লাইটার জাহাজের জন্য বিকল্প পোতাশ্রয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের পাশে ও প্রবেশপথে এলোপাতাড়ি নোঙর করা অভ্যন্তরীণ নৌপথের দেশীয় জাহাজগুলোকে (লাইটার, কোস্টার, ট্যাংকার, সাপ্লাইবোট, সার্ভে ভ্যাসেল ইত্যাদি) বন্দরে বড় জাহাজ চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) পশ্চিম পাশের সমুদ্র উপকূলবর্তী সাগর এলাকায় এসব দেশীয় জাহাজ নোঙর করার জায়গা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।বন্দর ও জাহাজ চলাচল নিরাপত্তাবিষয়ক এক কারিগরি কর্মশালায় বক্তারা এ প্রস্তাব দেন। স্থানীয় একটি হোটেলে গত মঙ্গলবার বিকেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা নটিক্যাল ইনস্টিটিউটের ৪০ বছর পূর্তি উপলক্ষে সংস্থার চট্টগ্রাম শাখা এ কর্মশালার আয়োজন করে। এতে জাহাজ চলাচল খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।কর্মশালায় অন্যান্যের মধ্যে নটিক্যাল ইনস্টিটিউটের আন্তর্জাতিক সভাপতি ক্যাপ্টেন জেমস রবিনসন্স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন এম আনোয়ারুল ইসলাম, হারবার মাস্টার ক্যাপ্টেন নাজমুল আলম, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, নটিক্যাল ইনস্টিটিউটের কর্মকর্তা ক্যাপ্টেন জিল্লুর রহমান, ক্যাপ্টেন এম এ মালেক, ক্যাপ্টেন আনাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের চট্টগ্রাম শাখার সভাপতি ক্যাপ্টেন এম হাবিবুর রহমান। বক্তারা উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দর একই সঙ্গে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, স্থলবন্দর ও মৎস্য আহরণ বন্দর হিসেবে ব্যবহূত হচ্ছে। যেসব বাণিজ্যিক ট্রলার ও দেশীয় নৌকা বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরে, তার বেশির ভাগই চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে উপকূলে এসে মাছ নামাচ্ছে।বক্তারা বলেন, বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ (মাদারভ্যাসেল) থেকে খাদ্যশস্য, সার, সিমেন্ট-ক্লিংকার ইত্যাদি খালাসে ব্যবহূত লাইটার-কোস্টার বন্দর চ্যানেলের মুখে নোঙর করে রাখা হয়। বহির্নোঙরের বিভিন্ন জাহাজে জ্বালানি তেল, পণ্যসামগ্রী ও মালামাল সরবরাহ এবং জরিপকাজে ব্যবহূত ছোটখাটো জাহাজ ও নৌকা (সাপ্লাই ভ্যাসেল) নোঙর করে থাকে বন্দর চ্যানেলের পাশের বিভিন্ন জায়গায়। এসব দেশীয় জাহাজের কারণে বন্দর চ্যানেল দিয়ে চলাচলকারী সমুদ্রগামী জাহাজের আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বক্তারা বলেন, বন্দর চ্যানেলের মোহনা থেকে শুরু করে বহির্নোঙরের বিভিন্ন এলাকায় প্রায়ই মাছ ধরার নৌকা ও বাণিজ্যিক ট্রলারের জাল পাতা থাকে। এসব জাল বন্দরে আসা-যাওয়ার পথে বাণিজ্যিক জাহাজের প্রপেলারের সঙ্গে লেগে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। এটাও জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। কর্মশালা শেষে এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যেখানে লাইটার-কোস্টার রাখার প্রস্তাব দিয়েছি, সেখানকার সাগরে তটরেখা বরাবর সমান্তরাল একটি ডুবোচরের অবস্থান দেখা যাচ্ছে। উত্তর-দক্ষিণে বিস্তৃত এই চরের দৈর্ঘ প্রায় তিন কিলোমিটার। উপকূল ও এই চরের মাঝখানের প্রশস্ততা প্রায় আধা কিলোমিটার। এখানে ছয় মিটার গভীরতার পানি থাকছে সব সময়। ফলে এখানে একটি প্রাকৃতিক বেসিন সৃষ্টি হয়েছে, যা বন্দরের কাজে ব্যবহূত বিভিন্ন ধরনের দেশীয় জাহাজের জন্য নিরাপদ পোতাশ্রয় হিসেবে ব্যবহূত হতে পারে। দেশীয় জাহাজগুলোর গভীরতা (ড্রাফট) চার মিটারের বেশি নয়।’প্রসঙ্গত, দেশের অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহন, সাগরে মাছ ধরা এবং বন্দরের বিভিন্ন কাজে ছোট-বড় প্রায় এক হাজার লাইটার, কোস্টার, ট্যাংকার, ট্রলার ইত্যাদি চলাচল করে। এসব জাহাজ-ট্রলার বন্দর চ্যানেলের বিভিন্ন এলাকায় নোঙর করে থাকে।