বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) একটি প্রকল্পে ৪৫০টি সিলিং ফ্যান কেনার জন্য মোট ব্যয় ধরেছে ৫ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ কোটি ৫৫ লাখ! (সূত্র: সমকাল, ২৩ মে ২০১৭) অর্থাৎ প্রতিটি ফ্যানের দাম পড়ছে প্রায় এক লাখ এক হাজার টাকা! অস্বাভাবিক মূল্যের এই ফ্যান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যান-ফলোয়ারদের মধ্যে কৌতূহলের সীমা নেই। জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই ফ্যান দেখতে কেমন? কী কী সুবিধা থাকতে পারে এই ফ্যানগুলোতে? লাখ টাকা দামের গবেষণা করে ফ্যানগুলো সম্পর্কে তথ্য বের করেছেন রাফি আদনান

* এই ফ্যান যেহেতু বিটিসিএল কিনছে, তাই এতে থাকবে দ্রুতগতির ওয়াই-ফাই প্রযুক্তি। ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া হাতের মুঠোয় আনার উদ্দেশ্যে বিটিসিএল এমন ফ্যান ব্যবহার করে দেশের যোগাযোগব্যবস্থাকে আরও দেড় ধাপ এগিয়ে দিল।
* এই ফ্যানগুলোতে থাকতে পারে উচ্চশক্তির ব্যাটারি, যা লোডশেডিং চলাকালীনও নিজস্ব শক্তিতে ঘুরতে পারবে। এমন প্রতিকূল আবহাওয়ায় লোডশেডিং হলে আর কোনো চিন্তা নেই। ঠান্ডা আবহাওয়ার পরশ গায়ে মেখে নিশ্চিন্তে কাজ করা যাবে অনেকক্ষণ।
* এক লাখ টাকা দামের ফ্যান হতে পারে ভূমিকম্প প্রতিরোধক। উচ্চমাত্রার ভূমিকম্পে কোনো ভবন ধসে গেলে দামি এই ফ্যানগুলোর কিছুই হবে না। ওগুলো বহাল তবিয়তে শূন্যে ঝুলে থাকতে পারবে।
* একের ভেতর অনেক কিছু টাইপের বস্তু হতে পারে লক্ষাধিক টাকার এই ফ্যানগুলো। এগুলো বিদ্যুৎ-সাশ্রয়ী আবার একই সঙ্গে এগুলো ফ্রিজের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। এই ফ্যানগুলোর নিচে পানির বোতল রাখলে মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে এবং বেশ কিছুক্ষণ রাখলে বরফে রূপান্তরিত হবে।
* যানজটের সময় এই ফ্যানগুলো হতে পারে দারুণ কার্যকর। এগুলো এতটাই চৌকস হতে পারে যে যানজটের সময় বাস, অটোরিকশা বা ব্যক্তিগত গাড়ির ছাদে যুক্ত করে দিলে মুহূর্তেই হেলিকপ্টারে রূপান্তরিত হয়ে যাবে।
* বিলাসী এই ফ্যানগুলো শুধু গ্রীষ্মকালের জন্য ব্যবহৃত হবে না। এগুলো হবে ষড়্ঋতুর ফ্যান। শীতকালে এগুলোর বাতাস হবে গরম।
* এই ফ্যানে থাকতে পারে উন্নত প্রযুক্তির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তীব্র গরমে বাইরে থেকে ঘরে পা রাখার সঙ্গে সঙ্গে শক্তিশালী সেন্সরের সাহায্যে আপনার উপস্থিতি বুঝে নেবে, চালু হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আবার ঘরে কারও উপস্থিতি টের না পেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুতের অপচয়ও আর হবে না।
* ফ্যানের সঙ্গে যুক্ত থাকতে পারে উন্নতমানের ক্লোজড সার্কিট ক্যামেরা। দুর্নীতি দমন, চোর ধরা বা অন্যান্য অপরাধ দমনে রাখতে পারে বিশেষ ভূমিকা। যেসব মামলা প্রমাণের অভাবে ঝুলে থাকে যুগের পর যুগ, এই ফ্যান দেবে সমাধানের সূত্র।
* লাখ টাকা দামের ফ্যানগুলো পরিবেশবান্ধবও হতে পারে। গাছপালার অভাবে বাতাসে ক্রমশ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই ফ্যান গাছপালার বিকল্প হিসেবে মনুষ্য-নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে পরিবেশ ভালো রাখবে।
* মানসিক অবসাদ দূর করতে এই ফ্যানের বাতাসে থাকতে পারে বৈচিত্র্য। অফিস থেকে ছুটি না পাওয়ায় সমুদ্র দেখা হচ্ছে না, পাহাড়ে উঠে গায়ে পাহাড়ি বাতাস লাগানো যাচ্ছে না? এই ফ্যানটির ভেতরে সম্ভবত এমন কিছু সুবিধা থাকতে পারে। আপনি সমুদ্রের বাতাস উপভোগ করতে চাইলে ১ চাপবেন, পাহাড়ের চূড়ার বাতাস উপভোগ করতে চাইলে চাপবেন ২।
* বিটিসিএলের লক্ষাধিক টাকার এই ফ্যান ব্যবহার করলে পেতে পারেন আজীবন ফ্রি ইনকামিং ও আউটগোয়িং কল। এ ছাড়া ফ্রি রোমিংসহ নানান সুবিধা। ফ্যানের সঙ্গেই যুক্ত থাকবে বিশেষ ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক, যার সাহায্যে কল ড্রপ বা কম গতির ইন্টারনেটের সমাধানও মিলবে।
* এই ফ্যানের ডানা ভেঙে ছোট করে যেখানে খুশি নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে পারে। এই সুবিধার ফলে কোথাও গরমের কারণে কষ্ট হবে না। আরও থাকতে পারে মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ দেওয়ার ব্যবস্থা।