
‘এই নীল মণিহার’ খ্যাত জনপ্রিয় গায়ক লাকী আখান্দ্ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর সুস্থতা কামনা করে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত আছে। প্রিয় শিল্পীর চিকিৎসার জন্য কনসার্টের মাধ্যমে চলছে তহবিল সংগ্রহ। রাঙামাটি ও চট্টগ্রামে এমন দুটি কনসার্টেরও আয়োজন হয়ে গেল গত কয়েক দিনে।
দেশের বাদবাকি অঞ্চলের মতো রাঙামাটিতেও জনপ্রিয় লাকী। মূল ‘চেঙে মেয়োনি কাজলং, কর্ণফুলী/ শঙ্খ, মাতামুহুরী...’ শিরোনামের চাকমা ভাষার দেশাত্মবোধক গানটির কল্যাণেই পাহাড়ের মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছেন তিনি। এই গানে চাকমাশিল্পী রঞ্জিত দেওয়ানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
১২ আগস্ট সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে তাঁর জন্য আয়োজিত কনসার্টেও তাই প্রচুর লোকসমাগম হলো। রাঙামাটির জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন গেংখুলি শিল্পীগোষ্ঠী এ কনসার্টের আয়োজক।
প্রায় পাঁচ ঘণ্টার কনসার্টে ‘আবার এল যে সন্ধ্যা’, ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’সহ লাকীর বহু জনপ্রিয় গান পরিবেশন করেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, গেংখুলি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রূপায়ণ দেওয়ান, সদস্য উত্তম দেওয়ান, সুজন দেওয়ান, বাপ্পী দেওয়ান, রিংকু চাকমা, নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী কোয়েল চাকমা, কেকা চাকমা, শিশুশিল্পী তাগাশিব অঙ্কুর চাকমা, রেনে রায় ও গণসংগীতশিল্পী কালায়ন চাকমা।

কনসার্টের সমন্বয়কারী প্রতুল দেওয়ান জানান, লাকী আখান্দের প্রতি ভালোবাসার কারণে কনসার্টে দর্শকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। কনসার্টে দর্শনী ছিল ২০০ ও ৫০০ টাকা। তিনি আরও জানান, কনসার্টে অংশ নেওয়া শিল্পীরা সম্মানী ছাড়াই গান পরিবেশন করেছেন।
চাকমা রাজা দেবাশীষ রায় গানের ফাঁকে লাকী আখান্দের সঙ্গে তাঁর পরিচয়ের এবং বন্ধুত্বের গল্প শোনান। দেবাশীষ রায় বলেন, লাকী আখান্দ্ সত্যিকার অর্থে একজন মানবদরদি শিল্পী। তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষকে মনে-প্রাণে ভালোবাসেন।
লাকী আখান্দের সঙ্গে পরিচয়ের সূত্রপাত কীভাবে হয়েছে, তা–ও দেবাশীষ রায়ের বিবরণে উঠে এল। তিনি বলেন, ‘১৯৭৭ সালে তৎকালীন ঢাকা চারুকলা ইনস্টিটিউটের পুকুরের পাড়ে আমি গিটার বাজিয়ে লাকী আখান্দের গান গাইছিলাম। কখন লাকী এসে দাঁড়িয়েছেন পেছনে, বুঝতে পারিনি। সেই থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব।’
গেংখুলি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রূপায়ণ দেওয়ান বলেন, কেবল লাকী আখান্দ্ নন, অন্য কোনো মানুষের জন্য তহবিল গঠনের প্রয়োজনে গেংখুলি শিল্পীগোষ্ঠী সহযোগিতা দিতে প্রস্তুত।
নগরে আনপ্লাগ শো: ‘এই নীল মণিহার’ গানটি দিয়ে শুরু হয় নগরে নাটাই আয়োজিত আনপ্লাগ কনসার্ট। আয়োজনটি সাজানো হয়েছিল লাকী আখান্দের গান দিয়ে। গানের ফাঁকে তাঁর গানের নানা অনুষঙ্গ নিয়ে আলাপ করেন শিল্পীরা। ১৪ আগস্ট সন্ধ্যা সাতটায় নগরের ষোলশহরের বারকোড রেস্তোরাঁয় লাকী আখান্দের চিকিৎসার জন্য ‘ফান্ড রাইজিং আনপ্লাগ শো-ট্রিবিউট টু লাকী আখান্দ্’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘণ্টার আয়োজনে সাতটি ব্যান্ড দল পরিবেশন করে ১৪টি গান। অনুষ্ঠানের শুরুতে শিল্পী লাকী আখান্দের জীবনী পাঠ করে শোনান নাটাই ব্যান্ড দলের সদস্য আল তুষি। এরপর নাটাইয়ে শিল্পী শেখ জেনিশ ও আল তুষি পরিবেশন করেন ‘এই নীল মণিহার’ গানটি। এই দুই শিল্পী গেয়ে শোনান ‘আবার এল যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’, ও ‘কে বাঁশি বাজায় রে’।
গানের এই পর্বের পর ছিল কথামালা। কথামালার পর গান নিয়ে মঞ্চে আসেন ব্যান্ড দল মেট্রিকেলের শিল্পী শাকিল মজুমদার। তিনি ‘আগে যদি জানতাম’ গানটি পরিবেশন করেন। এরপর ট্রাফিক সিগন্যাল ব্যান্ড দলের শিল্পী মোসলে উদ্দিন গাইলেন ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ গান দুটি। ট্রাফিক সিগন্যাল ব্যান্ড দলের পর গান করেন অর্ধায়ু ব্যান্ড দলের শিল্পী সাখাওয়াত পাভেল। তিনি পরিবেশন করেন ‘মামনিয়া’ ও ‘পাহাড়ি ঝরনা’। এরপর ওয়ার্নিং ব্যান্ডের শিল্পী সাজ্জাদ হোসেন ‘আমায় ডেকো না’, নাটাই ব্যান্ডের শিল্পী আল তুষি ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, অধ্যয়ন ব্যান্ডের শিল্পী আরাফাত রেহমান ‘আগে যদি জানতাম’ ও জলরং ব্যান্ডের শিল্পী নাঈম রহমান ‘পলাতক হৃদয়’ শিরোনামের গানগুলো গেয়ে শোনান।
আয়োজনে সবশেষে সাতটি ব্যান্ডের শিল্পীরা সমবেত কণ্ঠে গাইলেন ‘চলো না ঘুরে আসি অজানাতে’ ও ‘এই নীল মণিহার’ গানটি।