লাংসিসা রি অভিযান অবশ্যই সম্ভব হবে।বাকি অংশ আগামী পর্বে