
লাইনে আমাদের দাঁড়াতেই হয়। কর্মস্থলে, বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য কোথাও যাওয়ার পথে বাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। অনেক সময় ব্যাংক কাউন্টারের কিংবা টিকিট কেনার লাইনে আমরা তাড়াহুড়া করে অথবা আগে কাজ করার জন্য সামনে যেতে চাই। আমাদের অনেকের ভেতরে এই লাইন ভেঙে আগে যাওয়ার প্রবণতা থাকে। বিশেষ করে যানবাহনের টিকিটের জন্য লাইনে তো রীতিমতো যুদ্ধ বেধে যায়। লাইন ভেঙে আগে যাওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলতা এবং অন্যরা হন বিরক্ত। লাইনে দাঁড়িয়ে কিছু আদবকেতা মেনে চলা উচিত।
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ফয়জুল হক বলেন, ‘আগে গিয়ে বাসের জন্য লাইনে দাঁড়াতে হয়। যানবাহন পাওয়ার যুদ্ধ, তার ওপর লাইনে দাঁড়িয়ে অনেকের ভেতর লাইন ভাঙার প্রবণতা থাকার ফলে প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায়।’
এ ধরনের যুদ্ধ শহুরে সবাইকে পোহাতে হয়, এমন আচরণ করা ঠিক নয় যা অন্যের সমস্যার কারণ হয়। এসব ক্ষেত্রে নিজের সৌজন্যবোধ বজায় রেখে চলাটাই শ্রেয়।
লাইন ভেঙে এগিয়ে গেলে হয়তো আগে যাওয়া যায়; কিন্তু তাতে অন্যের অসুবিধা হয়—এ কথাটা সবার মাথায় রাখা উচিত। নিয়ম মেনে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়াই ভালো।
বিশেষ করে কর্মস্থলে অথবা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় অবশ্যই সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। যদি যানবাহনের লাইনে দাঁড়াতে হয় তাহলে সকাল সকাল ওঠার অভ্যাস করা উচিত। কোন সময়ে কতটা ভিড় হবে, সেটা মাথায় রেখে সময় হাতে নিয়ে বের হলে সমস্যা হওয়ার কথা নয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহরিমা মীম বলেন, ‘লাইন ভেঙে কেউ সামনে যেতে গেলে তাঁকে কিছু বললে তিনি রেগে যান। উল্টো কথা শুনিয়ে দেন।’
লাইনে দাঁড়িয়ে অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন, কেউ লাইন ভেঙে আগে গেলে অন্যের অসুবিধা হতে পারে। একজনের পর একজন উঠবেন—সেই সময়টুকু অপেক্ষা করা উচিত।
যদি অনেক বেশি তাড়াহুড়া থাকে তাহলে ভদ্রভাবে সেটা অন্যদের বুঝিয়ে বলে সামনে যাওয়া যেতে পারে এবং অবশ্যই সামনে যিনি থাকবেন, তাঁকে জিজ্ঞাসা করতে হবে। মনে রাখতে হবে সবারই কাজ আগে সেরে ফেলার তাগিদ থাকে। কিন্তু বিশেষ প্রয়োজন থাকলে তা অবশ্যই বুঝিয়ে বলতে হবে।
কারও প্রয়োজন বেশি থাকলে তাঁকে আগে যাওয়ার কথা বলা যেতে পারে। যেমন হয়তো বাজারে কারও হাতে জিনিসপত্র কম তিনি সামনে অথচ যিনি পেছনে, তাঁর হাতে অনেক জিনিসপত্র। এ সময় তাঁকে সামনে যাওয়ার জন্য বলা যেতে পারে।
যা-ই করা হোক অবশ্যই অন্যের সুবিধা-অসুবিধা মাথায় রাখতে হবে এবং যতটা সম্ভব ভদ্রতা-সৌজন্যবোধ বজায় রাখতে হবে।
সূত্র: হাফিংটন পোস্ট