লাইফটাইম ঈদ সালামি
আমি নিজেকে আব্বুর জায়গায় কল্পনা করতাম। তিনি সব সময় নিজের মেয়ের জন্য বেস্টগুলো নিয়ে আসতেন। মেয়ের যা ইচ্ছা, তাই হতো। মেয়ে একটু বড় হওয়ার পর মেয়ের পছন্দ ছাড়া আব্বুর একটা শার্টও কেনা হয়নি। আমি সেই ভাগ্যবতী মেয়ে। অথচ তাঁর মেয়ে হয়ে আমি আব্বুকে মিথ্যা বলেছি, কষ্ট দিয়েছি। ব্যাপারটা এমনও ছিল না যে মিথ্যা বলতেই হতো।
ঘটনাটা একটু ব্যাখ্যা করি—গতবার রমজান মাস শুরু হওয়ার ২০-২৫ দিন আগের ঘটনা। আমার ফাইনাল ইয়ারের শেষের দিক। হঠাৎ আমাকে একদিন আব্বু রাতে খাওয়ার সময় জিজ্ঞেস করলেন, মামনি তোমার কি পছন্দের কেউ আছে? আমরা তোমার বিয়ের কথা ভাবছি।
আমি হঠাৎ এমন প্রশ্ন শুনে এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে সঙ্গে সঙ্গে না সূচক মাথা নাড়িয়েছিলাম। আর একবার না বলে পর কোনোভাবেই আর সত্যটাকে খুলে বলতে পারছিলাম না। ভেবেছিলাম, রিয়াদের সঙ্গে কথা বলে ঠিক কোনো একটা পথ বের করে ফেলব। একদিন ক্যাম্পাসের কথা বলে বের হয়েছি ধানমন্ডি যাব বলে। আসলে আমাদের সম্পর্কের এই দিনটা আমরা একটু ঘুরেফিরে কোথাও লাঞ্চ করে সেলিব্রেট করি আগে থেকেই, এ কারণে রিয়াদও ছুটি নিয়েছিল সেদিন।
দুপুরে রেস্টুরেন্টে যখন ঢুকব, এমন সময় কাকতালীয়ভাবে আব্বুও ওই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন। সব ঠিক ছিল, শুধুমাত্র আমার একহাতে গোলাপ আর অন্য হাত রিয়াদ ধরে ছিল। আব্বু দেখে মাথা নামিয়ে বের হয়ে যান। আমিও কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফিরে আসি বাসায়।
রিয়াদকে বলেছিলাম যে আব্বু মেনে না নিলে এই সম্পর্ক কখনোই পরিণতি পাবে না। এরপর আর কীভাবে ব্যাখ্যা করব বুঝতেই পারছিলাম না। খাবার টেবিলে আব্বু চুপচাপ খেয়ে চলে যেতেন। আগের সেই প্রাণোচ্ছল ভাবটা একদমই ছিল না। আমিও মুষড়ে পরেছিলাম। আম্মুকে জানিয়ে দিয়েছিলাম, তোমরা যেভাবে চাও সেভাবেই হবে। রিয়াদকে জানিয়ে দিলাম, তোমাকে ছাড়া আমি থাকতে পারব; কিন্তু যেই আব্বু সবকিছুতেই আমাকে প্রায়োরিটি দেন, কখনোই আমার পছন্দ ছাড়া কিছু কিনতেনই না, যিনি সব সময় আমাকে নিয়ে তটস্থ থাকতেন, তাঁর এমন মুষড়ে পড়া কিংবা সারা জীবনের জন্য এই মানুষটার মন খারাপ করে দেওয়ার মতো আমি কিছু করতে পারব না। শুনে রিয়াদ বলেছিল, ও অপেক্ষায় থাকবে।
যাই হোক, ঈদের আগের দিন হঠাৎ আম্মু এসে বললেন, আগামীকাল বিকেলে তোমাকে আংটি পরাতে আসবেন ছেলের বাবা-মা। তোমার আব্বুর পছন্দের ছেলে, আপত্তি নেই তো?
আস্তে করে বলেছিলাম—না।
—চাইলে ছেলের ছবি দেখতে পারো, আমার কাছে আছে।
আমি আর সেদিকে আগ্রহ দেখাইনি। যেহেতু ছবি দেখে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, তাই সেটাকে অনর্থক বলেই মনে হলো।
ঈদের দিন বিকেলে আমাকে আংটি পরানো হলো। কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই। খুব অভিমান হচ্ছিল যে সামান্য ভুলের জন্য এমন চুপি চুপি এনগেজমেন্ট করাতে হবে। খুব কষ্ট হচ্ছিল, খুব। ছেলের বাবা-মা আংটি পরিয়ে চলে গেলে আমি আব্বুর কাছে গিয়ে সালাম করি। ঈদের দিন সব সময় আব্বুকে সালাম করি আর আব্বু একটা খাম ধরিয়ে দেন—এটাই নিয়ম। ভেবেছিলাম এবার হয়তো কিছুই দেবেন না। কিন্তু সালাম করার পর আব্বু এবারও একটা খাম ধরিয়ে দিলেন।
খামটা রুমে এসে খুলতেই একটা ছোট্ট চিরকুট পড়ল—তোমার নতুন পরিবারের ছবি। মনে হলো আব্বু আমাকে খোঁচা দিলেন। কষ্ট হলো খুব। ছবি বের করে দেখলাম-বাবা, মা আর ছেলের একটা ফ্যামিলি ফটো। ছেলেটার দিকে তাকাতেই চোখ আটকে গেল। এ যে রিয়াদ দাঁড়িয়ে আছে! আমার বিশ্বাস হচ্ছিল না। আমি আমার কান্না চেপে রাখতে পারছিলাম না। একদৌড়ে আব্বুর রুমে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। আব্বু মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন, ‘পাগলি মেয়ে আমার, সালামি পেয়ে কেউ এভাবে কাঁদে? লোকে শুনলে বলবে কী!’