ধূমপায়ীদের নিত্যসঙ্গী লাইটার। কেবল সিগারেট জ্বালাতেই নয়, লাইটারের আছে আরও নানাবিধ ব্যবহার। পকেটে একটা লাইটার থাকলে লোডশেডিংয়ের সময়ও কত সুবিধা। খুব দ্রুতই মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে ফেলা যায় চারদিক। মোমবাতি না থাকলেও হাতের ওই লাইটারটি জ্বালিয়ে অন্তত ক্ষণিকের জন্য দূর করা যায় নিকষ অন্ধকার। নিত্যদিনের জীবনে অতি প্রয়োজনীয় এই বস্তুটি প্রথম আবিষ্কৃত হয়েছিল কবে জানেন? সেই ১২০০ খ্রিষ্টাব্দের দিকে। আরব সেনাবাহিনীর প্রযুক্তিবিদদের উদ্ভাবিত সেই লাইটার অবশ্য গোলায় আগুন ধরাতেই ব্যবহূত হতো। প্রাচীন ওই লাইটার যে হালের লাইটারের মতো পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যেত—এমনটি আবার ভেবে বসবেন না যেন।
লাইটারেরও আগে উদ্ভাবিত হয়েছিল দেশলাই। দেশলাই উদ্ভাবনের স্থান অবশ্য আরব দেশ নয়, চীন। সময়টা লাইটার আবিষ্কৃত হওয়ারও ৬০০ বছর আগে, অর্থাৎ ৬০০ খ্রিষ্টাব্দে।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল